একটি ঘর নির্মাণের দৃশ্য কল্পনা করুন। সেখানে পিতা পাথর বসাচ্ছেন এবং পুত্র অত্যন্ত যত্নে তাঁকে পাথর এগিয়ে দিচ্ছেন। এই দৃশ্যটি কোনো সাধারণ গৃহ নির্মাণের নয়; বরং তাঁরা নির্মাণ করছিলেন পবিত্র কাবাঘর। এই মহান কারিগর ছিলেন পিতা নবী ইব্রাহিম এবং পুত্র নবী ইসমাইল (আ.)।
পৃথিবীর কোটি কোটি মুসলমান প্রতিদিন যে কাবাঘরের দিকে মুখ করে নামাজ আদায় করেন, সেই পবিত্র গৃহের নির্মাণকাজের সঙ্গে জড়িয়ে আছে পিতা ও পুত্রের সম্মিলিত শ্রমের এক অবিস্মরণীয় স্মৃতি। এটি কেবল একটি নির্মাণকাজ ছিল না, বরং এটি ছিল পারিবারিক দায়িত্ববোধ, সন্তানের সহযোগিতা এবং আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত।
পিতার আহ্বানে সন্তানের সাড়া
নবী ইসমাইল (আ.) তখন প্রাপ্তবয়স্ক হয়েছেন। একদিন ইব্রাহিম (আ.) মক্কায় আগমন করেন। সেখানে জমজম কূপের নিকটবর্তী একটি গাছের নিচে বসে ইসমাইল (আ.) তাঁর তির মেরামত করছিলেন। পিতাকে দেখতে পেয়েই তিনি দ্রুত দৌড়ে তাঁর কাছে এগিয়ে যান। পিতা ও পুত্রের দীর্ঘদিনের পর এই সাক্ষাতে দুজনের মধ্যে উষ্ণ কুশল বিনিময় হয়।
এরপর ইব্রাহিম (আ.) তাঁর পুত্রকে জানালেন যে, আল্লাহ তাআলা তাঁকে একটি বিশেষ কাজের নির্দেশ দিয়েছেন। এই কথা শুনে ইসমাইল (আ.) অত্যন্ত বিনয়ের সাথে বললেন, ‘আপনার রব আপনাকে যা আদেশ করেছেন, আপনি তা-ই করুন।’
ইব্রাহিম (আ.) তাঁর ছেলেকে জিজ্ঞাসা করলেন, ‘এ কাজে তুমি কি আমাকে সাহায্য করবে?’ ইসমাইল (আ.) পূর্ণ সম্মতি জানিয়ে উত্তর দিলেন, ‘আমি আপনার সহযোগী হব।’
পিতার মুখে আল্লাহর নির্দেশের কথা শুনে ইসমাইলের এই তাৎক্ষণিক সাড়া ছিল নিঃশর্ত আনুগত্যের বহিঃপ্রকাশ। তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে, এটি তাঁর পিতার ব্যক্তিগত কোনো ইচ্ছা নয়; বরং আল্লাহর নির্দেশ বাস্তবায়নের এক মহান ও পবিত্র দায়িত্ব।
পাথর এগিয়ে দিলেন ইসমাইল
ইব্রাহিম (আ.) কাবাঘর নির্মাণের জন্য নির্ধারিত নির্দিষ্ট স্থানে গেলেন এবং জানালেন যে, আল্লাহ তাঁকে এখানে একটি ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। এরপর পিতা ও পুত্র উভয়ে মিলে কাবাঘরের ভিত্তি উঁচু করতে শুরু করলেন। ইব্রাহিম (আ.) পাথর বসাতে থাকলেন এবং ইসমাইল (আ.) তাঁকে নিরলসভাবে পাথর এনে দিতে লাগলেন।
মাকামে ইব্রাহিম
নির্মাণকাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেয়ালগুলো ক্রমশ উঁচু হতে থাকে। একপর্যায়ে ইব্রাহিমের পক্ষে আগের মতো সহজে পাথর বসানো কঠিন হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে ইসমাইল (আ.) একটি পাথর এনে তাঁর জন্য রাখেন। এই বিশেষ পাথরটিই ইতিহাসে ‘মাকামে ইব্রাহিম’ নামে পরিচিত।
ইব্রাহিম (আ.) সেই পাথরের ওপর দাঁড়িয়ে নির্মাণকাজ চালিয়ে যান এবং ইসমাইল (আ.) তাঁকে পাথর এগিয়ে দিতে থাকেন। এভাবেই দুজনের সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র কাবাঘরের নির্মাণকাজ সম্পন্ন হয়। (সহিহ বুখারি, হাদিস: ৩৩৬৪)
কোরআনে তাঁদের স্মরণ
পবিত্র কোরআনে তাঁদের এই মহৎ কাজের কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আলোচনা করা হয়েছে। কোরআনের সংক্ষিপ্ত বর্ণনায় পিতা ও পুত্রের এই সম্মিলিত শ্রমের চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে। আল্লাহ বলেন, ‘আর স্মরণ করুন, যখন ইব্রাহিম ও ইসমাইল ঘরের ভিত্তি উঁচু করছিলেন।’ (সুরা বাকারা, আয়াত: ১২৭)
ইব্রাহিম (আ.) কাবা নির্মাণের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে তাঁর পুত্রকে সঙ্গে নিয়েছিলেন। এর ফলে ইসমাইল (আ.) শুধু পিতার সহযোগীই ছিলেন না, বরং একটি মহান ইবাদতের অংশীদার হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া
কাবাঘর নির্মাণের সময় ইব্রাহিম ও ইসমাইল (আ.) শুধু কায়িক শ্রমই দেননি, বরং তাঁদের এই আমল কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে আকুল প্রার্থনাও করেছেন। পবিত্র কোরআনে তাঁদের সেই দোয়া সংরক্ষিত রয়েছে। তাঁরা বলেছিলেন, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ (সুরা বাকারা, আয়াত: ১২৭)
আল্লাহর ঘর নির্মাণের মতো এত মহান কাজ সম্পন্ন করেও তাঁরা আত্মতৃপ্তিতে ভোগেননি; বরং কাজটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, কোনো ভালো কাজ করেই নিজেকে সফল মনে করে বসে থাকা উচিত নয়, বরং কাজটি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দোয়া অব্যাহত রাখা প্রয়োজন।
কাবাঘর নির্মাণের পর তাঁরা ভবিষ্যৎ বংশধরদের আল্লাহর অনুগত হওয়ার জন্যও প্রার্থনা করেন। তাঁদের সেই প্রার্থনা ছিল, ‘হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্য থেকেও আপনার অনুগত একটি জাতি সৃষ্টি করুন।’ (সুরা বাকারা, আয়াত: ১২৮)
আমাদের জন্য শিক্ষা
ইব্রাহিম ও ইসমাইলের কাবা নির্মাণের এই ঘটনাটি পরিবারে পারস্পরিক সহযোগিতার গুরুত্বকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। ইসমাইল (আ.) পিতার পাশে দাঁড়িয়েছিলেন, তাঁর কাজে শ্রম দিয়েছেন এবং আল্লাহর নির্দেশ পালনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। বর্তমান সময়ের সন্তানদেরও উচিত মা-বাবার ন্যায়সংগত ও কল্যাণকর কাজে সর্বোচ্চ সহযোগিতা করা।
অন্যদিকে, মা-বাবার জন্যও এই ঘটনায় রয়েছে এক গুরুত্বপূর্ণ শিক্ষা। শুধু উপদেশ দিয়ে সন্তানকে দায়িত্বশীল করে তোলা সম্ভব নয়; বরং ভালো কাজে তাকে সরাসরি সঙ্গে নিতে হয়। ইব্রাহিম (আ.) কাবা নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজে ছেলেকে সঙ্গে নিয়েছিলেন। ফলে ইসমাইল (আ.) শুধু পিতার সহযোগীই ছিলেন না, বরং একটি মহান ইবাদতের অংশীদার হয়েছিলেন।
— মাহমুদ হাসান ফাহিম: আলেম ও লেখক