যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শুরু করার পর বিশ্বের অন্যতম মূল্যবান পাবলিক কোম্পানিতে পরিণত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এই অভিষেকের ফলে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি ডলারে পৌঁছেছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ন্যাসডাক স্টক এক্সচেঞ্জে এআই কোম্পানির এই প্রবেশকে পুরো শিল্পের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে বর্তমানে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে, তাই বিনিয়োগকারী ও বিশ্লেষকদের নজর ছিল এই কোম্পানির দিকে। অ্যানথ্রপিকের শেয়ারের নির্ধারিত বরাদ্দ মূল্য ছিল ৮৩ ডলার, তবে লেনদেন শুরুর পর তা দ্রুত ছাড়িয়ে অনেক ওপরে উঠে যায়। জনপ্রিয় এআই চ্যাটবট ক্লডের নির্মাতা এই প্রতিষ্ঠানটি আগামী মাসগুলোতে কঠোর নজরদারির মুখে থাকবে। মূলত এআই খাতের বিনিয়োগের সার্থকতা নিয়ে যে মূল প্রশ্নটি রয়েছে, তার উত্তর দিতে হবে তাদের। প্রশ্নটি হলো—এই বিশাল বিনিয়োগ কি আসলেই ফলপ্রসূ হবে?
লেনদেনের প্রথম কয়েক ঘণ্টার গতিবিধি বিশ্লেষণ করে মনে হয়েছে, এআই প্রযুক্তির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি নিশ্চিত নন। লেনদেনের এক পর্যায়ে শেয়ারের দাম তাৎক্ষণিকভাবে বেড়ে ১১১ দশমিক ৫৩ ডলারে পৌঁছায়, যার ফলে কোম্পানির বাজারমূল্য প্রায় ২ লাখ কোটি ডলারের কাছাকাছি চলে গিয়েছিল। তবে দিন শেষে শেয়ারের দাম কিছুটা কমে ৯৭ দশমিক ১৭ ডলারে স্থির হয়। কিছু বিনিয়োগকারীর মতে, অ্যানথ্রপিকের এই অভিষেক সফল হয়েছে, কারণ সারা দিনে শেয়ারের দাম প্রায় ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে সামগ্রিক প্রযুক্তি বাজার ততটা ইতিবাচক ছিল না।
গত বৃহস্পতিবার ন্যাসডাক কম্পোজিট সূচক প্রায় ২ দশমিক ৩ শতাংশ কমে শেষ হয়েছে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটসহ বিশ্বের বৃহত্তম প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের দরপতন লক্ষ্য করা গেছে। অ্যালফাবেটের শেয়ার ২ দশমিক ৯ শতাংশ এবং আমাজনের শেয়ার প্রায় ৩.৯ শতাংশ কমেছে। বর্তমান এআই যুগের অবকাঠামো নির্মাণকে প্রযুক্তির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল কাজ হিসেবে অভিহিত করা হচ্ছে। কেবল গত এক বছরেই হাতেগোনা কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ১ লাখ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় করেছে। বিনিয়োগের এই তীব্র গতি আর্থিক বুদবুদ বা 'ফিন্যান্সিয়াল বাবল' তৈরির আশঙ্কা ও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
ইউনিভার্সিটি অব সালফোর্ডের অর্থনীতিবিদ রিচার্ড হুইটল বলেন, “দাম বাড়ার দিনেই সাফল্যের বেলুন ফেটে যায় না। ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সন্দেহ তৈরি হলে বেলুন পরবর্তী সময়ে ফেটে যায়।” সাম্প্রতিক সময়ে শক্তিশালী কম্পিউটার ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের আবির্ভাবের ফলে আগের চেয়ে অনেক বেশি ডেটা প্রক্রিয়াকরণের সুযোগ তৈরি হয়েছে। এর ফলেই এমন এআই চ্যাটবট তৈরি সম্ভব হয়েছে যা মানুষের কথাবার্তা অনুকরণ করতে পারে। এছাড়া সফটওয়্যার কোডিং, ডিজিটাল ছবি তৈরি এবং ইন্টারনেটে দ্রুত তথ্য খোঁজার মতো কাজগুলোও এগুলো করতে সক্ষম। কম্পিউটার ব্যবহারের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, যা মাত্র ৫ বছর আগে যাত্রা শুরু করা অ্যানথ্রপিকের দ্রুত উত্থানের মূল কারণ। কোম্পানিটি মূলত তাদের জনপ্রিয় এআই চ্যাটবট ক্লডের নির্মাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত।
কুইল্টার শেভিওটের প্রযুক্তি গবেষণা বিভাগের প্রধান বেন ব্যারিঞ্জারের মতে, শেয়ারবাজারে আসা প্রথম পূর্ণাঙ্গ এআই কোম্পানি হিসেবে অ্যানথ্রপিকের শেয়ারের দামে সামনে নিশ্চিতভাবেই বড় ধরনের ওঠানামা দেখা যাবে। তিনি মনে করেন, প্রাথমিক উচ্ছ্বাস একসময় কেটে যাবে। এর আগে ইলন মাস্কের কোম্পানির শেয়ার লেনদেনের প্রথম দিনে প্রায় ১০ শতাংশ বেড়েছিল এবং বাজারমূল্য রেকর্ড ২ লাখ ২০ হাজার কোটি ডলারে পৌঁছেছিল। তবে এক মাসের মধ্যেই সেই শেয়ারের দাম অভিষেক মূল্যের নিচে নেমে যায় এবং তারপর থেকে অধিকাংশ সময়ই নিম্নমুখী ছিল।
সাধারণত অধিকাংশ প্রযুক্তি কোম্পানি শেয়ারবাজারে আসার পর তাদের শেয়ারের দরপতন প্রত্যক্ষ করে। প্রায়ই প্রথমবারের মতো ত্রৈমাসিক ফলাফল প্রকাশের পর এমনটি ঘটে থাকে। তবে মেটা, আমাজন এবং গুগলের মতো অনেক কোম্পানি প্রাথমিক ধাক্কা কাটিয়ে পরবর্তী সময়ে বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে লাভজনক করপোরেশনে পরিণত হয়েছে।