সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম বা 'ট্রাক সেল' প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের নিম্ন আয়ের অসংখ্য মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। জানা গেছে, সর্বশেষ মে মাসে ঈদুল আজহার আগে সংস্থাটি ট্রাকে করে পণ্য বিক্রি করেছিল।
টিসিবি মূলত দুটি পদ্ধতিতে পণ্য বিতরণ করে থাকে। প্রথম পদ্ধতিটি হলো স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে মাসিক পণ্য প্রদান। এই প্রক্রিয়ায় দেশের প্রায় ৭৫ লাখ পরিবার প্রতি মাসে ভর্তুকি মূল্যের পণ্য পায়, যদিও পণ্যের পরিমাণ সীমিত। একজন কার্ডধারী সদস্য পাঁচ কেজি চাল, দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি কিনতে পারেন। বিশেষ প্রয়োজনে মাঝে মাঝে আটা, লবণ, সাবান ও ডিটারজেন্টের মতো পণ্যগুলো এই তালিকায় যুক্ত করা হয়।
দ্বিতীয় পদ্ধতিটি হলো ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি। যারা স্মার্ট কার্ডের আওতায় আসেননি, তারা এই ট্রাকগুলোর মাধ্যমে পণ্য কেনার সুযোগ পান। অতীতে দেখা গেছে, এই পণ্যের জন্য শত শত মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। এমনকি চলন্ত ট্রাকের পেছনে ছুটতে গিয়ে অনেকে আহত হয়েছেন এবং অনেকে পণ্য শেষ হয়ে যাওয়ায় খালি হাতে ফিরে গেছেন।
সাধারণত ভ্রাম্যমাণ ট্রাক থেকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল কেনেন সাধারণ মানুষ। খুচরা বাজার থেকে এই তিনটি পণ্য কিনতে গেলে ৭০০ থেকে ৭২০ টাকা খরচ হয়, যেখানে টিসিবির ট্রাক থেকে কিনলে প্রায় ২২০ থেকে ২৪০ টাকা সাশ্রয় করা সম্ভব। তবে দীর্ঘ ছয় মাস ধরে এই ট্রাক সেল কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষের কষ্ট বাড়ছে।
এই বিষয়ে টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন জানান, সাধারণত ঈদুল ফিতর ও ঈদুল আজহার আগে ট্রাক সেল কর্মসূচি পরিচালনা করা হয়। এছাড়া সরকারের বিশেষ নির্দেশনা থাকলে নির্দিষ্ট সময়ে এই কার্যক্রম চালানো হয়। উদাহরণস্বরূপ, ২০২৪ সালের আগস্ট ও নভেম্বরে দুই দফায় ট্রাক সেল কর্মসূচি চালিয়েছিল টিসিবি। ওই সময়ে স্মার্ট পরিবার কার্ডের বিতরণ কমে যাওয়ায় ট্রাক সেলের পরিধি বাড়ানো হয়েছিল।
অন্যদিকে, বিশ্বব্যাংকের গত মাসের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, গত চার বছরে দেশে নতুন করে ৮০ লাখ মানুষ দরিদ্র হয়ে পড়েছেন। উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রকৃত আয় কমে যাওয়া এবং নতুন কর্মসংস্থানের অভাব এই দারিদ্র্য বৃদ্ধির প্রধান কারণ। এছাড়া প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার সামান্য ওপরে অবস্থান করছেন, যারা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা অর্থনৈতিক ধাক্কায় সহজেই দরিদ্র হয়ে পড়তে পারেন।
অর্থনীতিবিদদের মতে, টিসিবির পরিবার কার্ড পাননি এমন মানুষের সংখ্যা অনেক বেশি। বিশেষ করে ঢাকা শহরের মতো এলাকায় যারা ভাসমান বা অস্থায়ী ঠিকানায় বসবাস করেন, তারা কার্ডের আওতায় আসতে পারেন না। ফলে সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার জন্য টিসিবির ট্রাকই ছিল তাদের একমাত্র ভরসা। যেহেতু এই পণ্যের চাহিদা সব সময়ই থাকে, তাই ট্রাক সেল বন্ধ না করে বরং এর পরিধি আরও বাড়ানো উচিত বলে তারা মনে করেন।
রাজধানীর আরামবাগ ঝিলপাড় এলাকার বাসিন্দা ও গৃহকর্মী নারগিস বেগম জানান, সর্বশেষ ঈদুল আজহার আগে তিনি টিসিবির ট্রাক থেকে পণ্য কিনেছিলেন। গত ছয় মাসে সয়াবিন তেল, চিনি, ব্রয়লার মুরগি, ডিম, মাছ ও সবজিসহ প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়েছে।
নারগিস বেগম আক্ষেপ করে বলেন, “সবকিছুর দামই তো অহন বাড়তি। টিসিবির কার্ড পাইলে সুবিধা হইতো। কার্ডে ৫ কেজি চাল ৩০ টাকা করে পাওয়া যায়। কার্ড পাইবেন পাইবেন কইয়া অনেকে আশা দেয়; কিন্তু কার্ড আর দেয় না। অন্তত ট্রাক থেকে কম দামে কিনতে পারলেও অনেক উপকার হইতো।”