জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক তহবিলের দিকে বাংলাদেশ সরকারের অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ ভেন্যুর বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে কোনোভাবেই দায়ী না হলেও এর বেশি নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর; কিন্তু বিগত জলবায়ু সম্মেলনগুলো থেকে যে পরিমাণ তহবিল পেয়েছে, তা প্রতিশ্রুতির ৯ শতাংশের কম; এবং যার মধ্যে আবার বেশির ভাগই ঋণে পাওয়া তহবিল।” তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে এ ধরনের ঋণের চেয়ে অনুদানভিত্তিক তহবিলের দিকে সরকারকে জোর দিতে হবে।
তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে কথা বলে মাহবুবুল আলম সালেহী বলেন, “আগে জলবায়ু তহবিলে যেসব আন্তর্জাতিক ফান্ড এসেছে, তা খরচে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে।” তাই আগামীতে যে বরাদ্দ আসতে যাচ্ছে, সেখানে দুর্নীতি বন্ধের জন্য নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করার দাবি জানান তিনি।
বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পাঁচটি জরুরি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জামায়াতের প্রতিনিধিদল। এই প্রসঙ্গে সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী বলেন, বাংলাদেশের জন্য যে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ যেন পায়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এই তহবিলের অর্থ যেন পুরোপুরি দুর্নীতিমুক্তভাবে ব্যবহার করা হয়, সেটিও নিশ্চিত করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে পরিবেশ রক্ষায় জামায়াতের বিশেষ পরিকল্পনা ‘থ্রি জিরো ভিশন’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মাহবুবুল আলম সালেহী। এই ভিশনের আওতায় তিনি জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশনের কথা উল্লেখ করেন। তিনি জানান, জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন সাইড ইভেন্টে এই ‘থ্রি জিরো ভিশন’ তুলে ধরা হয়েছে। পাশাপাশি পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে বাংলাদেশসহ পুরো বিশ্বকে রক্ষা করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জামায়াত ইসলামীর এই সংসদ সদস্য আরও বলেন, জলবায়ু পরিবর্তন কিংবা পরিবেশ রক্ষা কোনো রাজনৈতিক, ধর্মীয় কিংবা আঞ্চলিক ইস্যু নয়। তাই এ বিষয়ে সব পক্ষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত তহবিল পেতে সরকারকে কাজ করতে হবে।
উক্ত সংবাদ সম্মেলনে কপ৩১ সম্মেলনে অংশ নেওয়া জামায়াতের প্রতিনিধিদলের সমন্বয়ক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।