পবিত্র কাবা শরিফে তাওয়াফ করার সময় মানুষের ভিড়ের মাঝে কাবার দরজার ঠিক ডান পাশে লক্ষ্য করা যায় হলুদাভ বাদামি রঙের আটটি পাথরের টুকরো। কাবার দেয়ালের গোড়ার সাদা মার্বেলের ভিত্তি, যাকে বলা হয় শাজারাওয়ান, তার ওপর সারি দিয়ে এই পাথরগুলো বসানো রয়েছে।
অনেকে সেখানে এসে ক্ষণিকের জন্য থামেন, কেউ কেউ ছবি তোলেন, আবার অনেকেই দ্রুত এগিয়ে যান। তবে এই ছোট ছোট পাথরগুলো ধরে রেখেছে মসজিদুল হারামের এমন এক বিশেষ স্থানের স্মৃতি, যার সাথে নামাজের ইতিহাস ও শিক্ষা গভীরভাবে জড়িয়ে আছে।
এই পাথরগুলোর মধ্যে সবচেয়ে বড়টির দৈর্ঘ্য প্রায় ৩৩ সেন্টিমিটার এবং প্রস্থ ২১ সেন্টিমিটার। সৌদি আরবের হারামাইন বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, এই পাথরগুলোর বয়স আটশো বছরেরও বেশি। আরবিতে এগুলোকে বলা হয় ‘মারমার’, যা বাংলায় অ্যালাবাস্টার বা মার্বেল পাথর হিসেবে পরিচিত। প্রায় ৮০৭ বছরের পুরোনো এই পাথরগুলো বিশ্বের সবচেয়ে বিরল মার্বেল পাথরের অন্যতম, যা ‘মেরি স্টোন’ নামেও পরিচিত।
মূলত এই পাথরগুলো আগে এখানে ছিল না। কাবার দরজার ডান পাশে, দেয়াল ঘেঁষে তাওয়াফের মেঝের চেয়ে নিচু একটি খাঁজ ছিল। মক্কার ইতিহাসের গবেষক মানসুর আদ-দাআজানি জানান, ওই খাঁজটি দৈর্ঘ্যে প্রায় দুই মিটার, প্রস্থে ১১২ সেন্টিমিটার এবং গভীরতায় ২৮ সেন্টিমিটারের মতো ছিল। সেখানে একজনের বেশি মানুষ দাঁড়াতে পারতেন না।
এই স্থানটি ‘আল-মাজান’ নামে পরিচিত, যার অর্থ হলো খামির বা কাদা মাখার জায়গা। ওসমানিয়া ইতিহাসবিদ আইয়ুব সাবরি পাশা তাঁর মিরআতুল হারামাইন গ্রন্থে লিখেছেন, “বলা হয় ইব্রাহিম (আ.) কাবা নির্মাণের সময় পাথরের ওপর পাথর সাজাতে এখানে কাদা মেখেছিলেন।”
তবে ইসলামপূর্ব কোনো বিবরণে এই খাঁজের উল্লেখ পাওয়া যায় না। ফেরেশতা জিবরাইল (আ.)-এর ইমামতির ঘটনার পর থেকে এই খাঁজটি পরিচিতি পায়। হাদিসে বর্ণিত আছে, মহানবী (সা.) বলেছেন, “জিবরাইল কাবার কাছে দুই দিন তাঁর ইমামতি করেছেন। প্রথম দিন প্রতিটি নামাজ পড়িয়েছেন ওয়াক্ত শুরুর সময়ে, পরদিন ওয়াক্ত শেষ হওয়ার কাছাকাছি সময়ে। তারপর বলেছেন, ‘এই দুই সময়ের মাঝখানেই নামাজের ওয়াক্ত। এটাই আপনার আগের নবীদেরও সময়।’” (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৯৩)
হাদিসে স্থানটি ‘বাইতুল্লাহর কাছে’ বলে উল্লেখ করা হয়েছে, তবে সেখানে কোনো খাঁজের কথা বলা হয়নি। পরবর্তীকালের ঐতিহাসিকেরা এই খাঁজটিকেই সেই বিশেষ স্থান হিসেবে চিহ্নিত করেছেন। সপ্তম হিজরি শতকের আলেম ও বিচারক ইজ্জ ইবনে আবদুস সালামের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, কাবার দেয়াল-লাগোয়া যে গর্তকে সাধারণ মানুষ ‘মাজান’ বলে, সেখানেই জিবরাইল (আ.) দুই দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়েছিলেন।
ঐতিহাসিকদের এক বর্ণনা অনুযায়ী, উম্মে নাহশালের বন্যার পর মাকামে ইবরাহিমও একসময় এই খাঁজের এক অংশে রাখা হয়েছিল, যতক্ষণ না উমর (রা.) সেটি পুনরায় যথাস্থানে ফিরিয়ে আনেন।
খাঁজটিতে একজনের বেশি দাঁড়ানোর জায়গা না থাকায় তাওয়াফের সময় ভিড় আরও জটিল হয়ে উঠত। বিশেষ করে হজের মৌসুমে তাওয়াফকারীদের অনেকে ওই খাঁজে পড়ে যেতেন। শেষ পর্যন্ত এই সমস্যা দূর করতে খাঁজটি ভরাট করে ফেলা হয়।
৬৩১ হিজরিতে (প্রায় ১২৩৩–৩৪ খ্রিষ্টাব্দ) এই খাঁজে পাথরগুলো বসানো হয়। হারামাইন গবেষক মুহিউদ্দিন আল-হাশিমি জানিয়েছেন, মাতাফ বা তাওয়াফের চত্বর সংস্কারের সময় এক আব্বাসি খলিফা এই পাথরগুলো মসজিদুল হারামকে উপহার দিয়েছিলেন। একটি নীল পাথরের নিচে লেখা তারিখ থেকে এই সালটি জানা গেছে। খলিফার নাম আবু জাফর আল-মানসুর হিসেবে উল্লেখ করা হয়। তবে তিনি দ্বিতীয় খলিফা আবু জাফর আল-মানসুর (মৃ. ১৫৮ হি.) নন, বরং খলিফা আল-মুস্তানসির বিল্লাহ (শাসনকাল ৬২৩–৬৪০ হি.), যাঁর উপনাম ছিল আবু জাফর এবং উপাধি ছিল আল-মানসুর।
১২১৩ হিজরিতে (প্রায় ১৭৯৮–৯৯ খ্রি.) পাথরগুলো চুরি হয়ে যায়। ইতিহাসবিদ আইয়ুব সাবরি পাশা তাঁর মিরআতুল হারামাইন গ্রন্থে এই ঘটনার কথা উল্লেখ করেছেন। তবে কে চুরি করেছিল বা কীভাবে হারামের ভেতর থেকে পাথরগুলো বের করা হয়েছিল, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
দীর্ঘ ১৬৪ বছর ধরে এই পাথরগুলো নিখোঁজ ছিল। পরবর্তীতে এক ব্যক্তির মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া জিনিসের মধ্যে এই পাথরগুলো পাওয়া যায়। দীর্ঘ আইনি ও ঐতিহাসিক প্রক্রিয়ার পর ১৩৭৭ হিজরিতে এই দুর্লভ অ্যালাবাস্টার পাথরগুলো পুনরায় সসম্মানে কাবার আগের জায়গায় স্থাপন করা হয়।
১৩৭৭ হিজরিতে (প্রায় ১৯৫৭–৫৮ খ্রি.) সৌদি আমলের প্রথম হারাম সম্প্রসারণের সময় দেখা যায়, ওই খাঁজটি এক ধরনের সমস্যা তৈরি করছে। মানুষ সেখানে নামাজ পড়তে ভিড় করত, ফলে তাওয়াফকারীদের চলাচলে বাধা সৃষ্টি হতো। একজনের বেশি দাঁড়ানোর জায়গা না থাকায় ভিড় আরও জটিল হতো। হজের মৌসুমে তাওয়াফের সময় কেউ কেউ খাঁজে পড়ে যেতেন। শেষে খাঁজটি ভরাট করে ফেলা হয়। চিহ্ন হিসেবে পাথরগুলো তুলে বসানো হয় শাজারওয়ানে, ভরাট হওয়া জায়গার ঠিক উল্টো দিকে।
পরবর্তী দশকগুলোতেও পাথরগুলো টিকে থাকে। ১৪১৭ হিজরিতে (প্রায় ১৯৯৬–৯৭ খ্রি.) কাবার সংস্কারের সময় শাজারওয়ানের পুরোনো মার্বেল বদলে নতুন মার্বেল বসানো হয়। এরপর দরজার নিচের সেই প্রাচীন স্থানে আবারও পাথরগুলো যথাস্থানে রাখা হয়।
কাবা শরিফের গায়ে খোদাই করা এই প্রাচীন অ্যালাবাস্টার পাথরের টুকরোগুলো নিছক কোনো সাধারণ মার্বেল পাথর নয়; বরং এগুলো ইব্রাহিমি ঐতিহ্য, নবীজির স্মৃতি এবং নামাজের মতো পবিত্র ইবাদতের আদি ইতিহাসের জীবন্ত সাক্ষী।
ঘটনাপ্রবাহের সংক্ষিপ্ত তালিকা:
৬৩১ হিজরি (প্রায় ১২৩৩–৩৪ খ্রি.): মাতাফ সংস্কারের সময় পাথর উপহার ও খাঁজে স্থাপন।
১২১৩ হিজরি (প্রায় ১৭৯৮–৯৯ খ্রি.): চুরি এবং পরবর্তীতে উদ্ধার।
১৩৭৭ হিজরি (প্রায় ১৯৫৭–৫৮ খ্রি.): খাঁজ ভরাট ও শাজারওয়ানে স্থানান্তর।
১৪১৭ হিজরি (প্রায় ১৯৯৬–৯৭ খ্রি.): শাজারওয়ানের মার্বেল বদলের সময় প্রাচীন টুকরোগুলো সংরক্ষণ ও পুনঃস্থাপন।
বায়তুল্লাহর চত্বরে পা রাখলে এই পাথরগুলোর ইতিহাস প্রতিটি মুমিনের হৃদয়কে মহান আল্লাহর কুদরত এবং ইসলামের সুমহান ঐতিহ্যের স্মরণে উদ্বেলিত করে।