দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড সেভেনটিন গত এক বছরে তাদের কনসার্টের টিকিট বিক্রির মাধ্যমে ৯ কোটি ৭৪ লাখ ডলার আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৮৮ কোটি ২৮ লাখ টাকা।

যুক্তরাষ্ট্রের সংগীতবিষয়ক সাময়িকী পোলস্টারের হিসাব অনুযায়ী, এশিয়ায় সফর করা শিল্পীদের মধ্যে আয়ের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে ১৩ সদস্যের এই সংগীত দলটি।

সোমবার সেভেনটিনের এজেন্সি প্লেডিস এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের ১ আগস্ট থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে ব্যান্ডটির কনসার্টের মোট ৬ লাখ ৬১ হাজার ৮৮টি টিকিট বিক্রি হয়েছে।

পোলস্টারের প্রকাশিত ‘এশিয়া ফোকাস টপ ট্যুরিং আর্টিস্টস’ তালিকায় প্রথম স্থান দখল করেছে সেভেনটিন। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে জেওয়াইপি এন্টারটেইনমেন্টের নারী দল টোয়াইস এবং বিগহিট মিউজিকের পুরুষ দল টুমরো এক্স টুগেদার।

উল্লেখ্য, গত বছর এই একই তালিকায় সেভেনটিন ছিল দ্বিতীয় স্থানে। সে সময় ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে আয়ের দিক থেকে তাদের চেয়ে এগিয়ে ছিল।

গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ইনচনে সেভেনটিনের ‘নিউ’ ওয়ার্ল্ড ট্যুর শুরু হয়। এশিয়ার এই সফরপর্বে দলটি মোট ২২টি কনসার্ট আয়োজন করে। এর মধ্যে হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত তাদের চারটি কনসার্টের সবকটি টিকিটই দ্রুত বিক্রি হয়ে যায়।

এছাড়া গত মে মাসে জাপানের কিয়োসেরা ডোম ও টোকিও ডোমে এবং জুনে ইনচনের আসিয়াদ মেইন স্টেডিয়ামে সেভেনটিনের সদস্যদের সঙ্গে ভক্তদের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের বিশেষ আয়োজন করা হয়। প্লেডিস এন্টারটেইনমেন্টের দেওয়া তথ্যমতে, এসব অনুষ্ঠানে প্রায় ২ লাখ ৩৮ হাজার ভক্ত অংশ নেন।

এদিকে সেভেনটিনের সাব ইউনিট জংহান ও জশুয়ার ‘জার্নি ইনটু ড্রিমিং’ সফর শুরু হতে যাচ্ছে আগামী ৩০ অক্টোবর থেকে। দক্ষিণ কোরিয়ার ইনচনের ইনস্পায়ার অ্যারেনায় ১ নভেম্বর পর্যন্ত চলবে এই সফরের উদ্বোধনী পর্ব। এরপর আরও ছয়টি শহরে সফর করবেন এই জুটি।