তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের প্রথম দিনের মূল প্রতিপাদ্য ছিল ‘কৃষি, খাদ্য ও স্বাস্থ্য’। এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বব্যাপী কৃষি ও খাদ্যব্যবস্থার যে চরম সংকট তৈরি হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

নেপালের সোশ্যাল ওয়ার্ক ইনস্টিটিউটের প্রধান নামারাজ সিলওয়ালের সঙ্গে হোয়াটসঅ্যাপে আলাপকালে তিনি জানান, জলবায়ু সম্মেলনে তিনি উপস্থিত হতে পারছেন না। তবে গত আগস্টে নেপালে ভয়াবহ বন ও পাহাড়ধসের ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, জাতিসংঘ জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল থেকে নেপালের জন্য দুই কোটি মার্কিন ডলারের প্রতিশ্রুতির কথা। আলাপচারিতার এক পর্যায়ে ২০০৮ সালের আগস্ট মাসে নেপালে ঘটা বন্যা ও ভূমিধসের স্মৃতি উঠে আসে। সেই ভয়াবহ ঘটনায় কৈরালী জেলার খাইরালা গ্রামের মাগার আদিবাসীদের ৫০টি পরিবার তাদের জন্মভিটা ছেড়ে বাটেগাড়াতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল।

একই ধরনের নির্মম স্মৃতি মনে পড়ে ২০০৮ সালের ২০ জুলাইয়ের বাংলাদেশের কথা মনে করে। প্রবল বর্ষণের ফলে উত্তর-পূর্ব ভারতের কালাপাহাড় ধসে পড়েছিল সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে। মুহূর্তের মধ্যেই একরের পর একর শস্যজমিন, প্রাচীন গ্রাম ও ধর্মস্থল বালুর নিচে তলিয়ে যায়। চানপুর গ্রামের মান্দি আদিবাসী উদাস চিছাম এবং মেজর মৃদের পরিবারও তাদের বসতজমি হারিয়ে আশ্রয় নেয় চানপুর টিলায়।

নেপালের খাইরালার মাগার কিংবা বাংলাদেশের সুনামগঞ্জের মান্দি আদিবাসীদের এই যে বিশাল ক্ষয়ক্ষতি, তার ন্যায়বিচার রাষ্ট্র বা বৈশ্বিক মঞ্চ—কেউই করছে না। তারা কেবল উদ্বাস্তুই হননি, বরং কৃষি ও খাদ্যব্যবস্থা থেকেও তাদের করুণ বিদায় ঘটেছে। বিশ্বব্যাপী জলবায়ু সংকটের গল্পগুলোর মাত্রা ও ধরন ভিন্ন হলেও, বৃহৎ দূষণকারী বিশ্বনেতৃত্বের মাধ্যমে ভুক্তভোগী মানুষের চরম প্রতারিত হওয়ার উদাহরণগুলো সব জায়গাতেই অভিন্ন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকার প্যানেলের (আইপিসিসি) ২০২১ সালের ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি বা তার বেশি হলে এশিয়ার অধিকাংশ অঞ্চলে ভারী বৃষ্টিপাত বাড়বে এবং প্রাণঘাতী ভূমিধস হবে। এছাড়া ২০২৩ সালে ইন্টারন্যাশনাল জার্নাল অব ডিজাস্টার রিস্ক সায়েন্সে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টির কারণে ভূমিধসের পরিমাণ আরও বাড়বে।

চলতি সম্মেলন খাদ্য, পানি ও জলবায়ুকে আলাদা বিষয় হিসেবে না দেখে একটি পরস্পরনির্ভর সমন্বিত ব্যবস্থা হিসেবে বিবেচনা করছে। কপ৩১ চায় নারী কৃষকদের জন্য বিশেষ লক্ষ্যভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে এবং খাদ্য ও জলবায়ু কার্যক্রমে তরুণদের অংশগ্রহণ জোরালো করতে। এর মাধ্যমে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে সহায়তার পথ উন্মুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

২০২১ সালে ল্যান্ডস্লাইড জার্নালে প্রকাশিত এক গবেষণায় বাংলাদেশের ২০১৭ সালের ভূমিধস ঝুঁকি বিশ্লেষণ করা হয়েছে। ২০১৭ সালের জুনে টানা বর্ষণের ফলে বাংলাদেশের পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমিধসে প্রায় ১৬০ জন নিহত হন এবং কৃষি বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে বাংলাদেশের হাওরাঞ্চলে পাহাড়ি ঢলে জমি ও জীবন তলিয়ে যাওয়া একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

এল নিনোর বিপদ ও ঝুঁকি নিয়ে আলোচনা হলেও, পাহাড়ি ঢল বা বালুর কারণে খাদ্যব্যবস্থার যে বহুমুখী ক্ষয়ক্ষতি বিশ্বজুড়ে ঘটছে, তা জলবায়ু সম্মেলনে অনেকাংশেই অনালোচিত থেকে যাচ্ছে।

তুরস্ক জলবায়ু সম্মেলনের প্রথম দিনের প্রতিপাদ্য ছিল ‘কৃষি, খাদ্য ও স্বাস্থ্য’। বর্তমানে জলবায়ু অভিঘাতের কারণে বিশ্বের প্রায় ৩১ কোটি ৮০ লাখ মানুষ খাদ্যসংকটে ভুগছে। উদ্বেগের বিষয় হলো, মোট গ্রিনহাউস গ্যাসের তিন ভাগের এক ভাগ নির্গত হয় খাদ্যব্যবস্থা থেকে, অথচ জলবায়ু অর্থায়নের মাত্র চার ভাগ এই খাতে বরাদ্দ দেওয়া হয়।

এই বৈষম্য দূর করতে জলবায়ু পরিবর্তন–সম্পর্কিত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি) কপ৩১-এ বিশ্বব্যাপী টেকসই ও জলবায়ু–সহনশীল খাদ্যব্যবস্থার উত্তরণ ও আমূল রূপান্তরের সিদ্ধান্ত নিতে চায়। সম্মেলন কর্তৃপক্ষ খাদ্য, পানি ও জলবায়ুকে একটি সমন্বিত ব্যবস্থা হিসেবে দেখছে। বিশেষ করে নারী কৃষক ও তরুণদের জন্য অর্থায়ন ও নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরির কথা বলা হয়েছে।

আন্তালিয়ায় চলমান সম্মেলনের প্রথম দিন ‘ফুড অ্যাকশন এরিয়া’তে বিভিন্ন দেশের খাদ্য, জলবায়ু ও অধিকারকর্মীরা খাদ্যব্যবস্থার ন্যায্য রূপান্তরের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন। তাঁরা স্পষ্টভাবে বলেন, “কোম্পানির মুনাফার জন্য নয়, খাদ্য মানুষ ও পৃথিবীর অধিকার।” তাঁরা মিথ্যা সমাধান এবং একতরফা বাণিজ্যিক নিয়ন্ত্রণ বাতিল করে কৃষি ও খাদ্যব্যবস্থাকে কৃষকের অধিকার হিসেবে প্রতিষ্ঠার দাবি জানান।

উল্লেখ্য, জলবায়ু সম্মেলনের মূল টেবিলে কৃষি ও খাদ্যব্যবস্থার আলোচনা নিয়ে আসতে দীর্ঘ লড়াই করতে হয়েছে। সর্বশেষ ব্রাজিলের বেলেম সম্মেলনে কৃষি ও খাদ্যব্যবস্থাকে জলবায়ু সম্মেলনের ছয়টি প্রধান অ্যাকশন এজেন্ডার একটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

সম্মেলনের একটি সাইড ইভেন্ট ‘ফ্রম হেলদি সয়েল টু হেলদি ডায়েট, ক্লোজিং দ্য ফিনান্স গ্যাপ’-এ অংশ নেন রকফেলার ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রয় স্টেইনার, ফিলিপাইনের এশিয়ান ফার্মার্স অ্যাসোসিয়েশনের এস্থার পেনুনিয়া, অ্যাগ্রোইকোলজি কোয়ালিশনের সমন্বয়কারী অলিভার অলিভেরোজ এবং ব্রাজিলের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি ডিয়েগো লিওনার্দো রড্রিগুয়েজ। তাঁরা কৃষি ও খাদ্যব্যবস্থাকে নিরাপদ, দূষণমুক্ত, ন্যায্য ও অধিকারভিত্তিক রূপান্তরের জন্য প্রয়োজনীয় জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার দাবি জানান।

দ্বিতীয় দিনে জারজিভান কক্ষে আয়োজিত সাইড ইভেন্টে টোগোর তরুণ জলবায়ুকর্মী আন্নেট্টে লুত্থা, পাকিস্তানের নাসিরা হাবিব (পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া প্যাসিফিক), ভারতের ড. রেনু মারগ্যাম (এসএফএস) এবং আফ্রিকার ব্রিজেত মুগাম্বে (অ্যালায়েন্স ফর ফুড সভরিনিটি ইন আফ্রিকা) অংশ নেন। তাঁরা কৃষি ও খাদ্যব্যবস্থার রূপান্তরে ন্যায্য ও বাস্তবমুখী সমাধান হিসেবে ‘অ্যাগ্রোইকোলজি’ গ্রহণের দাবি তোলেন।

খাদ্য উৎপাদনের কোনো একটি পর্যায়ে স্বাস্থ্যঝুঁকি তৈরি হলে তা সামগ্রিক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। যদি বিশ্বব্যাপী খাদ্যব্যবস্থাকে নিরাপদ করা যায়, তবে জলবায়ু তহবিলের একটি বড় অংশ এই খাতের অবদান হতে পারে। আইপিসিসি (২০২২) উল্লেখ করেছে যে, অ্যাগ্রোইকোলজি জলবায়ু–সহনশীল খাদ্যব্যবস্থা নিশ্চিতকরণ এবং উৎপাদন ব্যয় কমাতে সহায়ক। এফএওর ২০১৯ সালের ‘হাই লেভেল প্যানেল এক্সপার্টস’ প্রতিবেদনেও একে টেকসই খাদ্যব্যবস্থা ও পুষ্টিনিরাপত্তার গুরুত্বপূর্ণ পন্থা হিসেবে দেখা হয়েছে। ওই বছর এফএও বৈচিত্র্য, সমন্বয়, পুনর্ব্যবহার, দক্ষতা, সহনশীলতা, জ্ঞান সৃষ্টি ও বিনিময়, মানবিক ও সামাজিক মূল্যবোধ, সংস্কৃতি ও খাদ্য ঐতিহ্য, দায়িত্বশীল শাসনব্যবস্থা এবং সার্কুলার অর্থনীতি—এই ১০টি উপাদানকে অ্যাগ্রোইকোলজির কাঠামো হিসেবে অনুমোদন করে।

কৃষি ও খাদ্যব্যবস্থার মিথেন নিঃসরণ নিয়ে বিতর্ক রয়েছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এবং ক্লাইমেট অ্যান্ড ক্লিন এয়ার কোয়ালিশনের গ্লোবাই মিথেন অ্যাসেসমেন্ট (২০২১) অনুযায়ী, মানুষের কর্মকাণ্ড থেকে সৃষ্ট মোট মিথেন নিঃসরণের প্রায় ৪০ ভাগ আসে বর্তমান কৃষিব্যবস্থা থেকে। তবে এই চাষাবাদ মূলত উফশী ও হাইব্রিড ধানের মাধ্যমে হয়, যা সবুজ বিপ্লবের ফল। করপোরেট নিয়ন্ত্রিত এই ব্যবস্থার মিথেন উৎপাদনের দায়ভার কার? ধানখেতে দীর্ঘ সময় পানি জমে থাকলে অক্সিজেনের অভাবে মাটিতে মিথেন উৎপাদনকারী অণুজীব সক্রিয় হয় এবং নিঃসরণ বাড়িয়ে তোলে।

বাংলাদেশ তার এনডিসি ৩.০ প্রতিবেদনে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অ্যাগ্রোইকোলজিকে যুক্ত করেছে। আন্তালাতিয়া সম্মেলনে সব রাষ্ট্রপক্ষকে জাতীয় কাঠামো ও এনডিসিতে অ্যাগ্রোইকোলজিকে জলবায়ু সমাধান হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

কপ৩১ প্রেসিডেন্সির ১০টি অগ্রাধিকারের একটি হলো ‘গতিশীল ও জলবায়ু–সহনশীল স্বাস্থ্যব্যবস্থা’। প্রথম দিনে খাদ্য ও কৃষির পাশাপাশি ‘স্বাস্থ্য দিবস’ পালন করা হয়। মন্ত্রী পর্যায়ের বৈঠকে জাতিসংঘ জলবায়ু প্রধান সাইমন স্টিয়েল বলেন, “জলবায়ু মোকাবিলার সামগ্রিক কাজের কেন্দ্রে স্বাস্থ্যকে রাখতে হবে।”

সম্মেলনে কৃষি, খাদ্য ও স্বাস্থ্যব্যবস্থার রূপান্তরে ‘এক স্বাস্থ্য’ বা ‘ওয়ান হেলথ’-এর ধারণা সামনে এসেছে। ‘ওয়ান হেলথ হাই লেভেল এক্সপার্ট প্যানেলের’ (২০২২) সংজ্ঞা অনুযায়ী, উদ্ভিদ, প্রাণী, মানুষ ও বাস্তুতন্ত্র পরস্পর নির্ভরশীল। তাই খাদ্য উৎপাদনের কোনো পর্যায়ে স্বাস্থ্যঝুঁকি তৈরি হলে তা সামগ্রিক ঝুঁকি হয়ে দাঁড়ায়। বিশ্বব্যাপী খাদ্যব্যবস্থাকে নিরাপদ করতে পারলে জলবায়ু তহবিলের বড় অংশ এখান থেকে আসতে পারে।

বাংলাদেশসহ বিশ্বের গ্রামীণ কৃষকেরা একসময় প্রকৃতির নিয়ম মেনে স্বাস্থ্যকর কৃষিচর্চা করতেন। তারা মাটি, পানি, মানুষ, গবাদিপশু ও স্থানীয় বাস্তুতন্ত্রের কথা মাথায় রেখে আবাদ করতেন। তারা জমিতে বিষ দিয়ে কেঁচো, মাছ, মৌমাছি বা সাপ মারার মতো অন্যায় ব্যবস্থা করেননি। প্রাকৃতিক সেচনির্ভর চাষ করেছেন এবং জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে মাটির ক্ষতি করেননি। কিন্তু বৈশ্বিক সবুজ বিপ্লব প্রকল্প, পুঁজিবাদের প্রভাব ও নিওলিবারেল কর্তৃত্ব কৃষি ও খাদ্যব্যবস্থাকে অনিরাপদ ও বিষাক্ত করেছে। এই চাপিয়ে দেওয়া বিপজ্জনক ব্যবস্থা আজ পরিবেশ ও জনস্বাস্থ্যকে মরণযন্ত্রণায় ফেলেছে। কৃষি ও খাদ্যব্যবস্থা এখন হাতেগোনা কিছু করপোরেট কোম্পানির জিম্মি। এই চরম বিপন্ন সময়ে রাষ্ট্রপক্ষগুলো এখন ‘এক স্বাস্থ্যব্যবস্থার’ কথা বলতে বাধ্য হচ্ছে।

সম্মেলনের এক সাইড ইভেন্টে চীনের শিংগুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুনরুই হুয়াং জানান, জুনোটিক ও পরজীবীবাহিত রোগ বৃদ্ধির পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে এবং এক স্বাস্থ্যব্যবস্থা-কাঠামো গড়ে তোলাই ন্যায্য রূপান্তরের মূল বিষয়।

আমাদের খাবারের থালায় কাঠামোগত বৈষম্য, কর্তৃত্ব ও উপনিবেশের মতো জুলুমের দাগ লেগে আছে, যা সরাতে হবে। তুরস্কের নোবেলজয়ী লেখক ওরহান পামুকের ‘দ্য স্ট্রেঞ্জনেস ইন মাই মাইন্ড (২০১৪)’ উপন্যাসের চরিত্র মেভলুত ইস্তাম্বুলে ‘বোজা’ নামের ঐতিহ্যবাহী পানীয় বিক্রি করে জীবন চালান। বাজরা, ভুট্টা ও গম থেকে তৈরি এই পানীয়টি জলবায়ু সংকটের কারণে কাঁচামাল সরবরাহ ও গাঁজন প্রক্রিয়ায় সমস্যার সম্মুখীন হচ্ছে।

বাংলাদেশের প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, তারা হিজলদীঘা, নালঢেপা, গোলটেপি, সন্ধ্যামণি, নড়ই কিংবা পরাঙ্গীর মতো ধানের ‘পান্তাভাতের’ স্মৃতি মনে করেন। সেই সব প্রায় হারিয়ে যাওয়া ধানের শরীরে কৃষি উন্নয়নের রক্তদাগ লেগে আছে। প্রতিটি খাবার প্রকৃতি ও সংস্কৃতির যৌথ স্মৃতিলিপি বহন করে। এই জুলুমের দাগ সরিয়ে জলবায়ু সম্মেলনকে সভ্যতার এই খাদ্য-স্মৃতিলিপির সুরক্ষা দিতে হবে।