তুরস্কের জলবায়ু সম্মেলনের লিডার্স সামিটে বিশ্বনেতারা ইরান প্যাভিলিয়নটি ঘুরে দেখেছেন কি না, তা নিশ্চিত নয়। তবে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্য চোখে পড়ে। হাসিমুখে ফুলের মালা গলায় শিশুদের স্বাগত জানানোর পাশে দাঁড়িয়ে ছিল ধ্বংস হয়ে যাওয়া স্কুল ঘর, পুড়ে যাওয়া ব্যাগ এবং ব্যাগের চেইনে ঝোলানো শখের পুতুল। সামনে ছিল একটি ভাঙা ব্ল্যাকবোর্ড, যেখানে গণিত বা ব্যাকরণের কোনো পাঠ ছিল না; বরং চক দিয়ে লেখা ছিল—ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ১৬৮ শিশু নিহত।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি অন্যায্য যুদ্ধ শুরুর প্রথম দিনই দেশটির দক্ষিণাঞ্চলের মিনাবে শাহজারেহ তাইয়েবাহ বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলায় এই শিশুরা প্রাণ হারায়। এই শিশুরা আজ তাদের নাম-পরিচয় হারিয়ে কেবল একটি ‘সংখ্যা’য় পরিণত হয়েছে।

ইরান প্যাভিলিয়নের সেই ব্ল্যাকবোর্ডে লেখা ১৬৮ সংখ্যাটি আমাকে স্তব্ধ করে দেয়। মানুষসহ প্রাণবৈচিত্র্য ও প্রকৃতির এই করুণ মৃত্যুকে যখন কেবল সংখ্যার মাধ্যমে উপস্থাপন করা হয়, তখন তাদের প্রকৃত পরিচয়, অস্তিত্ব এবং এর পেছনে থাকা ক্ষমতার রাজনীতি আড়াল হয়ে যায়।

ফ্রান্সে তাপপ্রবাহে ১ হাজার ৫০০ জন কিংবা বাংলাদেশের রানা প্লাজা ট্র্যাজেডিতে ১ হাজার ১৩৪ জন এবং ভোলা ঘূর্ণিঝড়ে ৫ লাখ নিহতের পরিসংখ্যান আমাদের ভাবতে বাধ্য করে যে, মৃত্যুর পর মানুষ বা গাছ কেবলই এক ‘সংখ্যামাত্র’। সুন্দরবনে ঘূর্ণিঝড় সিডরে নিহত ১টি বাঘ ও ৪১ লাখ গাছ, ১৯৯৮ সালের বন্যায় ২২ লাখ টন ধান কিংবা ব্রাজিলের আমাজনে ৪ দশমিক ৭ হেক্টর বন অগ্নিকাণ্ডে ধ্বংস হওয়ার ঘটনাগুলোকেও কেবল ‘গাণিতিক সংখ্যা’ বানিয়ে তোলা হয়।

নিহত মানুষ, পাখি, বাঘ, গাছপালা কিংবা বন্য প্রাণী—তারা কেবল শরীরী সত্তা নয়, বরং এক বিশাল প্রাণময় স্মৃতির জগতের ঐতিহাসিক সাক্ষী। কিন্তু জলবায়ু মঞ্চে এই প্রাণসত্তার স্মৃতিস্বাক্ষর পাঠোদ্ধারের কোনো চেষ্টা দেখা যায় না।

ক্ষয়ক্ষতি বিবেচনা ও উপস্থাপনের ক্ষেত্রে এই আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গিকে জায়েজ করা যাবে না। এই আধিপত্য তৈরি হয়েছে অন্যায্য পুঁজি আর কর্তৃত্ববাদী ক্ষমতার পাপের ক্ষত থেকে। জলবায়ু মঞ্চের বয়ানকে এই পাপমুক্ত করে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপক্ষগুলোকে জলবায়ু ব্যবস্থাপনার কাঠামোকে অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য, বৈচিত্র্যবান্ধব এবং জনকেন্দ্রিক করে গড়ে তুলতে হবে।

নিহত মানুষ, পাখি, বাঘ, গাছপালা, বন্য প্রাণী—সবাই কেবল শরীরী সত্তা নয়; এক বিপুল প্রাণময় স্মৃতির দুনিয়ার ঐতিহাসিক সাক্ষী। প্রাণসত্তার এই স্মৃতিস্বাক্ষর জলবায়ুমঞ্চে পাঠোদ্ধারের কোনো তৎপরতা নেই। ফলে মৃত্যুর মতো ক্ষয় কিংবা একটি সেতু ভেঙে যাওয়ার মতো ক্ষতিকে বরাবরই কেবল আর্থিক মাপকাঠিতে ‘অর্থনৈতিক’ হিসেবে বিবেচনা করা হয়। জলবায়ু কাঠামোতে ‘অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতির’ কথা বলা হলেও তা শর্ষেদানার চেয়েও ক্ষুদ্র।

তুরস্কের ‘ন্যাশনাল অ্যাফরেস্টেশন ডে’ উপলক্ষে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জলপাই চারা রোপণের মাধ্যমে সম্মেলনের তৃতীয় দিনের লিডার্স সামিট শুরু করেন। গণমাধ্যমে সেই ছবি দেখে ফিলিস্তিনে যুদ্ধের কারণে নিষ্ঠুরভাবে খুন হওয়া জলপাই গাছগুলোর কথা মনে পড়ে। জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয় দপ্তর (ইউএনওসিএইচএ) ২০২৩ সালের ‘গাজা হিউম্যানিটারিয়ান রেসপন্স আপডেট’ জানায়, যুদ্ধের কারণে ২০২৩ সালে গাজায় ১০ লাখের বেশি জলপাইগাছ ধ্বংস হয়েছে।

গাছ রোপণ হবে, বেঁচে থাকবে না কি মেরে ফেলা হবে—এই স্বাধীনতা কি নয়া উদারবাদী (নিওলিবারেল) দুনিয়ায় গাছদের আছে? গাছ, পাখি, মাছ কিংবা মানুষের টিকে থাকার সিদ্ধান্ত এখন বিশ্বায়িত অসম ক্ষমতা কাঠামোর ওপর নির্ভরশীল। বিশ্বের বৃহত্তম বর্ষারণ্য আমাজন ধ্বংস করে খনি প্রকল্প ও বাণিজ্যিক খামার গড়ে তোলা হচ্ছে, আবার সুন্দরবনের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প।

বাংলাদেশ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইরান, সিরিয়া, কুয়েত ও ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধানেরা অংশ নিলেও যুক্তরাষ্ট্রের মতো বড় দূষণকারী দেশগুলো লিডার্স সামিটে অনুপস্থিত ছিল। এমতাবস্থায় জলবায়ু অঙ্গীকার ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন কীভাবে সম্ভব হবে?

সম্মেলনের চতুর্থ দিনে আদিবাসী প্যাভিলিয়নে এক আলোচনায় আর্জেন্টিনার কুয়োল্লা আদিবাসী প্রতিনিধি ক্ষোভের সাথে বলেন, “আমাদের বনজঙ্গল, জাতীয় উদ্যান, গাছপালা, বন্য প্রাণী এবং বসতি ধ্বংস করে কোম্পানিরা খনন প্রকল্প করছে। বন ও পরিবেশের বাঁচার অধিকার কোম্পানির দয়ার ওপর নির্ভর করবে কেন?” মানুষসহ প্রকৃতির ব্যক্তিসত্তার অধিকারকে জলবায়ু মঞ্চে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে। উল্লেখ্য, বাংলাদেশের হাইকোর্ট নদীর ব্যক্তি-আইনি সত্তা বা জীবন্ত সত্তার স্বীকৃতি দিয়েছেন।

জলবায়ু সম্মেলনের আলোচনায় জাতিসংঘের ছয়টি ভাষায় লাইভ অনুবাদ থাকে, যা হেডফোনের মাধ্যমে শুনতে হয়। ব্লুজোনে একজন সবুজ কচ্ছপ সেজে সুরক্ষার বার্তা দিচ্ছিলেন, আর অনেকেই তার সাথে ছবি তুলছিলেন। কিন্তু দুনিয়ার নিহত, আহত, জলবায়ু-দুর্গত গাছপালা, বন্য প্রাণী ও তাদের স্বজনেরা যদি কোনোদিন এই সম্মেলনে চলে আসে, তবে তাদের ভাষা অনুবাদ করার মতো ইন্টারপ্রেটর (দোভাষী) কি জাতিসংঘে আছে?

বাংলাদেশ, ব্রাজিল, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইরান, সিরিয়া, কুয়েত, ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধানেরা অংশ নিলেও যুক্তরাষ্ট্রের মতো বহু বৃহৎ দূষণকারী দেশ লিডার্স সামিটে অংশ নেয়নি। তাহলে জলবায়ু অঙ্গীকার ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন কীভাবে সম্ভব? ধরিত্রীর জীবনমরণের প্রশ্ন নিয়ে বিশ্বনেতৃত্বকে জবাবদিহির আওতায় আনার কাঠামো তৈরি করতে হবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের আন্তর্জাতিক কাঠামো ইউএনএফসিসিসিকে।

লিডার্স সামিটের প্রথম দিনে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ২৩ থেকে ৩৫ শতাংশে উন্নীত করার অঙ্গীকার করা হয়েছে। নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা, স্বল্পোন্নত দেশের অর্থায়ন, দুর্যোগের আগাম সতর্কীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, মিথেন নিঃসরণ এবং উষ্ণতা দেড় ডিগ্রির লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হয়েছে। তবে বাস্তবায়নভিত্তিক রাজনৈতিক সমর্থনের বিষয়ে কোনো চূড়ান্ত প্রতিশ্রুতি আসেনি।

সম্মেলনের চতুর্থ ও শেষ দিনে জলবায়ু অর্থায়ন, প্যারিস চুক্তির বাস্তবায়ন, নগর অভিযোজন এবং জ্বালানি রূপান্তর নিয়ে কথা হয়। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো জলবায়ু ক্ষয়ক্ষতির জন্য ঋণমুক্ত অর্থায়ন এবং দ্রুত নির্গমন হ্রাসের দাবি জানায়। যুক্তরাজ্য প্রথম জলবায়ু নিরাপত্তাবিষয়ক বিশেষ প্রতিনিধি নিয়োগের ঘোষণা দেয়।

বছর বছর প্রতারণা আর সময়ক্ষেপণের মধ্য দিয়ে জলবায়ু সম্মেলনগুলো ক্রমাগতভাবে গ্রিন ওয়াশ হয়ে উঠছে।

লিডার্স সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের দাবি জানান। জলবায়ু অর্থায়নের ৫০ ভাগ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ, ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা কমানো, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ, সবুজ কর্মসংস্থান এবং বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার বিষয়গুলো প্রধানমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পায়।

লিডার্স সামিটের প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশ্বনেতৃত্বকে তৎপর হতে হবে। একই সাথে বাংলাদেশসহ রাষ্ট্রপক্ষগুলোকে জলবায়ু ব্যবস্থাপনার কাঠামোকে অন্তর্ভুক্তিমূলক, ন্যায্য, বৈচিত্র্যবান্ধব ও জনকেন্দ্রিক করে গড়ে তুলতে হবে।

ব্লুজোন থেকে প্রস্থানের পথে বিশাল বিলবোর্ডে পরিবেশ ও জলবায়ু প্রশ্নে বিতর্কিত করপোরেট কোম্পানিদের স্পনসর লোগো দেখে শঙ্কা জাগে। তুরস্কের বৃহৎ জীবাশ্ম জ্বালানি ও তেল শোধনাগার কোম্পানি টুপরাসের নিয়ন্ত্রক ‘কোচ হোল্ডিং’ কপের গ্লোবাল বিজনেস পার্টনার। কয়লাখনি, বাঁধ নির্মাণ, বন উজাড় ও উপকূল বাস্তুতন্ত্র বিনষ্টের জন্য দায়ী বিতর্কিত কোম্পানিগুলোও এখানে উপস্থিত। তাহলে কি এই গ্রহের সঙ্গে প্রতারণা ও অঙ্গীকারভঙ্গের ‘গ্রিন ওয়াশ’ নাটক মঞ্চস্থ হতে চলেছে? সুইডেনের জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গও বলেন, “বছর বছর প্রতারণা আর সময়ক্ষেপণের মধ্য দিয়ে জলবায়ু সম্মেলনগুলো ক্রমাগতভাবে গ্রিন ওয়াশ হয়ে উঠছে।”

যদি বিশ্বব্যাপী খাদ্যব্যবস্থাকে নিরাপদ করা যায়, তবে জলবায়ু তহবিলের একটি বড় অংশ সেখান থেকে আসতে পারে। প্রশ্ন হলো, বিশ্বনেতৃত্ব আর কতগুলো সম্মেলন নাটকের পর রাজনৈতিক দায়িত্ব ও অঙ্গীকার গ্রহণ করবে?

সম্মেলনের প্যাভিলিয়ন এলাকায় ব্রাজিলের একরি রাজ্যের আদিবাসী প্রতিনিধি ফ্রান্সিসকা আরারা, ঘানার মাইকেল সেলাসি সেৎজি, শ্রীলঙ্কার অর্গানিক খাদ্য আন্দোলনের নেতা থিলাক কিরুয়াৎস্বোয়াম, পাপুয়া নিউগিনির জলবায়ুকর্মী জাপেত জেমস গাই, বাংলাদেশের আদিবাসী প্রতিনিধি সতেজ চাকমা, থাইল্যান্ডভিত্তিক আদিবাসী নেটওয়ার্ক এআইপিপির সোহেল হাজং এবং হন্ডুরাসের পরিবেশকর্মী মার্লেন মরিশল চিনচিলাদের সাথে কথা হয়। তাঁদের সবারই মত, জলবায়ুর সিদ্ধান্ত নেবে জনগণ এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরা; কোনোভাবেই জলবায়ু মঞ্চকে কোম্পানি বা এজেন্সির কাছে বন্ধক রাখা যাবে না।

খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ‘দ্য ইমপ্যাক্ট অব ডিজাস্টার অন অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি (২০২৫)’ প্রতিবেদন অনুযায়ী, ১৯৯১ থেকে ২০২৩ সালে বিশ্বব্যাপী দুর্যোগের কারণে ৪৬০ কোটি টন শস্য এবং ২৮০ কোটি টন ফল ও সবজি উৎপাদন হারিয়েছে বিশ্ব। বৈশ্বিক মোট কৃষি ক্ষয়ক্ষতির ৪৭ ভাগ হয়েছে এশিয়ায়। কেবল উৎপাদন নয়, আমাদের সামগ্রিক খাদ্যব্যবস্থা নানামুখী দূষণ ও দখলে বন্দী।

বিশ্বনেতৃত্ব জলবায়ু অর্থায়নে টালবাহানা করলেও খাদ্যব্যবস্থাকে নিরাপদ ও ন্যায্য করলে সেখান থেকে বড় তহবিল সঞ্চিত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক হিসাব অনুযায়ী, ২০২১ সালে দূষিত খাদ্য গ্রহণের কারণে বিশ্বে প্রায় ৮৬ কোটি ৬০ লাখ মানুষ অসুস্থ হয়েছিল এবং প্রায় ১৫ লাখ ২০ হাজার মানুষের মৃত্যু ঘটেছিল। অনিরাপদ খাদ্যজনিত অসুস্থতার কারণে বিশ্বে উৎপাদনশীলতা ও চিকিৎসাজনিত ব্যয় হয় বছরে ৩১ হাজার কোটি মার্কিন ডলার। যদি বিশ্বব্যাপী খাদ্যব্যবস্থাকে নিরাপদ করা যায়, তবে জলবায়ু তহবিলের একটা বড় অংশ খাদ্যব্যবস্থার অবদান হতে পারে। প্রশ্ন হলো বিশ্বনেতৃত্ব আর কতগুলো সম্মেলন নাটকের পর রাজনৈতিক দায়িত্ব ও অঙ্গীকার গ্রহণ করবেন?

পরিবেশমুখী জীবনব্যবস্থা গড়ে তোলায় সক্রিয় ব্রাহ্মকুমারিস আন্দোলনের প্রধান মাওরিন গুডম্যান মনে করেন, বিশ্বব্যবস্থায় পরিবর্তন আসবেই। পৃথিবীর সর্বনাশ মানেই আমাদের নিজেদের সর্বনাশ—এটি উপলব্ধি করতে হবে। ‘আমিত্বের’ বড়াই সরিয়ে পৃথিবীর কথা শুনতে হবে। কোনোভাবেই পৃথিবীকে পরাজিত হতে দেওয়া যাবে না।