গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পোস্টার লাগানোর সময় লিটন মন্ডল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটকের সময় ওই যুবকের কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটক লিটন মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার বাসিন্দা নির্মল মন্ডলের ছেলে।

উদ্ধারকৃত পোস্টারটিতে ‘জয় বাংলা’, ‘আল্লাহ সর্বশক্তিমান’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি ‘১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যাকারী ইউনূস গংয়ের ফাঁসি চাই’ লেখা ছিল। এছাড়া পোস্টারে ড. মুহাম্মদ ইউনূসসহ বেশ কয়েকজনের ছবি এবং ফাঁসির দড়ির প্রতীকী ছবি ব্যবহার করা হয়েছে। পোস্টারের নিচের অংশে ‘জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ’ কথাটি লেখা রয়েছে।

পুলিশি তথ্য অনুযায়ী, পোস্টার লাগানোর সময় কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ সরাসরি লিটন মন্ডলকে আটক করেন। তল্লাশির সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি পাওয়া যায়। তবে এই পোস্টারগুলো কারা তৈরি করেছে, কার নির্দেশে লাগানো হচ্ছিল এবং যুবকের কাছে ছুরি থাকার উদ্দেশ্য কী ছিল— সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।

বিষয়টি নিয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ মুক্তকণ্ঠকে বলেন, “এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”