গ্রেপ্তার হওয়া দুই শ্রমিকনেতা সুলতানা বেগম ও মো. ইলিয়াসের অবিলম্বে মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্রের দুটি প্রভাবশালী সংগঠন—আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) ও ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন (এফএলএ)।

গত বুধবার এক যৌথ বিবৃতির মাধ্যমে এই দাবি জানিয়েছে সংগঠন দুটি। তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ন্যূনতম মজুরি অর্থবহভাবে পুনর্নির্ধারণের লক্ষ্যে আয়োজিত একটি ওয়েবিনারে অংশ নেওয়ার পর গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের (জিবিজিডব্লিউএফ) সভাপতি সুলতানা বেগম এবং সাধারণ সম্পাদক মো. ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, এই সংগঠনটি প্রায় ৬৫ হাজার শ্রমিকের প্রতিনিধিত্ব করে আসছে।

যুক্তরাষ্ট্রের পোশাক ও জুতাশিল্পের ব্যবসায়ীদের সংগঠন এএএফএ এবং আন্তর্জাতিক শ্রম অধিকারবিষয়ক সংগঠন এফএলএ তাদের যৌথ বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেছে, এই দুই শ্রমিকনেতা এখনো কারাগারে আটক রয়েছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে বলা হয়েছে, তারা ন্যায্য ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে দ্রুত ও শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়ে আসছিল। কিন্তু দুই শ্রমিকনেতাকে গ্রেপ্তার ও আটক রাখায় সেই পুরো প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে দায়িত্বশীল পোশাক সরবরাহকারী দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেছে তারা।

এএএফএ এবং এফএলএ আরও উল্লেখ করেছে, ‘বাংলাদেশ সরকার যখন ন্যূনতম মজুরি পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে, তখন আমরা সরকারকে শ্রমিক ও ট্রেড ইউনিয়নগুলোর সংগঠন করার স্বাধীনতার অধিকারকে সম্মান করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এমন ন্যায্য মজুরির দাবির প্রতিও সম্মান দেখাতে বলছি, যাতে পোশাকশ্রমিকেরা নিজেদের ও পরিবারের ভরণপোষণ করতে পারেন।’

শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের ওপর চালানো সহিংসতা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের এই দুই সংগঠন বলেছে, ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া চলাকালে এবং এরপরও সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষকে প্রকাশ্যে এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানাচ্ছি।

এর আগে বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিবছর পর্যালোচনা করার সুপারিশ করেছে এএএফএ। পোশাক ও জুতাশিল্পের ব্যবসায়ীদের এই সংগঠনটি জানিয়েছে, ২০২৩ সালের পর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সমন্বয় করা হয়নি। অথচ এই সময়ের মধ্যে মূল্যস্ফীতি অনেক বেড়েছে। পাশাপাশি জ্বালানির উচ্চ মূল্যের কারণে বাংলাদেশের সাধারণ পরিবারগুলোর ওপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে।

গত ১৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা এক চিঠিতে এএএফএ এই সুপারিশগুলো পেশ করে। সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন লামার স্বাক্ষরিত ওই চিঠিতে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনার পাশাপাশি তাঁদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকেই পোশাকশিল্পের শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার ওই বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব পেশ করেন।

গত সোমবার শ্রম ভবনে তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। এরপর থেকেই শিল্পাঞ্চলগুলোতে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। গতকাল বুধবার সাভার–আশুলিয়া, গাজীপুর ও ঢাকার মিরপুর এলাকায় ৩৯৯টি কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ১২৯টি কারখানা। বাকি ২৭০টি কারখানা ছুটি দিতে বাধ্য হয়েছে।