রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, করপোরেশনের চারটি ভিন্ন অঞ্চলে সবুজ, নীল, বেগুনি ও কমলা—এই চার রঙের ই-রিকশা চলাচল করবে। আজ রোববার বিকেলে নগর ভবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক পরীক্ষিত ১৩টি প্রতিষ্ঠানের মডেল ই-রিকশা পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। পরিদর্শনকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ডিএসসিসি সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, করপোরেশন এলাকায় চলাচলের উপযোগী ই-রিকশা তৈরির লক্ষ্যে এখন পর্যন্ত ১১টি প্রতিষ্ঠানের নকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় (সেফটি টেস্ট) সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এছাড়া আরও চারটি প্রতিষ্ঠানের নকশা বর্তমানে পরীক্ষার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। পরবর্তী পর্যায়ে, যেসব প্রতিষ্ঠান এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারা নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্রসহ সিটি করপোরেশনে আবেদন করবে। কর্তৃপক্ষ এসব কাগজপত্র যাচাই-বাছাই করবে এবং সংশ্লিষ্ট কারখানা পরিদর্শন করে সন্তোষজনক ফলাফল পাওয়া গেলে তাদের ই-রিকশা উৎপাদনের চূড়ান্ত অনুমতি প্রদান করা হবে।
পরিদর্শন কর্মসূচি চলাকালীন বর্তমান অটোরিকশাগুলোর ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ‘বিষয়টি নতুন বা পুরোনো মডেলের নয়; বরং যাত্রীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাই এখানে মুখ্য। বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন বা পুরোনো যেকোনো মডেলকেই লাইসেন্স দেওয়া হবে। তবে নির্দিষ্ট জোনে নির্ধারিত সংখ্যার বেশি কাউকেই লাইসেন্স দেওয়া হবে না।’
তিনি আরও উল্লেখ করেন যে, উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান এবং মালিকদের নিবন্ধন—উভয় প্রক্রিয়াতেই নির্ধারিত নীতিমালা শতভাগ অনুসরণ করা হবে।
ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারি করা ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’-এর শর্তাবলী মেনে একজন মালিক সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। উল্লেখ্য, গত ৩ নভেম্বর থেকে নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে এবং আজ রোববার পর্যন্ত প্রায় ২৭ হাজার ফরম বিক্রি করা হয়েছে।