সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে কঠোর অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এই অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১২টি লিস্টার মেশিন ধ্বংস করা হয় এবং বালু পরিবহনের জন্য ব্যবহৃত দুটি ট্রাক বিকল করে দেওয়া হয়। এছাড়া বালু তোলার পাইপসহ বিপুল পরিমাণ সরঞ্জামও বিনষ্ট করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। প্রশাসনের এই কার্যক্রমে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
জেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, গোয়াইনঘাট উপজেলার লাখেরপাড় (আসামপাড়া), পূর্ব লাখেরপাড় এবং জুমপাড় এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে পরিবেশের মারাত্মক ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এই বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সেখানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছের নেতৃত্বে পুরো অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালীন জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দাদের প্রতি কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। তাদের অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।