জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর প্রথম সপ্তাহ অতিবাহিত হলেও কৃষকদের জন্য বাস্তবসম্মত অর্থায়নের কোনো ঘোষণা আসেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এই ক্ষোভ ও দাবির মুখে রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী নদীর ফিরিঙ্গিবাজার অভয় মিত্র ঘাটে এক বিশেষ নৌকা বাইচ, র্যালি ও পদযাত্রার আয়োজন করা হয়। তুরস্কের আন্তালিয়ায় বর্তমানে চলমান কপ৩১ সম্মেলন উপলক্ষে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।
দেশব্যাপী পরিচালিত এই প্রচারণার অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডব্লিউজিইডি এবং ক্লিন ও প্রাণ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
নৌকা বাইচের আগে আয়োজিত এক সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিনটিকে ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে অত্যন্ত পরিতাপের বিষয় যে, ওই দিনের দীর্ঘ আলোচনা থেকে কৃষকদের জন্য কোনো সুনির্দিষ্ট অর্থায়নের প্রতিশ্রুতি, নির্দিষ্ট সময়সীমা কিংবা বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাদ্য ও কৃষি খাতটি সবচেয়ে বেশি অর্থায়নের দাবিদার। এফএও ও ইউএনডিপির পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মোট অভিযোজন চাহিদার ৫৪ শতাংশই কৃষি ও খাদ্যব্যবস্থার সাথে সম্পৃক্ত। তা সত্ত্বেও অভিযোজন তহবিলের মাত্র ২০ শতাংশ এই খাতে বরাদ্দ দেওয়া হয়। অন্যদিকে, জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালে যেখানে ছিল ৪৭ শতাংশ, ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১৯ শতাংশে।
সমাবেশ থেকে দাবি জানানো হয়, ২০ নভেম্বরের কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার জন্য একটি সুস্পষ্ট অঙ্ক নির্ধারণ করতে হবে। একই সঙ্গে কৃষি ও খাদ্যব্যবস্থার অভিযোজন চাহিদার অনুপাতে অর্থ বরাদ্দ করার এবং সেই অর্থ ক্ষুদ্র কৃষকদের কাছে ঋণ হিসেবে নয়, বরং অনুদান হিসেবে পৌঁছে দেওয়ার জোরালো আহ্বান জানান বক্তারা।
তাদের অন্যান্য দাবির মধ্যে অন্যতম ছিল কৃষি ও খাদ্যনিরাপত্তা বিষয়ক শার্ম আল-শেখ যৌথ কার্যক্রমের পরবর্তী পর্যায়ে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে আনুষ্ঠানিকভাবে অগ্রাধিকার দেওয়া। পাশাপাশি ন্যায্য রূপান্তর কর্মসূচিতে কৃষক ও কৃষিশ্রমিকদের অধিকারের বিষয়টি স্পষ্টভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা আরও জোর দিয়ে বলেন, সৌর সেচব্যবস্থা, সৌরচালিত হিমাগার এবং কমিউনিটি মিনি-গ্রিডের মতো বিকেন্দ্রীভূত নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার মালিকানা অবশ্যই কৃষক সংগঠন, সমবায় সমিতি ও নারী কৃষকদের হাতে থাকতে হবে। এসব উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাদের সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করার দাবিও তোলা হয়।
এছাড়া জাতীয় অভিযোজন পরিকল্পনা, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং কপ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে কৃষকদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
আইএসডিইর কর্মসূচি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সঞ্চালনায় এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম এম নাজের হোসাইন, নারী নেত্রী ও ক্যাব মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব সদরঘাটের সভাপতি মোহাম্মদ শাহীন চৌধুরী, আলকরণের মোহাম্মদ মোস্তফা, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের মামুনুল ইসলাম ও সিদরাতুল মুনতাহা এবং আবদুল মান্নান জিহাদসহ আরও অনেকে।