কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে লেখা তৈরি এখন অনেকেরই দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তবে এআই-এর তৈরি লেখায় প্রায়ই এমন কিছু শব্দ বা বাক্য গঠন থাকে, যা দেখে সহজেই বোঝা যায় এটি মানুষের লেখা নয়। এই কৃত্রিম ও একঘেয়ে শৈলীকে অনেকে ‘এআই স্লপ’ বলে অভিহিত করেন। এই সমস্যা দূর করতে এবং লেখাকে আরও স্বাভাবিক করতে চ্যাটজিপিটিতে ‘রাইটিং স্টাইল’ নামক নতুন ফিচার যুক্ত করেছে ওপেনএআই।
ওপেনএআই জানিয়েছে, এই নতুন সুবিধার মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীর পূর্বের লেখাগুলো বিশ্লেষণ করে ঠিক তার মতোই নতুন লেখা তৈরি করতে সক্ষম হবে। তবে এই সুবিধা পেতে ব্যবহারকারীকে তার ই-মেইল, বার্তা এবং অন্যান্য লেখার সেবার সাথে চ্যাটজিপিটির সংযোগ করার অনুমতি দিতে হবে। প্রাথমিকভাবে এই ফিচারটি ‘চ্যাটজিপিটি ওয়ার্ক’ নামক এআই এজেন্ট টুলের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। যেসব সাবস্ক্রিপশন প্ল্যানে ওয়েবে চ্যাটজিপিটি ওয়ার্ক ব্যবহারের সুযোগ রয়েছে, তারা সেটিংসের ‘পারসোনালাইজেশন’ অপশন থেকে এই সুবিধাটি সক্রিয় করতে পারবেন।
প্রতিষ্ঠানের তথ্যমতে, রাইটিং স্টাইল ফিচারটি চালু থাকলে চ্যাটজিপিটি ব্যবহারকারীর লেখার বৈশিষ্ট্যগুলো গভীরভাবে বিশ্লেষণ করবে। পছন্দের শব্দ, নির্দিষ্ট বাক্যাংশ, লেখার শেষে ব্যবহৃত বিশেষ সাইন এবং বড় হাতের অক্ষর ব্যবহারের মতো ছোটখাটো অভ্যাসগুলোও এতে বিবেচনায় নেওয়া হবে। এছাড়া বাক্য গঠনের ধরন, লেখার স্বর এবং যতিচিহ্ন ব্যবহারের অভ্যাসও এতে প্রতিফলিত হবে। ফলে এআই দিয়ে তৈরি ই-মেইল বা নথিগুলো হবে সম্পূর্ণ ব্যক্তিগত ধাঁচের। এই সুবিধাটি কার্যকর করতে চ্যাটজিপিটি ওয়ার্ককে ব্যবহারকারীর জিমেইল, গুগল ড্রাইভ, স্ল্যাক ও শেয়ারপয়েন্ট ব্যবহারের অনুমতি দিতে হবে।
ব্যবহারকারীর লেখার ধরন অনুকরণ করার এই প্রচেষ্টা প্রথম নয়। এর আগে অ্যানথ্রপিক তাদের এআই চ্যাটবট ‘ক্লড’-এ ‘স্টাইলস’ সুবিধা চালু করেছে। সেখানে ব্যবহারকারীরা নিজেদের লেখা আপলোড বা পেস্ট করে নিজস্ব যোগাযোগের ধরন অনুযায়ী কাস্টম স্টাইল তৈরি করতে পারেন।