সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাত্র ১১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, চারটি ট্রলারে করে শতাধিক কিশোর ও তরুণ একত্রিত হয়েছেন। ট্রলারগুলোর পাশেই নোঙর করা ছিল কয়েকটি কার্গো জাহাজ। সেই ভিডিওর এক পর্যায়ে একটি ট্রলারে থাকা একজনকে বলতে শোনা যায়, ‘ভাই, একটু কষ্ট হইলেও জিয়ার স্লোগান দেও, পুলিশ আইছে, বুঝছ।’
অন্য একটি ভিডিওতে দেখা যায়, ট্রলারে থাকা ওই কিশোর ও তরুণদের কয়েকজনকে ধাওয়া করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁদের আটক করে কান ধরে ওঠবস করানো হচ্ছে। সেই মুহূর্তে ওই তরুণদের দিয়ে ‘আওয়ামী লীগের দুই গালে, জুতা মারো তালে তালে’ স্লোগানও দিতে দেখা যায়।
গত শুক্রবারের এই ঘটনার প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ মোট ৩৭ জন কিশোর ও তরুণকে আটক করে। পরবর্তীতে আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগার ও শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আটকপ্রাপ্তদের মধ্যে প্রাপ্তবয়স্ক চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে ভিডিওগুলো একই ঘটনার বলে নিশ্চিত করেছেন। আজ শনিবার সন্ধ্যায় তিনি মুক্তকণ্ঠকে জানান, দুপুরে আদালতে হাজির করা ৩৭ জনের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ৩৩ জনকে মুন্সিগঞ্জ শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তোলা হয়। বাকি চারজন প্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের মুন্সিগঞ্জ থানা আমলি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারকেরা ৩৩ জনকে শিশু উন্নয়ন কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্ক চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের মোল্লাচর এলাকা থেকে এই ৩৭ জনকে আটক করা হয়। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে কয়েকটি ট্রলারে করে বিভিন্ন বয়সী কিশোর ও তরুণ ধলেশ্বরী নদীতে নোঙর করা কার্গো জাহাজের কাছে জড়ো হন। অভিযোগ রয়েছে, তাঁরা জাহাজে উঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর মুক্তারপুর নৌ পুলিশ এবং মুন্সিগঞ্জ সদর থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই কিশোর ও তরুণরা ট্রলার নিয়ে পালানোর চেষ্টা করেন। সেই সময় পুলিশের পাশাপাশি স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরাও তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩৭ জনকে আটক করে।
আটকের খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মুন্সিগঞ্জ সদর থানার সামনে ওই কিশোর ও তরুণদের স্বজনরা ভিড় করেন। শেষ পর্যন্ত আজ শনিবার সকালে স্বজনদের জানানো হয় যে, আটকদের আদালতে তোলা হবে।
স্বজনদের দাবি, তাঁদের সন্তানেরা বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পরিস্থিতির শিকার হয়েছেন। দশকানি এলাকার আলেয়া বেগম জানান, তাঁর ছেলে দিনমজুরের কাজ করেন। শুক্রবার কাজ বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। সন্ধ্যায় তিনি জানতে পারেন যে, পুলিশ তাঁর ছেলেকে ধরে নিয়ে গেছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন আজ শনিবার সন্ধ্যায় মুক্তকণ্ঠকে বলেন, এর আগে ঘটনাস্থলের আশপাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচি পালনের ঘটনা ঘটেছিল। সেখানে আবারও একইভাবে কর্মসূচি পালনের চেষ্টা করা হয়।
ওসি আরও জানান, একটি ভিডিও তাঁদের নজরে এসেছে, যেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা নিজেদের সরকারি দলের লোক হিসেবে জাহির করার চেষ্টা করতে দেখা যায়। তিনি বলেন, আটক ব্যক্তিদের কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না, তাঁদের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কি না কিংবা তাঁরা নিষিদ্ধ দলের হয়ে কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা আদালতের নির্দেশে তদন্ত করা হবে। কার নির্দেশে ওই কিশোর-তরুণেরা সেখানে জড়ো হয়েছিলেন, সেটিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।