শৈশবেই অভিনয়ের আঙিনায় প্রবেশ, কৈশোরে মেরুদণ্ডের জটিল রোগ এবং ক্যারিয়ারের শুরুর দিকে শত শতবার প্রত্যাখ্যাত হওয়া—সব বাধা পেরিয়ে আজ হলিউডের এক উজ্জ্বল নক্ষত্র শেইলিন উডলি। খ্যাতির সর্বোচ্চ শিখরে পৌঁছেও এক সময় এই অভিনেত্রী হলিউড ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’, ‘ডাইভারজেন্ট’ এবং ‘বিগ লিটল লাইস’-এর মতো জনপ্রিয় কাজগুলোর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। ১৯৯১ সালের ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম তাঁর। সম্প্রতি ৩৫ বছরে পা দিয়েছেন এই অভিনেত্রী। শৈশব থেকেই অভিনয়ের প্রতি তাঁর টান থাকলেও সাফল্যের পথটি মোটেও সহজ ছিল না। তবে সব প্রতিকূলতা জয় করে আজ তিনি হলিউডের অন্যতম পরিচিত মুখ। ২০২৬ সালে ‘প্যারাডাইস’ সিরিজে অসাধারণ অভিনয়ের জন্য প্রথমবারের মতো এমি পুরস্কার জয় করেছেন তিনি। তাঁর জীবনের সেই বন্ধুর পথের গল্পটি এখানে তুলে ধরা হলো।
৫০০ বার প্রত্যাখ্যান, তারপর সাফল্য
মাত্র চার বছর বয়সে মডেলিংয়ের হাতেখড়ি হয় শেইলিনের। পাঁচ বছর বয়স থেকেই তিনি অভিনয়ের প্রশিক্ষণ নিতে শুরু করেন। ১৯৯৯ সালে টেলিভিশন সিনেমা ‘রিপ্লেসিং ড্যাড’-এর মাধ্যমে পর্দায় তাঁর অভিষেক ঘটে। এরপর ‘দ্য ডিস্ট্রিক্ট’, ‘ক্রসিং জর্ডান’ এবং ‘দ্য ওসি’-সহ বেশ কিছু টেলিভিশন সিরিজে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন তিনি। তবে শুরুর দিনগুলো ছিল অত্যন্ত কঠিন। ২০১৪ সালে ভ্যানিটি ফেয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে শেইলিন সেই অভিজ্ঞতার কথা জানান। তিনি জানান, একটি বিজ্ঞাপনে কাজের সুযোগ পাওয়ার আগে প্রায় ৫০০ বার প্রত্যাখ্যাত হয়েছিলেন। অবশেষে একটি হোন্ডা গাড়ির বিজ্ঞাপনে সুযোগ পান তিনি। পরবর্তীতে প্রায় ৪০টি বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি। এতবার প্রত্যাখ্যাত হয়েও দমে যাননি শেইলিন, অভিনয় চালিয়েই যান। তাঁর ভাগ্যের চাকা ঘোরে ২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডিসেনড্যান্টস’ সিনেমার মাধ্যমে। আলেকজান্ডার পেইন পরিচালিত এই ছবিতে জর্জ ক্লুনির মেয়ের চরিত্রে অভিনয় করেন শেইলিন। তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয় এবং এই ছবির জন্য তিনি গোল্ডেন গ্লোব মনোনয়ন ও ইনডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড লাভ করেন।
১৩ বছর ধরে সাফল্যের পথচলা
গত ১৩ বছর ধরে শেইলিন একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে উঠেছেন। ২০১৩ সালে ‘দ্য স্পেকটাকুলার নাউ’ সিনেমায় তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়। পরের বছরই মুক্তি পায় তাঁর ক্যারিয়ারের অন্যতম মাইলফলক সিনেমা ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’। জন গ্রিনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে ক্যানসারে আক্রান্ত কিশোরী হ্যাজেল গ্রেস ল্যাঙ্কাস্টারের চরিত্রে অভিনয় করেন তিনি। সহশিল্পী ছিলেন অ্যানসেল এলগর্ট। প্রেম, অসুস্থতা, মৃত্যু এবং জীবনের প্রতি ভালোবাসার এক অনন্য গল্পে শেইলিনের অভিনয় দর্শক ও সমালোচক—উভয় পক্ষেরই মন জয় করে। বিশ্বজুড়ে ছবিটি ৩০ কোটি ডলারের বেশি আয় করে। একই বছর ‘ডাইভারজেন্ট’ এবং পরবর্তীতে ‘ইনসার্জেন্ট’ ও ‘অ্যালিজিয়েন্ট’ এবং ‘স্নোডেন’ সিনেমাগুলো তাঁর ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করে। সেই ধারাবাহিকতায় এ বছর ‘প্যারাডাইস’ সিরিজে অ্যানি চরিত্রে অভিনয়ের জন্য প্রথমবার এমি পুরস্কার জেতেন তিনি।
জীবনের কঠিন সময়
ক্যারিয়ারের শুরুর দিকে শারীরিক জটিলতার মুখোমুখি হতে হয়েছিল শেইলিনকে। ১৫ বছর বয়সে তাঁর ইডিওপ্যাথিক স্কোলিওসিস ধরা পড়ে, যা মূলত মেরুদণ্ডের এক ধরনের বক্রতা। অন্যদিকে, পেশাগত জীবনে সাফল্য পেলেও হলিউডের চাকচিক্যময় জীবনযাপন তাঁকে সব সময় স্বস্তি দেয়নি। খ্যাতি ও প্রচারের প্রবল চাপ তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। ২০১৮ সালে পোর্টার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের এমন একটি সময় এসেছিল, যখন প্রায় হলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ‘বিগ লিটল লাইস’ সিরিজের অভিজ্ঞতা তাঁকে পুনরায় অভিনয়ের প্রতি আগ্রহী করে তোলে। ব্যক্তিগত জীবনেও তিনি পার করেছেন অত্যন্ত কঠিন সময়। ২০২৩ সালে পোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক বাগ্দত্তা অ্যারন রজার্সের সঙ্গে বিচ্ছেদের পরবর্তী সময়টিকে জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি হিসেবে বর্ণনা করেন তিনি। ওই সময়ে তিনি ‘থ্রি উইমেন’ সিরিজের শুটিং করছিলেন। তাঁর ভাষায়, ব্যক্তিগত জীবনের অস্থিরতা ও শুটিংয়ের অভিজ্ঞতা মিলিয়ে সময়টি ছিল ভীষণ কঠিন।
নিজের বাড়ি ছেড়ে বন্ধুর বাসায় রাত কাটানো
শেইলিনের জীবনযাপনের একটি বিশেষ ঘটনা একসময় হলিউডে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ২০১৪ সালে ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানে তিনি জানান, নিজের বাড়িটি তিনি তাঁর দাদিকে দিয়ে দিয়েছিলেন। এরপর কোনো স্থায়ী ঠিকানায় না থেকে একটি ছোট হাতব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘুরে বেড়াতেন তিনি। থাকার জায়গা না থাকায় এমনও হয়েছে যে বন্ধুর বাসার সোফায় রাত কাটাতে হয়েছে তাঁকে। শুধু তাই নয়, প্রায়ই তিনি অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় অবস্থান করতেন। এল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, বস্তুগত সম্পদের চেয়ে অভিজ্ঞতা এবং মানুষের সঙ্গে সম্পর্ক তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তবে পরবর্তীতে পোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘ সময় এভাবে কাটানোর পর তাঁর মনে নিজের একটি বাড়ি বা স্থায়ী ঠিকানার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল।
প্রেম, বাগ্দান ও ব্যক্তিগত জীবন
ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে পছন্দ করেন না শেইলিন। ২০১৮ সালে ফিজিয়ান-অস্ট্রেলীয় রাগবি খেলোয়াড় বেন ভোলাভোলার সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আসে, তবে পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ হয়। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ফুটবল তারকা অ্যারন রজার্সের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি এবং ২০২১ সালে তাঁদের বাগ্দানের খবর সামনে আসে। তবে ২০২২ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। ব্যক্তিগত সম্পর্কের বাইরে তিনি নিজের কাজ, পরিবেশবাদী কর্মকাণ্ড এবং নতুন সব প্রকল্পের প্রতি মনোযোগী হন। অভিনয়ের পাশাপাশি পরিবেশ রক্ষার আন্দোলনেও সক্রিয় তিনি। ২০১০ সালে মায়ের সঙ্গে মিলে ‘অল ইট টেকস’ নামে একটি অলাভজনক সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি। তরুণদের মধ্যে সহমর্মিতা, দায়িত্ববোধ এবং পরিবেশ সচেতনতা তৈরিতে কাজ করে এই প্রতিষ্ঠানটি। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটায় ডাকোটা অ্যাকসেস পাইপলাইনবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
সম্পদের পরিমাণ ও জীবনদর্শন
ভোগ ডটকমের তথ্য অনুযায়ী, শেইলিন উডলির আনুমানিক সম্পদের পরিমাণ ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৭ বা দেড় শ কোটি টাকা। এছাড়া আইএমডিবি-তে উল্লেখ করা হয়েছে যে, সিরিজের প্রতি পর্বে তাঁর পারিশ্রমিক ৪০ হাজার ডলার। এই অভিনেত্রী জীবনকে দেখেন নিজের বিশ্বাস, স্বাধীনতা ও মূল্যবোধের আলোকে। তাঁর কাছে সাফল্যের সংজ্ঞা শুধু খ্যাতি বা অর্থ উপার্জন নয়; বরং নিজের মতো করে বাঁচা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং যে কাজে প্রকৃত পরিবর্তন আনা সম্ভব, সেখানে সময় ও শক্তি ব্যয় করাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
শেইলিন মনে করেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা—তা ভালো হোক বা কঠিন—মানুষকে নতুন করে চিনতে শেখায়। হলিউডের ঝলমলে জীবন থেকে দূরে প্রকৃতির কাছাকাছি থাকা, ভ্রমণ করা এবং পরিবেশ ও সামাজিক ন্যায়বিচার নিয়ে কাজ করার মধ্যেই তিনি জীবনের প্রকৃত অর্থ খুঁজে পান। এই কারণেই তিনি প্রচুর ভ্রমণ করতে পছন্দ করেন। ন্যাশনাল জিওগ্রাফিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “টাকা বাঁচাতে আমি প্রতিদিন একই খাবার খেতে পারি। কিন্তু ভ্রমণ, নতুন জায়গা দেখা ও অভিজ্ঞতা অর্জনের জন্য খরচ করতে আমার আপত্তি নেই। বস্তুগত সম্পদের চেয়ে অভিজ্ঞতা থেকেই আমি বেশি আনন্দ পাই।”