বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য এক ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়িয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবাণুর ওষুধ প্রতিরোধক্ষমতা। এর ফলে বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসা করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। এই গুরুতর সমস্যা মোকাবিলা করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, পরিবেশ ও প্রাণিসম্পদ খাতের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ (১৮-২৪ নভেম্বর) উপলক্ষে গতকাল শনিবার ঢাকায় ‘ন্যাশনাল এএমআর ফেস্ট ২০২৬’ আয়োজন করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ কার্যালয়ের কারিগরি সহায়তায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘এক স্বাস্থ্য, এক উদ্যোগ: এখনই এএমআর প্রতিরোধ করুন’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউএইচওর বাংলাদেশ কার্যালয়ের ডা. অ্যান্টনি এশোফোনি এবং এমআইএসের ডেপুটি চিফ ডা. ফারুক হোসেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিন, মেডিকেল কলেজের শিক্ষকসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা এই আয়োজনে অংশ নেন।

এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল এএমআর বিষয়ক একটি জাতীয় কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে অনলাইনে মোট ৯০৮ জন নিবন্ধন করেন। তাঁদের মধ্য থেকে বাছাই করা সেরা ১০০ জন ১৪ নভেম্বর সরাসরি অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন। বিভিন্ন বিষয়ের জটিল প্রশ্ন এবং দ্রুত সঠিক উত্তর দেওয়ার লড়াইয়ে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাদমান কৌশিক। রানারআপের স্থানটি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রুবাইয়াত আহমেদ। তৃতীয় স্থান অধিকার করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মোহাইমিনুর রহমান। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থান যথাক্রমে অর্জন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মো. আফিফ উল্লাহ এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের মো. মাহদীজামান সাফাত।

অনুষ্ঠানের এক পর্যায়ে ‘এএমআর: দ্য এসেনশিয়াল ১০০’ শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করা হয়। এই বইটিতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সংক্রান্ত ১০০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে। বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় প্রকাশিত এই বইটি আইইডিসিআরের ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বইটির প্রকাশ এবং পুরো আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. জাকির হোসেন হাবিব।

আয়োজকেরা বলেন, “এএমআর প্রতিরোধে অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের দায়িত্বশীল ব্যবহার এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।” শিক্ষা, গবেষণা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এএমআর মোকাবিলায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তাঁরা।