মার্কিন নাগরিক ও খালিস্তানপন্থী গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা হত্যা ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের কাছে সমন পৌঁছে দিতে ভারতীয় আদালতের সহায়তা চেয়েছে নিউইয়র্কের আদালত। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সাবেক ‘র’ প্রধান সামন্ত গোয়েলসহ আরও কয়েকজনের বিরুদ্ধে পান্নুন এই মামলা দায়ের করেছেন। তাদের আদালতে হাজির করার জন্য নিউইয়র্ক আদালত আগেই সমন জারি করেছিল। এখন সেই সমনগুলো দোভাল ও গোয়েলদের ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য দিল্লির তিনটি আদালতের কাছে অনুরোধ জানানো হয়েছে।

নিউইয়র্ক ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফাইল্লা দিল্লির পাতিয়ালা হাউস আদালত, দ্বারকা আদালত ও তিস হাজারী আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন যেন তারা সমনগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের ঠিকানায় পাঠিয়ে দেন। দ্য হেগ কনভেনশনের নিয়ম মেনেই এই অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে।

বিচারপতি ফাইল্লা দিল্লির আদালতগুলোর কাছে এই অনুরোধ করেছেন যে, সমন পৌঁছে দেওয়ার বিষয়ে তারা কী পদক্ষেপ নিচ্ছেন, তা যেন লিখিতভাবে যুক্তরাষ্ট্রের আদালতকে অবহিত করা হয়।

এদিকে সরকারি সূত্রের বরাত দিয়ে সর্বভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সমন জারিতে সহায়তা করার এই বিষয়টি বাধ্যতামূলক নয়।

উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ২০২৩ সালে চেক প্রজাতন্ত্র থেকে নিখিল গুপ্তা নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। পান্নুন হলেন খালিস্তানপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’–এর প্রতিষ্ঠাতা।

মার্কিন পুলিশ নিখিল গুপ্তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে এসে বিচারের মুখোমুখি করে। বিচারে নিখিল দোষী সাব্যস্ত হয়েছেন এবং তিনি নিজেই নিজের অপরাধ স্বীকার করেছেন। আগামীকাল শুক্রবার নিউইয়র্কের আদালত তাঁর সাজা ঘোষণা করবেন বলে জানা গেছে।

২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর পান্নুন তাঁর হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনে মামলা দায়ের করেন। এই মামলায় অজিত দোভাল, সামন্ত গোয়েল, নিখিল গুপ্তা ও বিকাশ যাদবকে আসামি করা হয়।

পান্নুনের দাবি, তাঁকে হত্যার পুরো চক্রান্তটি করেছিলেন অজিত দোভাল এবং তিনিই ছিলেন এই ষড়যন্ত্রের মূল চক্রী। দোভাল ও অন্যদের বিরুদ্ধে মামলার সমন আগে ভারতীয় দূতাবাসের মাধ্যমে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। এবার দিল্লির তিনটি আদালতের মাধ্যমে সেই সমন পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হলো।

তবে ভারত সরকার শুরু থেকেই এই অভিযোগকে ‘সাজানো ও মনগড়া’ বলে দাবি করে আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেছিলেন, “ভারতীয় উচ্চপদস্থ কর্তাদের বিরুদ্ধে আনা ওই অভিযোগ শুধু সাজানো ও মনগড়াই নয়, তা বিদ্বেষপূর্ণও। মামলাটিও অসাড়। ভারত তা প্রত্যাখ্যান করছে।”

জয়সোয়াল আরও উল্লেখ করেন যে, সমনের মতো বিচার বিভাগীয় নথি কেবল নির্দিষ্ট মনোনীত সংস্থার মাধ্যমেই জারি করা সম্ভব। এই ক্ষেত্রে সেই মনোনীত সংস্থা হলো আইন ও বিচার মন্ত্রণালয়।

অন্যদিকে পান্নুন মার্কিন আদালতকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি তিনবার অজিত দোভালকে সমন দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ভারত মনোনীত কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে সমন জারির সাধারণ প্রক্রিয়াটি সফল না হওয়ায় হেগ কনভেনশন অনুযায়ী এই বিকল্প পথ অবলম্বন করতে হয়েছে বলে তিনি দাবি করেন।