বাংলাদেশে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিবছর পর্যালোচনার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যবসায়িক সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। পোশাক ও জুতাশিল্পের ব্যবসায়ীদের এই সংগঠনটি উল্লেখ করেছে যে, ২০২৩ সালের পর থেকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি আর সমন্বয় করা হয়নি। অথচ এই সময়ের মধ্যে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জ্বালানির উচ্চমূল্যের কারণে বাংলাদেশের সাধারণ পরিবারগুলোর ওপর জীবনযাত্রার বাড়তি চাপ তৈরি হয়েছে।
গত ১৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা এক চিঠিতে এএএফএ এই সুপারিশগুলো উত্থাপন করেছে। সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন লামারের স্বাক্ষরিত ওই চিঠিতে তৈরি পোশাক শ্রমিকদের মজুরি পর্যালোচনার পাশাপাশি তাঁদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এএএফএ-র মতে, যদি প্রতিবছর ন্যূনতম মজুরি পর্যালোচনার একটি স্থায়ী ব্যবস্থা থাকে, তবে শ্রমিকদের ক্রয়ক্ষমতা ধরে রাখা অনেক সহজ হবে। একই সঙ্গে মজুরি নির্ধারণ নিয়ে যে অস্থিরতা ও উত্তেজনা বারবার তৈরি হয়, তা কমিয়ে আনা সম্ভব হবে। এর ফলে শ্রমিক এবং নিয়োগকর্তা—উভয় পক্ষই মজুরি সমন্বয়ের বিষয়টি সম্পর্কে আগে থেকে অবগত থাকতে পারবেন এবং ধাপে ধাপে তা কার্যকর করতে পারবেন।
ন্যূনতম মজুরি পর্যালোচনার ক্ষেত্রে তিনটি প্রধান বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে সংগঠনটি। প্রথমত, মজুরি নির্ধারণের প্রক্রিয়াটি হতে হবে অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং তথ্য-প্রমাণভিত্তিক। এই আলোচনায় শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নসহ সব প্রাসঙ্গিক অংশীজনকে অন্তর্ভুক্ত করতে হবে।
দ্বিতীয়ত, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নীতিমালা অনুসরণ করে ন্যূনতম মজুরি এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে শ্রমিকেরা তাদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি কিছুটা অতিরিক্ত ব্যয় করার সক্ষমতা অর্জন করেন। তবে এই প্রক্রিয়ায় মূল্যস্ফীতির চাপ এবং বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।
তৃতীয়ত, কার্যকর ও স্বচ্ছ ত্রিপক্ষীয় আলোচনা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মনে করে সংগঠনটি।
বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছে এএএফএ। সংগঠনটি জানিয়েছে, পণ্যের দাম নির্ধারণের সময় শ্রম ব্যয় যথাযথভাবে বিবেচনায় নিতে হবে। তাদের সদস্যপ্রতিষ্ঠানগুলো এই দায়িত্বশীল ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়েছে।
চিঠিতে সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভের প্রসঙ্গ টেনে এএএফএ বলেছে, ন্যূনতম মজুরি পর্যালোচনার সময় এবং তার পরবর্তী সময়ে আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। তারা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধ করার এবং ইউনিয়ন নেতাদের গ্রেপ্তার না করার আহ্বান জানিয়েছে।
শ্রমিক ইউনিয়নের সদস্যদের ওপর হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে এএএফএ। সংগঠনটি মনে করে, শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা এবং যৌথ দর-কষাকষির অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি শ্রমিকেরা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন, তেমন পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
এএএফএ-র বিশ্বাস, শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে মজুরি নির্ধারণকারী প্রতিষ্ঠানের ওপর আস্থা বাড়বে। এতে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সামাজিক সংলাপ বৃদ্ধি পাবে এবং আলোচনার মাধ্যমে মজুরি সমন্বয়ে যে ঐকমত্য হবে, তার বাস্তবায়নও সহজ হবে।
বাংলাদেশে ন্যূনতম মজুরি বোর্ড গঠন এবং মজুরি পর্যালোচনার বিষয়ে সরকার, বিজিএমইএ ও শ্রমিক প্রতিনিধিদের যৌথভাবে কাজ করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে এএএফএ। সংগঠনটি আশা প্রকাশ করেছে যে, সব পক্ষের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক আলোচনা হবে। এর মাধ্যমে দ্রুত এমন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে, যেখানে সংশ্লিষ্ট সবার মতামতের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটবে।
প্রধানমন্ত্রীকে লেখা এই চিঠির অনুলিপি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরকে পাঠানো হয়েছে।