প্রতিদিন রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস যে আপনার রক্তচাপের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে, তা কি আপনি জানেন? উচ্চ রক্তচাপকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় 'নীরব ঘাতক'। এর কারণ হলো, অনেক ক্ষেত্রে কোনো দৃশ্যমান লক্ষণ ছাড়াই উচ্চ রক্তচাপ শরীরের ভেতরে দীর্ঘমেয়াদী ক্ষতি করতে থাকে। মূলত হৃদ্রোগ এবং স্ট্রোকের অন্যতম প্রধান ঝুঁকির কারণ হিসেবে এই উচ্চ রক্তচাপ চিহ্নিত করা হয়।
বর্তমান সময়ে রাতে বিছানায় শুয়ে মুঠোফোনে রিল দেখার নেশায় কখন যে এক-দুই ঘণ্টা সময় পার হয়ে যায়, তা অনেকেই বুঝতে পারেন না। অথচ পরদিন সকালে আবার দ্রুত ঘুম থেকে উঠতে হয়। কিন্তু নিয়মিত দেরি করে ঘুমানোর এই অভ্যাস রক্তচাপের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে পারে। যেহেতু উচ্চ রক্তচাপ কোনো উপসর্গ ছাড়াই শরীরের ক্ষতি করে এবং হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কখন ঘুমানো উচিত তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি।
আমাদের মানবদেহ একটি নির্দিষ্ট অভ্যন্তরীণ ঘড়ির নিয়মে পরিচালিত হয়। চিকিৎসকদের ভাষায় একে বলা হয় 'সার্কেডিয়ান রিদম' বা দেহঘড়ি। প্রায় ২৪ ঘণ্টার এই চক্র অনুযায়ী শরীরের তাপমাত্রা, ক্ষুধা, হজম প্রক্রিয়া, হরমোন নিঃসরণ এবং ঘুমের সময় নিয়ন্ত্রিত হয়। রক্তচাপের বিষয়টিও এই দেহঘড়ির নিয়মের বাইরে নয়।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের পুষ্টিবিদ ব্র্যানন ব্লাউন্টের মতে, ঘুম থেকে ওঠার পর সাধারণত রক্তচাপ বাড়তে শুরু করে এবং দিনের বিভিন্ন সময়ে তা ওঠানামা করে। বিপরীতে, ঘুমের সময় রক্তচাপ কমে যায়। এর অর্থ হলো, শরীরের বিশ্রামের সময়ে হৃদ্যন্ত্রও কিছুটা স্বস্তি পায়। তবে ঘুমানোর সময় যদি অনিয়মিত হয়, তবে শরীরের এই স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটতে পারে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে পুষ্টিবিজ্ঞানে স্নাতক করা পুষ্টিবিদ মিশেল রাউথেনস্টেইন বলেন, “অনিয়মিত সময়ে ঘুমানো রক্তচাপের স্বাভাবিক ওঠানামাকে প্রভাবিত করতে পারে।” তাই প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সারাদিন হৃদ্যন্ত্রকে শরীরের প্রতিটি অংশে রক্ত সঞ্চালনের জন্য নিরন্তর কাজ করতে হয়। কিন্তু ঘুমের সময় শরীর যখন বিশ্রামে চলে যায়, তখন রক্তচাপও সাধারণত হ্রাস পায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ‘নকটার্নাল ডিপিং’।
মিশেল রাউথেনস্টেইনের মতে, ঘুমের সময় রক্তচাপ সাধারণত ১০ থেকে ২০ শতাংশ কমে যায়। এর ফলে হৃদ্যন্ত্র ও রক্তনালিগুলো তুলনামূলক কম চাপের মধ্যে কাজ করার সুযোগ পায়। তবে সবার ক্ষেত্রে এই প্রক্রিয়া একইভাবে ঘটে না। কারও কারও ঘুমের সময় রক্তচাপ প্রত্যাশিত মাত্রায় কমে না, যাকে বলা হয় ‘নন-ডিপিং’। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এই নন-ডিপিং অবস্থার সঙ্গে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হার্ট ফেইলিউরের মতো গুরুতর হৃদ্রোগের ঝুঁকি অনেক বেশি থাকে।
তবে মনে রাখা প্রয়োজন যে, কেবল বেশি ঘুমালেই রক্তচাপের এই স্বাভাবিক ওঠানামা নিশ্চিত হবে না। এর জন্য নিয়মিত ঘুম, স্বাস্থ্যকর জীবনযাপন এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য।
অনেকেরই রাত জেগে কাজ করা বা মুঠোফোন দেখার অভ্যাস রয়েছে। মাঝেমধ্যে এমনটা হলে হয়তো বড় কোনো সমস্যা হয় না, কিন্তু নিয়মিত ঘুমের ঘাটতি হলে শরীরের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ঘুমের সময় হৃৎস্পন্দন ধীর হয়, রক্তনালিগুলো শিথিল হয় এবং রক্তচাপ কমে আসে। পর্যাপ্ত ঘুম না হলে এই প্রাকৃতিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
সিঙ্গাপুরের হৃদ্রোগ বিশেষজ্ঞ দেবিন্দর সিংয়ের মতে, অনিয়মিত ঘুমের অভ্যাস শরীরের কোষের স্বাভাবিক কাজেও ব্যাঘাত ঘটাতে পারে। শিফটিং ডিউটি, জেট ল্যাগ কিংবা স্বাভাবিক সময়ের বিপরীতে ঘুমানোর অভ্যাস শরীরের স্নায়ুতন্ত্রকে অতিরিক্ত সক্রিয় করে তুলতে পারে। এর ফলে রক্তনালির কার্যকারিতা ব্যাহত হয় এবং হৃৎপিণ্ডের দেয়াল শক্ত হয়ে যেতে পারে।
কেবল কম ঘুমই নয়, অতিরিক্ত ঘুমও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ৯ ঘণ্টার বেশি ঘুমানোর সঙ্গে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ার একটি সম্পর্ক রয়েছে। তাই ঘুমের সময় খুব বেশি কমানো বা বাড়ানো ঠিক নয়; বরং প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানোর অভ্যাস গড়ে তোলা সবচেয়ে ভালো।
রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমাতে যাওয়ার পক্ষে বেশ কিছু গবেষণার তথ্য পাওয়া যায়। এসব গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে যাঁরা নিয়মিত এই সময়ের মধ্যে ঘুমিয়ে পড়েন, তাঁদের হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক কম হতে পারে। অন্যদিকে, যাঁরা মধ্যরাতের পর ঘুমাতে যান, তাঁদের ক্ষেত্রে হৃদ্রোগের ঝুঁকি বেশি দেখা গেছে।
অবশ্য সবার দৈনন্দিন রুটিন এক নয়। কারও সকালে অফিস, আবার কারও রাতে কাজ। তাই রাত ১০টা বা ১১টায় ঘুমাতেই হবে, এমন কোনো কঠোর নিয়ম নেই। বিশেষজ্ঞদের পরামর্শ হলো, এমন একটি সময় নির্বাচন করুন যাতে প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমের সুযোগ থাকে। উদাহরণস্বরূপ, যদি সকাল ৬টায় উঠতে হয়, তবে রাত ১০টার মধ্যে ঘুমানোর প্রস্তুতি নেওয়া উচিত। আর যদি সকাল ৭টায় উঠতে হয়, তবে রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমানো শ্রেয়।
পরিশেষে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম অত্যন্ত জরুরি। তবে যদি নিয়মিত রক্তচাপের ওঠানামা হয় বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সূত্র: ইটিং ওয়েল