কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে একটি স্বাধীন সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, ওপেনএআই এবং অ্যানথ্রপিক। দ্য ইনফরমেশনের একটি প্রতিবেদন অনুযায়ী, এই বিশেষ সংস্থাটি চলতি বছরের শেষ নাগাদ অথবা ২০২৭ সালের শুরুর দিকে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রস্তাবিত এই সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদের জন্য যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সাবেক এআই নীতি উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণনের সঙ্গে যোগাযোগ করেছে এই তিন প্রতিষ্ঠান। সাময়িকভাবে এই সংস্থার নাম রাখা হয়েছে ‘স্ট্যান্ডার্ডস অথরিটি ফর ফ্রন্টিয়ার এআই’ বা ‘সাফা’। উল্লেখ্য যে, সাফা সম্পূর্ণভাবে সরকারি নিয়ন্ত্রণের বাইরে স্বাধীনভাবে পরিচালিত হবে। গুগল, ওপেনএআই এবং অ্যানথ্রপিক এআই নিরাপত্তা নিয়ে আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোকে নির্দিষ্ট এবং পরীক্ষাযোগ্য মানদণ্ডে রূপান্তর করাই হবে এই সংস্থার মূল লক্ষ্য। এছাড়া, কোনো উন্নত এআই মডেল বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার আগে তার নিরাপত্তা যাচাইয়ের ক্ষেত্রে ডেভেলপারদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের পরিকল্পনাও করা হচ্ছে।
শ্রীরাম কৃষ্ণন ছাড়াও যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের অফিস অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসির সাবেক পরিচালক আরতি প্রভাকরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তাঁকেও সাফার সিইও পদের জন্য একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে তিন প্রতিষ্ঠান এই বিষয়ে আলোচনা করছে যে, সাফা কেবল এআই নিরাপত্তার মানদণ্ড তৈরি করবে নাকি তারা নিজেরাই এআই মডেলগুলোর নিরাপত্তা পরীক্ষা করার দায়িত্ব নেবে। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে দ্য ইনফরমেশন উল্লেখ করেছে যে, যুক্তরাষ্ট্র সরকারের বর্তমান ‘সেন্টার ফর এআই স্ট্যান্ডার্ডস অ্যান্ড ইনোভেশন’–এর কাছে সবচেয়ে উন্নত এআই মডেলগুলো পরীক্ষা করার মতো প্রয়োজনীয় অর্থায়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা নাও থাকতে পারে।
তবে যৌথভাবে এআই নিরাপত্তা কাঠামো তৈরির এই প্রচেষ্টা একেবারেই নতুন কিছু নয়। প্রায় ১০ দিন আগে ওপেনএআইয়ের একজন মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছিলেন, গুগল ও অ্যানথ্রপিকের সঙ্গে একটি যৌথ নিরাপত্তা কাঠামো তৈরির বিষয়ে সক্রিয়ভাবে আলোচনা করছে ওপেনএআই।
এর আগে গত জুলাই মাসে গুগল ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা এবং অ্যালফাবেটের প্রধান বিজ্ঞানী ডেমিস হাসাবিস যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এআই মান নির্ধারণকারী সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছিলেন। এক্স-এ দেওয়া একটি পোস্টে তিনি বলেন, “সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে অথবা এআই শিল্পের স্বনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হিসেবে এ ধরনের সংস্থা গড়ে তোলা যেতে পারে।” এই প্রক্রিয়ার উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রেগুলেটরি অথরিটিন (ফিনরা)-এর কথা উল্লেখ করেন। বর্তমানে এআই বাজারে আধিপত্য বিস্তারের লড়াইয়ে গুগল, ওপেনএআই এবং অ্যানথ্রপিক একে অপরের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত থাকলেও, উন্নত এআই মডেলের নিরাপত্তা ও সাইবার ঝুঁকির বিষয়ে প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ ক্রমাগত বাড়ছে।
চলতি মাসে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই একটি নিবন্ধে এআই-শিল্পে আরও সক্ষম ‘ফ্রন্টিয়ার’ মডেল তৈরি ও বাজারে আনার গতি ইচ্ছাকৃতভাবে কমানোর আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা যেভাবে দ্রুত বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তার ব্যবস্থা উন্নত করার জন্য শিল্প খাতকে পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন।