নারীদের কর্মজীবনে প্রবেশ এবং কর্মসংস্থানে দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত শিশুযত্ন সেবার প্রয়োজনীয়তা অপরিসীম। একই সাথে এই ধরনের সেবা শিশুদের সুস্থ ও স্বাভাবিক বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করে। শিশুযত্নকে একটি স্বতন্ত্র খাত হিসেবে স্বীকৃতি প্রদান এবং প্রতিটি শিশুর জন্য মানসম্মত যত্ন নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার কথা বলা হয়েছে।
আজ শনিবার রাজধানীর বাংলা একাডেমিতে ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া আলোচকেরা এসব মত ব্যক্ত করেন। ‘শিশুর যত্নে ঐক্যবদ্ধ’—এই প্রতিপাদ্যের আলোকে আয়োজিত এই দুই দিনের সম্মেলনে নারীর কর্মসংস্থান এবং শিশুদের সামগ্রিক বিকাশে শিশুযত্নের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিনারগোস বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (বিআইইডি), ব্র্যাক এবং বিশ্বব্যাংক গ্রুপ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া অনুষ্ঠানে ব্র্যাকের উপনির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে, বিআইইডির নির্বাহী পরিচালক ইরাম মরিয়ম এবং সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ শিশুযত্নের ক্ষেত্রে একটি আইনি ভিত্তি তৈরি করলেও এর বাস্তবায়ন, নিয়ন্ত্রণ, অর্থায়ন, জনবল উন্নয়ন এবং মান নিশ্চিতকরণের ক্ষেত্রে এখনো নানা চ্যালেঞ্জ রয়ে গেছে। বর্তমানে শিশুযত্ন সেবার পরিসর অত্যন্ত সীমিত এবং নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এই সেবা অনেক ক্ষেত্রে ব্যয়বহুল। বিশ্বব্যাংক গ্রুপের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, পরিবারগুলো এমন শিশুযত্ন সেবা গ্রহণে বেশি আগ্রহী যা সাশ্রয়ী, হাতের কাছে পাওয়া যায়, বিশ্বাসযোগ্য এবং শিশুদের বিকাশে সহায়ক।
স্বাগত বক্তব্যে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জঁ পেমে বলেন, ‘বাংলাদেশের আরও বেশি কর্মসংস্থান তৈরি করতে হবে। বাড়াতে হবে উৎপাদনশীলতা। দেশের মানবসম্পদের আরও ভালো ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে নারীদের কেন্দ্রে রাখতে হবে। সাশ্রয়ী ও মানসম্মত চাইল্ড কেয়ার নারীদের কাজে যুক্ত হতে এবং কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে। পাশাপাশি শিশুদের জীবনের শুরুটা ভালো করতে ভূমিকা রাখে।’
প্রধান অতিথির বক্তব্যে নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগে যৌথ পরিবারে দাদি, নানি, খালা, মামাসহ পরিবারের অন্য সদস্যরা শিশুদের যত্নে সহযোগিতা করতেন। কিন্তু সামাজিক ও পেশাগত পরিবর্তনের কারণে সেই সহায়তাব্যবস্থা এখন অনেকাংশে কমে গেছে। শিশুদের যত্নের ব্যবস্থা না থাকায় অনেক নারী শিক্ষা ও কর্মক্ষেত্র থেকে ঝরে পড়ছেন। এ ক্ষেত্রে কর্মক্ষেত্র ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ডে-কেয়ার সুবিধা বাড়ানো প্রয়োজন।
নারীদের উচ্চশিক্ষায় ফেরার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, “সন্তান জন্মদান ও যত্নের কারণে কোনো নারী কয়েক বছর পড়াশোনার বাইরে থাকলে তাঁর জন্য উচ্চশিক্ষার সুযোগ বন্ধ করা উচিত নয়। মেধা ও যোগ্যতার ভিত্তিতে তাঁদের শিক্ষায় ফেরার সুযোগ দিতে হবে। এ ক্ষেত্রে উচ্চশিক্ষায় প্রবেশের বয়সসীমা ও শিক্ষাজীবনের বিরতির কারণে সৃষ্ট বাধাগুলো পুনর্বিবেচনা করা প্রয়োজন।”
শিশুদের যত্ন প্রদানকারীদের যথাযথ স্বীকৃতি ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, যত্নের কাজকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে তাঁদের দক্ষতা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। শিশুদের যত্নের ক্ষেত্রে বাড়িভিত্তিক, কমিউনিটিভিত্তিক, প্রাতিষ্ঠানিক ও কারখানাভিত্তিক ব্যবস্থাগুলোকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে হবে। এ জন্য ন্যূনতম মানদণ্ড, গুণগত মান যাচাই ও কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘শিশুযত্নের প্রেক্ষাপট বোঝা: বাংলাদেশের উন্নয়নের পরবর্তী অগ্রাধিকার কেন শিশুযত্ন?’ শীর্ষক তিনটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশনগুলো উপস্থাপন করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া আঞ্চলিক জেন্ডার ইনোভেশন ল্যাবের অর্থনীতিবিদ কেট ভাইবর্নি, সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ফেরদৌসি খানম।