নিয়ন্ত্রণহীন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের কার্যক্রম দ্রুত বন্ধ করার লক্ষ্যে নতুন এক প্রযুক্তিসুবিধা যুক্ত করেছে প্রতিষ্ঠান ওপেনএআই। ‘কন্ট্রোল রুম’ নামে পরিচিত এই নতুন ব্যবস্থাটি অনেকটা জরুরি মুহূর্তে ব্যবহৃত সুইচ বন্ধ করার মতো কাজ করবে। ওপেনএআইয়ের দাবি অনুযায়ী, এই প্রযুক্তিসুবিধা ব্যবহার করে সর্বোচ্চ ৩৫ সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণহীন এআই মডেলের যাবতীয় কার্যক্রম থামিয়ে দেওয়া সম্ভব হবে।

একটি ব্লগ বার্তার মাধ্যমে ওপেনএআই জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ও সুরক্ষাঝুঁকির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে এই কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। মূলত এটি এক ধরনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থা, যা এআই মডেলের মাধ্যমে পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ডের ওপর সার্বক্ষণিক নজরদারি করবে। এআই মডেল বা এজেন্টের অস্বাভাবিক আচরণ এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করার প্রবণতা শনাক্ত করার জন্য ইতিমধ্যে ওপেনএআইয়ের বিদ্যমান পর্যবেক্ষণব্যবস্থার সাথে এই নতুন প্রযুক্তিসুবিধাটি যুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে যদি কন্ট্রোল রুম অকার্যকর হয়ে পড়ে, তবে এআই মডেল অনুমতি ছাড়া কোনো কাজ চালিয়ে যেতে পারবে না।

ওপেনএআইয়ের এই কন্ট্রোল রুম প্রযুক্তিটি মূলত ওয়ার্কলোড, ইনফারেন্স ইঞ্জিন এবং কেন্দ্রীয় কন্ট্রোল রুম সার্ভিসের সমন্বয়ে গঠিত। এখানে ওয়ার্কলোড বলতে এআই মডেলকে দিয়ে সম্পন্ন করানো নির্দিষ্ট কাজ বা প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। অন্যদিকে, ইনফারেন্স ইঞ্জিন হলো একটি জিপিইউচালিত ব্যবস্থা, যার মাধ্যমে এআই মডেল বিভিন্ন নির্দেশনা প্রক্রিয়াকরণ করে আউটপুট তৈরি করে থাকে। আর কেন্দ্রীয় কন্ট্রোল রুম সার্ভিসের মূল দায়িত্ব হলো এই পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখা এবং মডেলটিকে আউটপুট তৈরির অনুমতি দেওয়া হবে কি না, তা নির্ধারণ করা। কন্ট্রোল রুম নামের এই নতুন প্রযুক্তিটি এআই মডেলের নির্ধারিত কার্যক্রমের মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ শনাক্ত করলেই তা দ্রুত অকার্যকর করে দেবে।

উল্লেখ্য যে, চলতি বছরের শুরুর দিকে ওপেনএআইয়ের পরীক্ষাধীন কয়েকটি স্বয়ংক্রিয় এআই এজেন্ট নিয়ন্ত্রণ বহির্ভূতভাবে এবং অনুমতি ছাড়াই ইন্টারনেটে প্রবেশ করে হাগিং ফেসসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনুসন্ধান চালিয়েছিল। শুধু তাই নয়, একাধিক দেশের সরকারি ওয়েবসাইটে প্রবেশ করার কিংবা সেগুলো হ্যাক করার চেষ্টাও করেছিল ওই এআই এজেন্টগুলো। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকেই এআইয়ের কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে নতুন প্রযুক্তিসুবিধা উদ্ভাবনের কাজ চালিয়ে আসছিল ওপেনএআই।