কে-পপের বিশ্বখ্যাত বয় গ্রুপ স্ট্রে কিডসের জনপ্রিয় সদস্য লি নো ২০২৭ সালের প্রথম প্রান্তিকে তাঁর বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছেন। গ্রুপটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জেওয়াইপি এন্টারটেইনমেন্ট গত ৫ নভেম্বর এক আনুষ্ঠানিক ঘোষণায় এই তথ্য নিশ্চিত করেছে। স্ট্রে কিডস সদস্যদের মধ্যে লি নোই প্রথম ব্যক্তি, যিনি সামরিক বাহিনীতে যোগ দিচ্ছেন।

জেওয়াইপি এন্টারটেইনমেন্ট জানিয়েছে যে, আগামী বছরের প্রথম তিন মাসে গ্রুপটির কিছু নির্ধারিত কার্যক্রমে লি নো উপস্থিত না-ও থাকতে পারেন। তবে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আগে তিনি বিভিন্ন কনটেন্ট প্রকাশ এবং ব্যক্তিগত কার্যক্রমের মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখবেন। তবে তাঁর যোগদানের সুনির্দিষ্ট তারিখ এবং সামরিক দায়িত্বের ধরন সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

১৯৯৮ সালে জন্মগ্রহণ করা লি নোর বয়স ২০২৭ সালে হবে ২৯ বছর। গত আগস্ট মাসে নতুন অ্যালবাম প্রকাশের উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামরিক দায়িত্ব পালন প্রসঙ্গে কথা বলেছিলেন তিনি। সেই সময় লি নো বলেছিলেন, ‘আমি মনে করি, সামরিক দায়িত্ব পালন করা স্বাভাবিক একটি কর্তব্য। যখন আমাকে ডাকা হবে, তখন আমি বিশ্বস্ততার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব।’

সামরিক বিরতি সামাল দেওয়ার কৌশল

দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক আইনের কারণে প্রায়ই কে-পপ গ্রুপগুলোর দলীয় কার্যক্রমে দীর্ঘ বিরতি আসে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে ভক্তদের সঙ্গে সংযোগ ধরে রাখতে বিটিএস এবং সেভেনটিনের মতো জনপ্রিয় গ্রুপগুলো ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করেছে।

বিটিএসের সদস্যরা প্রায় কাছাকাছি সময়ে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যাতে দলীয় কার্যক্রমে দীর্ঘমেয়াদী শূন্যতা তৈরি না হয়। এর পাশাপাশি সামরিক দায়িত্ব পালনের আগে তাঁরা একক অ্যালবাম প্রকাশ করেছিলেন, যার ফলে গ্রুপের সামগ্রিক কার্যক্রম বন্ধ থাকলেও সদস্যদের ব্যক্তিগত সংগীতচর্চা অব্যাহত ছিল। সামরিক দায়িত্ব শেষ করে সাত সদস্যই একসঙ্গে ‘অ্যারিরাং’ অ্যালবাম নিয়ে ফিরে এসেছেন।

অন্যদিকে, ১৩ সদস্যের সেভেনটিন সম্পূর্ণ ভিন্ন একটি পথ বেছে নিয়েছে। তাদের সদস্যরা ধাপে ধাপে সামরিক দায়িত্ব পালন করছেন। এই সময়ে গ্রুপটি একক এবং ইউনিট-ভিত্তিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বুসুং, জংহান এক্স ওনু এবং ভি৮-এর মতো বিভিন্ন ইউনিট প্রকল্পের মাধ্যমে তারা ভক্তদের সঙ্গে নিবিড় যোগাযোগ ধরে রেখেছে।

কী পরিকল্পনা স্ট্রে কিডসের

২০১৮ সালে আত্মপ্রকাশের পর থেকেই দলীয় কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক সংগীত অঙ্গনে নিজেদের এক শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে স্ট্রে কিডস। যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ২০০ অ্যালবাম তালিকায় টানা ৯টি অ্যালবাম নিয়ে শীর্ষস্থান অর্জন করেছে এই গ্রুপটি। ২০২২ সালে ‘অডিনারি’ অ্যালবামের মাধ্যমে শুরু হওয়া এই অভাবনীয় সাফল্য একবিংশ শতাব্দীতে আত্মপ্রকাশ করা কোনো গ্রুপের জন্য একটি অনন্য রেকর্ড।

এতদিন পর্যন্ত দলীয় কার্যক্রমকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসলেও লি নোর সামরিক দায়িত্ব শুরুর পর গ্রুপটির ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে, তা নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে। যেহেতু অন্য সদস্যদেরও পর্যায়ক্রমে সামরিক দায়িত্ব পালন করতে হবে, তাই দলীয় কার্যক্রম সচল রাখার পাশাপাশি একক সংগীতচর্চা এবং বিভিন্ন ইউনিটের কার্যক্রম বাড়ানো স্ট্রে কিডসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বিটিএস ও সেভেনটিনের পূর্ব অভিজ্ঞতা থেকে স্ট্রে কিডস শেষ পর্যন্ত কোন কৌশলটি বেছে নেয়, এখন সেটাই দেখার বিষয়।