চীনের শেনঝেনে আয়োজিত এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গোলটেবিল বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যখন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করছিলেন, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর ঘুমে আচ্ছন্ন। ভিডিওতে দেখা যায়, তাঁর মাথাটি বাঁ দিকে সামান্য কাত হয়ে আছে।

সে সময় চীনের প্রেসিডেন্ট অবাধ ও মুক্ত বাণিজ্যের গুরুত্ব বিষয়ে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তে ক্যামেরার ফোকাস মার্কিন প্রেসিডেন্টের দিকে ঘুরে যায় এবং প্রায় ১০ সেকেন্ড ধরে তাঁকে ঘুমানোর অবস্থায় দেখা যায়। ভিডিওর শেষ পর্যায়ে তাঁকে চোখ সামান্য পিটপিট করতে দেখা গেলেও বোঝা যাচ্ছিল যে, তিনি ঘুম তাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু চোখের পাতাগুলো যেন কিছুতেই নড়ছিল না।

মজার বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্প নিজেই তাঁর পূর্বসূরি জো বাইডেনের জনসমক্ষে ঘুমিয়ে পড়ার তীব্র সমালোচনা করেছিলেন। উল্লেখ্য, বাইডেন তাঁর চেয়ে তিন বছরের বড়। ট্রাম্প প্রায়ই তাঁকে ‘ঘুমকাতুরে জো’ বলে কটাক্ষ করতেন এবং একই সঙ্গে তাঁর কর্মশক্তি ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও নানা প্রশ্ন তুলেছিলেন।

নিউজউইকের একটি প্রতিবেদন অনুযায়ী, চায়না সেন্ট্রাল টেলিভিশনের ধারণ করা এই ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্পের মতো সমালোচকরা তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে, ‘বিশ্বমঞ্চে বিব্রতকর পরিস্থিতি’।

ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে পরিচিত। এর আগেও বিভিন্ন জনসমক্ষে অনুষ্ঠানে তাঁকে কয়েকবার ঘুমিয়ে পড়তে বা ঝিমোতে দেখা গেছে, যার ফলে তাঁর বয়স এবং কর্মক্ষমতা নিয়ে দীর্ঘকাল ধরে প্রশ্ন উঠছিল।

তবে জনসমক্ষে ঘুমিয়ে পড়ার এই অভিযোগগুলো ট্রাম্প বরাবরই জোরালোভাবে অস্বীকার করে এসেছেন। চলতি বছরের জানুয়ারিতে এ ধরনের অভিযোগের জবাবে ট্রাম্প বলেছিলেন, বৈঠকগুলো তাঁর কাছে ‘আরামদায়ক’ মনে হয়। সেবার তিনি দাবি করেছিলেন, তিনি ঘুমিয়ে পড়েননি, বরং কেবল চোখের পলক ফেলেছিলেন মাত্র।

বাইডেনকে প্রায়ই উপহাস করলেও ২০২৫ সাল থেকে জনসমক্ষে ট্রাম্পের ঘুমিয়ে পড়ার মতো বেশ কিছু ভিডিও বারবার সামনে এসেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তর একবার ট্রাম্পকে ‘ঘুমকাতুরে ডন’ বলে কটাক্ষ করেছিল।

বর্তমানে ৮০ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি জো বাইডেনের আগের রেকর্ডটি ছাড়িয়ে যান।