পবিত্র কোরআনের পাতায় এমন এক পিতা ও পুত্রের শাসনজীবনের কথা বর্ণিত হয়েছে, যাঁরা একই সঙ্গে আল্লাহর নবী ছিলেন এবং রাজত্বের দায়িত্ব পালন করেছেন। তাঁরা হলেন নবী দাউদ (আ.) এবং তাঁর পুত্র নবী সোলাইমান (আ.)। একজন আদর্শ শাসকের জন্য তাঁদের জীবন ও শাসনপদ্ধতির মধ্যে রয়েছে অনুসরণীয় অসংখ্য শিক্ষা।
সাধারণত জ্ঞান ও প্রজ্ঞাহীন ক্ষমতা অনেক ক্ষেত্রে অন্যায় ও বিশৃঙ্খলার জন্ম দেয়। তাই কোরআনে দাউদ ও সোলাইমান (আ.)-এর আলোচনা করতে গিয়ে প্রথমেই তাঁদের জ্ঞানপ্রাপ্তির বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘আমি অবশ্যই দাউদ ও সোলাইমানকে জ্ঞান দান করেছিলাম।’ (সুরা নামল, আয়াত: ১৫)
যেকোনো শাসকের মৌলিক দায়িত্ব হলো সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা নবী দাউদকে এই বিষয়ে নির্দেশ দিয়ে বলেন, ‘আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি। অতএব তুমি মানুষের মধ্যে ন্যায়বিচার করো এবং প্রবৃত্তির অনুসরণ করো না..।’ (সুরা সোয়াদ, আয়াত: ২৬)
রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য একজন যোগ্য উত্তরসূরি তৈরি করা অত্যন্ত জরুরি। কোরআনে বর্ণিত হয়েছে যে, ‘সোলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল।’ (সুরা নামল, আয়াত: ১৬)
নবী সোলাইমান (আ.) তাঁর পিতার উত্তরসূরি হিসেবে নবুয়ত এবং বিশেষ জ্ঞানের অধিকারী হয়েছিলেন। তাঁর শাসনব্যবস্থা ছিল অত্যন্ত বিস্তৃত, যেখানে জিন, মানুষ এবং পাখিদের সমন্বয়ে গঠিত এক বিশাল বাহিনী তাঁর অধীনে ছিল। একবার তিনি তাঁর এই বিশাল বাহিনী নিয়ে পিঁপড়াদের উপত্যকা অতিক্রম করছিলেন। সেই সময় একটি পিঁপড়া অন্য পিঁপড়াদের সতর্ক করে বলে, তারা যেন দ্রুত নিজেদের ঘরে প্রবেশ করে; অন্যথায় সোলাইমান (আ.) ও তাঁর বাহিনী অজান্তেই তাদের পিষে ফেলতে পারে। পিঁপড়ার এই কথা শুনে সোলাইমান (আ.) মুচকি হাসলেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায়ের তৌফিক চাইলেন। (সুরা নামল, আয়াত: ১৮-১৯)
ক্ষমতার প্রভাব যেন সাধারণ মানুষের কোনো ক্ষতির কারণ না হয়, সেদিকে খেয়াল রাখা একজন শাসকের প্রধান দায়িত্ব। এর পাশাপাশি শাসকের বিনয়ী হওয়া প্রয়োজন। কোরআনে বলা হয়েছে, ‘আমি দাউদকে সোলাইমান দান করেছিলাম। সে ছিল কতই না উত্তম বান্দা! নিশ্চয়ই সে ছিল আল্লাহর প্রতি অধিক অনুরাগী।’ (সুরা সোয়াদ, আয়াত: ৩০)
সুশৃঙ্খল শাসনব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো অধীনস্থদের কাজের যথাযথ তদারকি এবং জবাবদিহিতা নিশ্চিত করা। একবার নবী সোলাইমান (আ.) পাখিদের খোঁজ নিতে গিয়ে লক্ষ্য করলেন যে হুদহুদ পাখিটি অনুপস্থিত। তিনি এই অনুপস্থিতির কারণ জানতে চাইলেন এবং যথাযথ কারণ দর্শাতে না পারলে শাস্তির কথা ঘোষণা করলেন। পরবর্তীতে হুদহুদ যখন সাবা রাজ্যের সংবাদ নিয়ে এল, তখন তিনি অন্ধভাবে তা বিশ্বাস না করে তথ্যের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নিলেন। (সুরা নামল, আয়াত: ২০-২৮)
শাসকের হাতে থাকা সম্পদ, প্রযুক্তি ও শক্তি সর্বদা মানুষের কল্যাণে ব্যয় করা উচিত। নবী দাউদের জন্য আল্লাহ লোহাকে নরম করে দিয়েছিলেন, যা দিয়ে তিনি বর্ম তৈরি করতেন। অন্যদিকে, সোলাইমান (আ.)-এর জন্য বাতাস ও জিনদের অনুগত করে দেওয়া হয়েছিল, যাদের মাধ্যমে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক স্থাপনা নির্মাণ করাতেন। (সুরা সাবা, আয়াত: ১০-১৩)
নবী সোলাইমান (আ.) মৃত্যুর আগ পর্যন্ত জিনদের দিয়ে কাজ করিয়ে নিয়েছিলেন। তিনি একটি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেন। একসময় ঘুণপোকা সেই লাঠিটি খেয়ে ফেললে তাঁর দেহ মাটিতে পড়ে যায় এবং তখন জিনেরা বুঝতে পারে যে তিনি আগেই ইন্তেকাল করেছেন। (সুরা সাবা, আয়াত: ১৪)।
— মাহমুদ হাসান ফাহিম : আলেম ও লেখক