অনেকেরই রাত জেগে থাকার অভ্যাস রয়েছে, যা স্বাস্থ্যের জন্য মোটেও সুখকর নয়। তবে কেবল নির্দিষ্ট সময়ে বিছানায় গেলেই যে ঘুম চলে আসবে, তা সবসময় ঘটে না। আমাদের জীবনযাত্রার নানা বিষয় এবং চারপাশের আলোর প্রভাব ঘুমের ওপর গভীর প্রভাব ফেলে। এই বিষয়ে রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের নিউরোমেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডা. ইসরাত জেরিন আলম-এর সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন রাফিয়া আলম।
বিশেষজ্ঞদের মতে, আমাদের শরীরের ঘুমের চক্র বা সার্কাডিয়ান রিদম আলোর রং ও তীব্রতার ওপর নির্ভর করে। সূর্যোদয়ের পর যে আলো চারদিকে ছড়িয়ে পড়ে, তা আমাদের শরীর ও মনে কর্মচাঞ্চল্য বাড়িয়ে দেয়। অন্যদিকে, সূর্যাস্তের সময়কার গাঢ় লাল আভা এবং রাতের স্বাভাবিক অন্ধকার বা কালো রং আমাদের ঘুমের জন্য সহায়ক হিসেবে কাজ করে।
তবে বর্তমান যুগের শহুরে জীবনে প্রকৃতির এই স্বাভাবিক নিয়মের ব্যাপক পরিবর্তন ঘটেছে। শহরের রাত এখন আলোর মেলায় পরিণত হয়েছে। ঘরে ও বাইরে উজ্জ্বল আলোর আধিক্য। অনেকে পড়াশোনা কিংবা পেশাগত কারণে গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকেন। আবার কেউ কেউ সময় কাটান মুঠোফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইসে। কারও চোখ থাকে টেলিভিশনের পর্দায়, আবার কেউ রাতের শহর ‘এক্সপ্লোর’ করতে বের হন কিংবা রাতবিরাতে খেতে যান। চারদিকে শুধু আলোর ভিড়। এমনকি ঘুমের সময়ও অনেকে বিভিন্ন রঙের ডিমলাইট ব্যবহার করে থাকেন।
মানুষ নিজের প্রয়োজনে রাতের এই কর্মব্যস্ত পরিবেশ তৈরি করলেও এর ফলে অনেকের ঘুমের মারাত্মক ক্ষতি হচ্ছে। রাত বারোটা পেরিয়ে গেলেও অনেকের চোখে ঘুম আসে না। এর অন্যতম কারণ হলো নীল আলো। নীল আলো শরীরে মেলাটোনিনের নিঃসরণ কমিয়ে দেয়। মেলাটোনিন হলো ঘুমের জন্য দায়ী প্রধান হরমোন। ফলে নীল আলো ঘুমকে দূরে সরিয়ে দেয়। তবে মনে রাখা প্রয়োজন, নীল আলোর উৎস মানেই যে কেবল নীল রঙের বাল্ব, তা নয়। মুঠোফোন, ট্যাবলেট, টেলিভিশন, কম্পিউটার, গেমিং সিস্টেম, এলইডি বাল্ব এবং ফ্লুরোসেন্ট বাল্ব—সবই নীল আলোর উৎস। এছাড়া যেকোনো রঙের তীব্র উজ্জ্বল আলোয় দীর্ঘক্ষণ সময় কাটানোর পর হঠাৎ করে ঘুমিয়ে পড়াও বেশ কঠিন হয়ে পড়ে।
দেরি করে ঘুমানোর অভ্যাসটি স্বাস্থ্যকর নয়। তবে কেবল নির্দিষ্ট সময়ে ঘুমাতে গেলেই ঘুম আসবে না; ঘুমের আগে আপনি কেমন আলোতে থাকছেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সন্ধ্যাবেলায় কিংবা ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগেই ঘরের আলোর তীব্রতা কমিয়ে রাখা উচিত। এই সময়ে ঘরে হলুদ, কমলা বা লাল রঙের আলো ব্যবহার করার চেষ্টা করুন। সন্ধ্যাবেলায় বাইরে থেকে আসা আলো আটকাতে পর্দা টেনে দিতে পারেন, যাতে বাতাস আসে কিন্তু বাইরের তীব্র আলো ঘরে না ঢোকে। চলাফেরা, পড়াশোনা বা অন্যান্য প্রয়োজনীয় কাজের জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন, তবে সেক্ষেত্রে ওয়ার্ম বা হলুদাভ আলো ব্যবহার করা শ্রেয়।
ঘুমের দুই-তিন ঘণ্টা আগে থেকে মুঠোফোন ও টেলিভিশনের মতো নীল আলোর উৎসগুলো ব্যবহার বন্ধ করা সবচেয়ে ভালো। যদি একান্তই প্রয়োজন হয়, তবে স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করুন। সম্ভব হলে নাইট মোড চালু করুন এবং সেটিও খুব অল্প সময়ের জন্য ব্যবহার করুন। এছাড়া মানসম্মত ব্লু লাইট ব্লকিং গ্লাস ব্যবহার করা যেতে পারে। সবচেয়ে ভালো অভ্যাস হলো অন্ধকার ঘরে ঘুমানো। যদি ডিমলাইট ব্যবহার করতেই হয়, তবে রং বাছাই করুন সতর্কতার সাথে। লাল রং ঘুমের জন্য সবচেয়ে ভালো। এছাড়া হলুদ বা কমলা রঙের আলোও বেছে নিতে পারেন। তবে নীল ডিমলাইট একেবারেই ব্যবহার করবেন না। নীলের মতো অতটা ক্ষতিকর না হলেও সবুজ ডিমলাইট এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে।