জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। পরীক্ষার আগের রাতে এই পদে নিয়োগ নিশ্চিত করার বিনিময়ে এক প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
আজ শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকাল পৌনে ১০টার দিকে অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ জারি করেন জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। আকস্মিক এই স্থগিতাদেশের ফলে দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন। একই সঙ্গে পরীক্ষা স্থগিতের প্রকৃত ও সুনির্দিষ্ট কারণ নিয়ে প্রার্থীদের মধ্যে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জানা গেছে, হিসাব সহকারী পদের জন্য মোট ১৪ জন প্রার্থী আবেদন করেছিলেন। আজ সকালে পরীক্ষা দিতে ছয়জন প্রার্থী কেন্দ্র জয়পুরহাট সরকারি মহিলা কলেজে উপস্থিত হন। তাঁদের মধ্যে ৩০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠা প্রার্থী আবু রায়হান মণ্ডলও উপস্থিত ছিলেন।
তবে আবু রায়হান মণ্ডল ঘুষ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, “সকাল ১০টায় পরীক্ষা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়েও পরীক্ষা আয়োজনের কোনো লক্ষণ দেখতে পাননি। তিনি কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করেননি।”
এই ঘটনার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আয়োজন কেন্দ্র জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। তিনি জানান, নিয়োগ বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজন নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়েছিলেন। তবে নিয়োগ বোর্ডে কলেজের পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিনকে তিনি দেখেননি এবং তাঁর সঙ্গে মুঠোফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এই অনিবার্য পরিস্থিতির কারণেই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে, তাজ উদ্দিনের দাবি ভিন্ন। তাঁর মতে, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি উপস্থিত না হওয়ায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ফেসবুকে তো কত কিছুই বলা হয়। টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।”
নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার। শুক্রবার দুপুরে মুঠোফোনে তিনি জানান, পরীক্ষা কেন স্থগিত করা হয়েছে, এ বিষয়ে তিনি জেলা প্রশাসকের কাছে একটি লিখিত প্রতিবেদন জমা দেবেন।
এদিকে, কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিকের মুঠোফোনে কল করা হলেও তিনি তা ধরেননি। ফলে এই বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।