স্মার্টফোনের পর্দায় ভেসে ওঠা ভিডিওর পর কোন ভিডিওটি প্রদর্শিত হবে, তা নির্ধারণ করেন একজন ইউএক্স ডিজাইনার। ঢাকার এক তরুণ সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের জন্য এই দায়িত্ব পালন করতেন। আয় ছিল আকর্ষণীয়, কিন্তু আড়াই মাস আগে তিনি তাঁর কর্মসংস্থান হারান। নাম প্রকাশ না করার শর্তে ওই তরুণ মুক্তকণ্ঠকে বলেন, তিনি যে প্রতিষ্ঠানের হয়ে অনলাইনে কাজ করতেন, সেই প্রতিষ্ঠান তাঁর কাজটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় করাচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, “হঠাৎ একদিন তারা জানাল, আমার পদে আর কর্মীর প্রয়োজন নেই।”

অনুরূপ অভিজ্ঞতা রিমন চৌধুরীর। ২০১৬ সাল থেকে ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাথে যুক্ত তিনি। এক সময়ে তাঁর কাজে ১০ জন কর্মী সহায়তা করতেন। কিন্তু এআই ব্যবহার শুরু করার পর তাঁর আর বাড়তি সহায়তার প্রয়োজন পড়ছে না। পাশাপাশি কাজ পাওয়ার হারও কমেছে। ফলে এখন আর কর্মী রাখার প্রয়োজন দেখছেন না তিনি। রিমন চৌধুরী মুক্তকণ্ঠকে জানান, “এখন এআই দিয়ে নিজেই কাজ করি।”

বাংলাদেশে কর্মসংস্থানের ওপর এআই-এর প্রভাবের বাস্তব উদাহরণ এই দুটি ঘটনা। বিভিন্ন খাতের উদ্যোক্তা ও কোম্পানিগুলোর সাথে কথা বলে জানা গেছে, দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অনেক মানুষ কাজ হারাচ্ছেন। তবে এর পাশাপাশি কোম্পানিগুলোর উৎপাদনশীলতা বাড়ছে এবং একজন দক্ষ কর্মী আগের চেয়ে অনেক বেশি কাজ করতে পারছেন। পাশাপাশি কিছু নতুন ধরনের কাজের সুযোগও তৈরি হচ্ছে।

বাংলাদেশে এআই-এর প্রভাবে ঠিক কতজন কাজ হারিয়েছেন বা কতজন নতুন কর্মসংস্থান পেয়েছেন, তার কোনো নির্ভরযোগ্য সামগ্রিক হিসাব এখন পর্যন্ত নেই। তবে অনলাইন জব প্ল্যাটফর্ম বিডিজবসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৬ সালে প্রযুক্তি খাতে অভিজ্ঞতাহীন বা ফ্রেশারদের চাহিদায় ১০ শতাংশের বেশি হ্রাস ঘটেছে।

এআই-এর প্রভাব নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলছে। ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: জবস, এআই অ্যান্ড ট্রেড’ শীর্ষক বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এআই-এর কারণে দক্ষিণ এশিয়ায় সরাসরি প্রায় ৭ শতাংশ কর্মসংস্থান হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। এই প্রতিবেদনটি তৈরির জন্য ২০২০ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ এশিয়ার ২ কোটি ৮০ লাখ অনলাইন চাকরির বিজ্ঞাপন বিশ্লেষণ করা হয়েছে। বিশ্বব্যাংকের বিশ্লেষণে দেখা গেছে, ওপেন এআই-এর চ্যাটজিপিটি চালুর পর যেসব পেশায় মানুষের বিকল্প হিসেবে এআই ব্যবহারের সুযোগ বেশি, সেই সব পেশায় চাকরির বিজ্ঞপ্তি প্রায় ২০ শতাংশ কমেছে।

মুক্তকণ্ঠ সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিকস ডিজাইন, অডিও তৈরি, ট্রান্সক্রিপশন ও অনুবাদের মতো কাজ করা ছয়টি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে কথা বলেছে। প্রতিষ্ঠানগুলো দেশি ও বিদেশি গ্রাহকদের সেবা দেয়। জানা গেছে, এআই আসার পর গ্রাহকরা এখন কাজের জন্য আগের চেয়ে কম পারিশ্রমিক দিতে চাইছেন, যার প্রভাব পড়ছে প্রতিষ্ঠানের সামগ্রিক আয়ে। এই ছয় প্রতিষ্ঠানের মধ্যে চারজন প্রধান জানিয়েছেন, গত দুই বছরে এআই-এর কারণে তাঁদের আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে, ফলে কর্মী কমানো হয়েছে এবং নতুন নিয়োগ হ্রাস পেয়েছে। বাকি দুটি প্রতিষ্ঠান জানিয়েছে, তারা নতুন কাজের সুযোগ তৈরি করে আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রেখেছে।

দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট ও প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ব্রেন স্টেশন ২৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাইসুল কবির মুক্তকণ্ঠকে বলেন, “এআই আসার পর কাজের জন্য গ্রাহক এখন আগের থেকে কম টাকা দিতে চাইছেন। এর প্রভাব পড়ছে প্রতিষ্ঠানের সামগ্রিক আয়ে।”

দেশীয় পরামর্শক প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স গত জুলাইয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া কনটেন্ট রাইটিং এবং সাধারণ ডেটা অ্যানালাইসিসের মতো ছকবাঁধা কাজের চাহিদা কমে যাচ্ছে। তবে সিইওদের মতে, কর্মী হ্রাস বা আয় কমার একমাত্র কারণ এআই নয়; বিদেশি গ্রাহকদের বাজেট কমা, তীব্র প্রতিযোগিতা কিংবা ব্যবসায়িক সিদ্ধান্তও এর পেছনে ভূমিকা রাখতে পারে।

তরুণদের জন্য কর্মসংস্থানের পরিস্থিতি এমনিতেই কঠিন এমন সময়ে এই পরিবর্তন আসছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে বেকার মানুষের সংখ্যা ২৬ লাখ ২৪ হাজার, যার মধ্যে শিক্ষিতদের বেকারত্বের হার বেশি।

প্রযুক্তি খাতে উৎপাদনশীলতা বাড়লেও নতুনদের জন্য প্রবেশের পথ সংকুচিত হচ্ছে। আগে কোডিং বা সফটওয়্যার তৈরির বিভিন্ন ধাপে অনেক কর্মীর প্রয়োজন হতো, এখন এআই টুল ব্যবহার করে একজন কর্মীই অনেক কাজ করতে পারছেন। ফলে ফ্রেশারদের চাহিদা কমেছে। প্রযুক্তিপ্রতিষ্ঠান ড্রিম ৭১ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির মুক্তকণ্ঠকে বলেন, “আগে যে কাজটি তিনজন প্রোগ্রামার করত, সেটা এখন একজনকে দিয়েই করানো যায়। ফলে ফ্রেশার ডেভেলপারদের চাহিদা অনেকটাই কমে গেছে। সামনে এটা আরও কমতে পারে।”

বিপাকে পড়েছেন ফ্রিল্যান্সাররাও। ঢাকার মিরপুরের বাসিন্দা মেহেদি ইসলাম একটি বিদেশি প্রতিষ্ঠান থেকে কাজ হারানোর পর ফ্রিল্যান্সিং করার চেষ্টা করছেন। তাঁর অভিজ্ঞতা অনুযায়ী, কাজ এবং পারিশ্রমিক উভয়ই কমেছে। মেহেদি মুক্তকণ্ঠকে বলেন, “একসময় মাসে দু-তিনটি লোগো ডিজাইনের কাজ পেতাম। প্রতিটি কাজের জন্য ২০০ থেকে ৬০০ ডলার পর্যন্ত আয় হতো। এখন সেই কাজ নেই। কাজ পাওয়া গেলেও গ্রাহকেরা কম টাকা অফার করছেন।”

বাংলাদেশে কতটি প্রতিষ্ঠানে এআই ব্যবহৃত হচ্ছে তার সঠিক হিসাব না থাকলেও প্রযুক্তি, আর্থিক প্রতিষ্ঠান, গণমাধ্যম ও বেসরকারি খাতে এর ব্যবহার বাড়ছে এবং কাজের ধরন বদলে যাচ্ছে। তবে এআই যেমন গতানুগতিক কাজ কমিয়ে দিচ্ছে, তেমনি নতুন সুযোগও তৈরি করছে। কেউ এআই প্রশিক্ষণ দিয়ে আয় করছেন, কেউ আবার এআই কনসালটেন্সি ফার্ম খুলছেন।

লাইটক্যাসলের বিশ্লেষণ অনুযায়ী, টেমপ্লেটভিত্তিক ওয়েব ডিজাইন এখন এআই দিয়ে সম্ভব হলেও কাস্টম লজিক, নিরাপত্তা এবং বড় প্রতিষ্ঠানের জটিল সংযোগের ক্ষেত্রে মানুষের প্রয়োজন হয়। ফলে এআই ইন্টিগ্রেশন ও চ্যাটবট তৈরির চাহিদা বাড়ছে। আপওয়ার্কের ‘ইন-ডিমান্ড স্কিলস ২০২৬’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে এআই ভিডিও তৈরি ও সম্পাদনার দক্ষতার চাহিদা ৩২৯ শতাংশ বেড়েছে। ব্রেন স্টেশন ২৩-এর রাইসুল কবির জানান, এআইয়ে দক্ষ কর্মীর চাহিদাও বাড়ছে।

তবে এআই-এর দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে দক্ষ কর্মী তৈরির প্রস্তুতিতে বাংলাদেশ পিছিয়ে আছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গ্যালাপ ও মাইক্রোসফটের গত সেপ্টেম্বরের এক জরিপে দেখা গেছে, এআই সম্পর্কে জানেন এমন প্রাপ্তবয়স্কদের মাত্র ৩৪ শতাংশ মনে করেন এটি ভবিষ্যতে উপকারী হবে। ৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের এই হার সবচেয়ে কম।

সরকারের আইসিটি বিভাগ ও যুব উন্নয়ন অধিদপ্তর ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিলেও তা কর্মসংস্থানে কতটা কার্যকর হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইউজিসির খসড়া জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬-৩০), বাধ্যতামূলক আইসিটি কোর্স এবং পাঠ্যক্রম সংশোধনের উদ্যোগ থাকলেও তা শিল্প খাতের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন মনে করেন, বাস্তব কাজের জন্য এআই দক্ষ কর্মী তৈরির ক্ষেত্রে ‘ঢিলেঢালা’ ভাব রয়েছে। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “এআই যত দ্রুত পরিবর্তন আনছে, দক্ষ কর্মী গড়ে তোলার প্রস্তুতি ততটা জোরালো নয়। শুধু নতুন বিভাগ বা ডিগ্রি চালু করলেই হবে না।”

তবে আশার কথা হলো, অনেকে নিজ উদ্যোগে নতুন দক্ষতা শিখছেন। সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানে চাকরি হারানো ওই তরুণ এখন এআই ও মেশিন লার্নিং শিখছেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “টিকে থাকতে হলে সময়ের সঙ্গে নিজেকেও বদলাতে হবে।”