ব্যাটারিচালিত রিকশার (ই–রিকশা) নিবন্ধনের ক্ষেত্রে আবেদনকারীর কাছ থেকে অতিরিক্ত চার ধরনের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। নতুন এই নিয়মে আবেদনকারী কোন এলাকার বাসিন্দা, তাঁর পেশা কী, মাসিক আয় কত এবং তিনি নিজেই ই–রিকশা চালাবেন কি না—এই বিষয়গুলো আবেদন ফরমে উল্লেখ করতে হবে। মূল বিধিমালায় যেসব তথ্যের কথা বলা ছিল, তার বাইরে এই চার বিষয় যুক্ত করে নতুন করে ফরম তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
অন্যদিকে, নিবন্ধন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার আগে অটোরিকশার মোট সংখ্যা নির্ধারণ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুমোদন যাচাই এবং ট্রাফিক বিভাগের সঙ্গে এলাকার সীমানা সমন্বয়ের কাজ চলমান রয়েছে। ঢাকা উত্তর সিটির রাজস্ব বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে এসব তথ্য জানা গেছে।
ঢাকা উত্তর সিটির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম মুক্তকণ্ঠকে বলেন, “আবেদন ফরমে অতিরিক্ত চারটি বিষয় যুক্ত করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ফরম ছাপানোর কাজ শুরু হবে। এরপর তা বিতরণ করা হবে।”
ওই কর্মকর্তা আরও জানান, আবেদন ফরমের মূল্য কত হবে, সে বিষয়েও মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে সংস্থাটি। কারণ, ই-রিকশা চলাচল বিধিমালায় ফরমের দাম নির্ধারণের বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশনা নেই। উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাদের ফরমের দাম ১০০ টাকা নির্ধারণ করেছে।
এক লাখ ফরম বিক্রির পরিকল্পনা
ঢাকা উত্তর সিটি করপোরেশন তাদের আওতাধীন ১০টি অঞ্চলে ১০ হাজার করে মোট এক লাখ ই–রিকশার নিবন্ধন ফরম বিক্রির পরিকল্পনা করছে। এই অঞ্চলগুলোকে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের চারটি বিভাগের সঙ্গে সমন্বয় করা হবে। প্রতিটি অঞ্চলের জন্য আলাদা আলাদা চার রঙের আবেদন ফরম তৈরি করা হবে। ফরমে ট্রাফিক জোনের নামের পাশাপাশি বন্ধনীর মধ্যে ডিএনসিসির সংশ্লিষ্ট জোনের নাম উল্লেখ থাকবে।
রাজস্ব বিভাগের সূত্র অনুযায়ী, কতটি ই–রিকশার নিবন্ধন দেওয়া হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। ডিএমপির ট্রাফিক বিভাগ বর্তমানে এ বিষয়ে জরিপ চালাচ্ছে। তাদের সঙ্গে আলোচনা এবং সুপারিশের ভিত্তিতেই প্রতিটি জোনে কতটি অটোরিকশা চলতে পারবে তা নির্ধারণ করা হবে। ফলে প্রাথমিকভাবে ফরম বিতরণের যে পরিকল্পনা করা হয়েছে, তা পরিবর্তিত হতে পারে।
আগে বাহন, পরে আবেদন
ঢাকা উত্তর সিটির পরিকল্পনা অনুযায়ী, আগ্রহী ব্যক্তিরা প্রথমে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। তবে অটোরিকশা ক্রয় না করে আবেদন জমা দেওয়া যাবে না। অর্থাৎ, গাড়ি কেনার পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে। এই গাড়িগুলো অবশ্যই অনুমোদিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কিনতে হবে।
আবেদন ফরমে অটোরিকশার নম্বর, ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, মোটর নম্বর ও ব্যাটারির নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এসব তথ্যের মাধ্যমেই গাড়ির পরিচয় এবং কারিগরি বৈশিষ্ট্য যাচাই করা হবে।
সাত প্রতিষ্ঠানকে উৎপাদনের অনুমতি
ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধনের অন্যতম প্রধান শর্ত হলো, গাড়িটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত নকশা ও কারিগরি মানদণ্ড অনুযায়ী তৈরি হতে হবে। এজন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে এবং পরবর্তীতে বুয়েটের কাছ থেকে কারিগরি অনুমোদন সংগ্রহ করতে হবে।
ডিএনসিসির রাজস্ব বিভাগের ওই কর্মকর্তা জানান, এ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাতটি প্রতিষ্ঠান সারা দেশে নির্ধারিত নকশায় অটোরিকশা উৎপাদনের অনুমতি পেয়েছে। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান ইতিমধ্যে উৎপাদন শুরু করেছে এবং বাকি দুটি প্রতিষ্ঠান অনুমোদন পেলেও এখনো উৎপাদনে যায়নি। উৎপাদন শুরু করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নিউ গ্রামীণ মোটরস, ডাইনামিক মোটরস, ডায়াস্টার (হাইটেক পাওয়ার), মনির অটো ও আকিজ মোটরস।
বুয়েটের অনুমোদিত নকশা অনুযায়ী অটোরিকশা তৈরি করতে আগ্রহী নতুন কোনো প্রতিষ্ঠানও উৎপাদনের অনুমতি নিতে পারবে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে প্রথমে মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। মন্ত্রণালয় অনুমতি দিলে প্রতিষ্ঠানটি বুয়েটের কারিগরি অনুমোদনের জন্য আবেদন করতে পারবে।
চলবে শুধু নির্দিষ্ট এলাকায়
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করেছে। দেশের সব সিটি করপোরেশন এলাকায় এই বিধিমালা কার্যকর হবে।
বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না। প্রতিটি নিবন্ধিত অটোরিকশার জন্য কিউআর কোডযুক্ত আলাদা নম্বর ও নম্বরপ্লেট থাকবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত অটোরিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না।
বিধিমালায় জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস চলাচলের সড়ক এবং কর্তৃপক্ষের নির্ধারিত সড়কে ই-রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ফুটপাতেও এসব যান চলতে পারবে না। কোন সড়কে চলাচল করতে পারবে, তা সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে নির্ধারণ করবে।
১ নভেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, “ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন—প্রতিটিতে চারটি করে মোট আটটি জোন করা হবে। প্রতিটি জোনের অটোরিকশার রং আলাদা হবে। এক জোনের নিবন্ধিত অটোরিকশা অন্য জোনে চলতে পারবে না। তবে চালকদের জন্য আপাতত আলাদা ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। নিবন্ধনপ্রক্রিয়া এগিয়ে গেলে পর্যায়ক্রমে চালকদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আবেদন ফরম বিক্রি শুরু করলেও সংস্থাটি স্পষ্ট করেছে, ফরম সংগ্রহ করলেই অটোরিকশা চালানোর অনুমতি পাওয়া যাবে না। গাড়ি নির্ধারিত নকশা ও কারিগরি মানদণ্ড অনুযায়ী তৈরি হতে হবে। বুয়েটের ছাড়পত্রসহ বিধিমালার অন্যান্য শর্ত পূরণ করে আবেদন জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া হবে।
সংস্থাটি প্রাথমিকভাবে তাঁদের আওতাধীন ১০ অঞ্চলে ১৫ হাজার করে দেড় লাখ অটোরিকশার নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই হিসেবে শুরুতে ঢাকার দুই সিটিতে অন্তত আড়াই লাখ নতুন ব্যাটারিচালিত অটোরিকশা নামবে।
বর্তমানে ঢাকায় যেসব ব্যাটারিচালিত রিকশা চলাচল করে, সেগুলোর মালিকানা দুই ধরনের। কিছু রিকশার চালক নিজেই মালিক। ফলে তিনি যা আয় করেন, তা নিজেরই থাকছে। তবে ব্যাটারি চার্জ দেওয়া এবং গ্যারেজে রাখার জন্য ভাড়া দিতে হয়। অন্যদিকে কিছুটা বিত্তশালী, রাজনৈতিকভাবে প্রভাব রয়েছে, এমন ব্যক্তিদের অনেকের ৫০ কিংবা ১০০টি পর্যন্ত রিকশা আছে। রিকশা রাখার গ্যারেজ ও চার্জ দেওয়ার ব্যবস্থা মালিকেরা করে থাকেন। তাঁরা নির্দিষ্ট পরিমাণ দৈনিক ‘জমা’র ভিত্তিতে চালকদের রিকশা ভাড়া দেন।