জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ থেকে এবার বাস্তব ও দৃশ্যমান অগ্রগতি আসতে হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক দেশের প্রতিনিধি। তিনি জোর দিয়ে বলেন, ‘এমন একটি বাস্তব ফল দরকার, যা মানুষ দেখে বুঝতে পারবে—এটি সত্যিই অর্জন করা গেছে।’

তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ আলোচনায় যোগ দিতে জড়ো হচ্ছেন প্রায় ১৯০টি দেশের প্রতিনিধি এবং বহু বিশ্বনেতা। আজ সোমবার থেকে শুরু হচ্ছে এই সম্মেলন। এমন এক সময়ে এই আলোচনা শুরু হচ্ছে যখন বিশ্বজুড়ে মানুষ ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ‘এল নিনো’র প্রভাব মোকাবিলা করছে। প্রশান্ত মহাসাগরের এই বায়ুপ্রবাহের ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়, যা জীবাশ্ম জ্বালানির ব্যবহারের কারণে আরও তীব্র হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এর ফলে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে এবং ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হতে পারে।

জলবায়ু সংকটের ফলে সৃষ্ট ক্ষতির ব্যয়ভার কে বহন করবে, তা নিয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে তীব্র টানাপোড়েনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চলছে। চলতি বছর তাপমাত্রা পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে প্রাক্-শিল্পযুগের তুলনায় তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার যে লক্ষ্য নির্ধারিত হয়েছিল, তা ইতিমধ্যে ছাড়িয়ে গেছে।

৪৪টি দেশের আলোচকগোষ্ঠী এবং স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সভাপতি আদাও সোয়ারেস বারবোসা বলেন, ‘তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার সুযোগ ধরে রাখতে হবে। এ জন্য এই সীমা কতটা ছাড়াবে এবং কত দিন ছাড়িয়ে থাকবে, তা কমাতে হবে। সহজে পাওয়া যায় ও আগে থেকে অনুমান করা যায়—এমন জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘অভিযোজনের সক্ষমতা বাড়াতে হবে এবং চরম আবহাওয়ায় দরিদ্র দেশগুলোর যে ক্ষতি হয়, তার সমাধান করতে হবে। এগুলো রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় নয়, বেঁচে থাকার প্রশ্ন। প্যারিস চুক্তির বিশ্বাসযোগ্যতা নির্ভর করবে প্রতিশ্রুতির ওপর নয়, বরং প্রতিশ্রুতি কতটা পূরণ হলো এবং ঝুঁকিতে থাকা দেশগুলোর মানুষের জীবন কতটা রক্ষা করা গেল, তার ওপর।’

সাধারণত একটি দেশ সম্মেলন আয়োজন করলেও এবার তুরস্ক ও অস্ট্রেলিয়া যৌথভাবে এই দায়িত্ব পালন করছে। সম্মেলনটি তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হলেও আনুষ্ঠানিক আলোচনার সভাপতিত্ব করবেন অস্ট্রেলিয়া। গত বছর দুই দেশের মধ্যে সমঝোতার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী এবং কপ৩১ আলোচনার সভাপতি ক্রিস বোয়েন দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নিঃসরণ কমানো ও অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে মনোযোগী এমন একটি ফল দরকার, যা মানুষ দেখে বুঝতে পারবে—এটি সত্যিই অর্জিত হয়েছে। আমাদের অগ্রগতি দরকার। আগের কপ সম্মেলনগুলোর তুলনায় এটি এক ধাপ এগিয়ে যেতে হবে।’

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিচু দ্বীপরাষ্ট্রগুলোর অস্তিত্বের সংকট এবং তাদের দুর্দশার দিকে বিশ্বের নজর ফেরাতে অস্ট্রেলিয়া একটি ‘শক্তিশালী ও উচ্চাভিলাষী ফল’ প্রত্যাশা করে। এই বিষয়ে বোয়েন বলেন, ‘প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আমাদের প্রতিবেশীদের কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে এবার সামনে আনতে হবে। অভিযোজনের জন্য বিশ্বের মোট জলবায়ু অর্থায়নের মাত্র শূন্য দশমিক ২ শতাংশ পায় ছোট দ্বীপরাষ্ট্রগুলো। অথচ এসব দেশের অস্তিত্বই ঝুঁকির মুখে।’

তবে অস্ট্রেলিয়ার এই অবস্থানের সমালোচনা করেছেন দেশটির ৫০০ জনের বেশি বিজ্ঞানী এবং জলবায়ু আন্দোলনকর্মীরা। তাঁদের দাবি, ভণ্ডামির অভিযোগ এড়াতে হলে অস্ট্রেলিয়াকে অবিলম্বে কয়লাখনি ও গ্যাস প্রকল্পের অনুমোদন দেওয়া বন্ধ করতে হবে।

উল্লেখ্য, এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি চোখে পড়ার মতো। টানা দ্বিতীয় বছরের মতো দেশটি কোনো প্রতিনিধিদল পাঠাচ্ছে না। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের সাথে অন্য দেশগুলোর সমর্থিত ‘চরম জলবায়ু নীতির’ কোনো সম্পর্ক নেই।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধের কারণে তেল ও গ্যাস কোম্পানিগুলোর বিপুল মুনাফা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর শুরু করা এই যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। জর্জিয়া অঙ্গরাজ্যের এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘এসব নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি বলেই ফেলি—আমরা অবিশ্বাস্য রকমের টাকা আয় করছি।’

অন্যদিকে, ডেমোক্রেটিক পার্টির ২০ জন কংগ্রেস সদস্য আনতালিয়ায় যোগ দিয়েছেন। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে দলটির বড় জয়ের পর তাঁরা আশাবাদী যে, দূষণ নিয়ন্ত্রণের নিয়ম ভেঙে দেওয়া এবং পরিচ্ছন্ন জ্বালানিতে আর্থিক সহায়তা বন্ধের ট্রাম্পের প্রচেষ্টাকে তাঁরা রুখতে পারবেন।

উন্নয়নশীল দেশ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা কপ৩১ আলোচনায় জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচারের দাবি তুলবেন। ৩৫০ ডটঅর্গ-এর পূর্ব আফ্রিকা কর্মসূচির ব্যবস্থাপক রুকিয়া খামিস বলেন, ‘পূর্ব আফ্রিকাজুড়ে মানুষ এমন এক জলবায়ু সংকটের ভয়াবহ প্রভাবের মুখে পড়ছে, যার জন্য তারা দায়ী নয়। দীর্ঘ খরা থেকে ধ্বংসাত্মক বন্যা—আমরা ঘরবাড়ি, জীবিকা এবং খাবার ও পানির সুযোগ হারাচ্ছি। অথচ এসব ক্ষতি মোকাবিলায় যে অর্থ দরকার, তা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অনেক দেশ ও জনগোষ্ঠীর নাগালের বাইরে। সংকটের জন্য যাদের দায় সবচেয়ে কম, তাদেরই সবচেয়ে বেশি খরচ বহন করতে হচ্ছে—এটি মৌলিকভাবে অন্যায়।’

প্রকৃতির এই তাণ্ডব ইতিমধ্যে দৃশ্যমান। এ বছরের গ্রীষ্মে ইউরোপে তাপপ্রবাহে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। উত্তর আমেরিকায় দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং নেপালে হিমবাহ ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫০০ জনের বেশি মানুষ। বিজ্ঞানীরা বর্তমান এল নিনো পরিস্থিতিকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন এর তীব্রতা আরও বাড়বে।

যদিও নিঃসরণ কমানোর গতি ধীর, তবে ইরান যুদ্ধের ফলে অনেক দেশ জীবাশ্ম জ্বালানিকে ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল মনে করতে শুরু করেছে, যার ফলে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বাড়ছে এবং এর দাম কমছে।

জাতিসংঘের জলবায়ু প্রধান সাইমন স্টিল বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিবছরই প্রতিটি জনগোষ্ঠী ও অর্থনীতিকে আরও বেশি আঘাত করছে। তবে এখন প্রায় সব বড় অর্থনীতি এবং মাঝারি ও ছোট অর্থনীতির অনেক দেশই জলবায়ু মোকাবিলাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানির অন্যতম চালিকা শক্তি হিসেবে দেখছে।’

আয়োজক দেশ তুরস্ক চায় আরও দেশ যেন বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত হয়। ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানির ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে সরবরাহের লক্ষ্য নিয়ে আলোচনা হবে, যদিও কিছু দেশ এর বিরোধিতা করছে।

আয়োজক দুই দেশই জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। অস্ট্রেলিয়া কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের অন্যতম প্রধান রপ্তানিকারক। দেশটির লেবার সরকারের লক্ষ্য ২০৫০ সালের মধ্যে নিঃসরণ শূন্যে নামানো এবং ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ৮০ শতাংশ সৌর ও বায়ু শক্তি থেকে উৎপাদন করা, যদিও অর্জনে তাঁরা পিছিয়ে আছেন। এছাড়া ডানপন্থী ওয়ান নেশন পার্টির উত্থান লেবার সরকারের জন্য রাজনৈতিক হুমকি হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য বাতিল করতে চায়।

যুক্তরাজ্যের জ্বালানিমন্ত্রী মিয়াটা ফাহনবুলে বলেন, ‘এ গ্রীষ্মে আমরা সবাই অনুভব করেছি—জলবায়ু পরিবর্তন এখনই ব্রিটেনে এসে গেছে। কোনো দেশ একা এটি মোকাবিলা করতে পারে না। এ কারণেই কপ৩১ গুরুত্বপূর্ণ। বেশি বিল ও জলবায়ু পরিবর্তনের সমাধান একই—নিজেদের দেশে আরও পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন, যা ভালো কর্মসংস্থান তৈরি করবে এবং ঘরবাড়ি উষ্ণ রাখবে। কপ৩১ যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের বিষয়।’