রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে বিশেষ অভিযান চালানোর ফলে ডেঙ্গুর ঝুঁকি কিছুটা কমলেও বসতবাড়ির আশপাশে এডিস মশার লার্ভার ব্যাপক উপস্থিতি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, শনাক্ত হওয়া এডিস লার্ভার প্রায় অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশই পাওয়া গেছে সাধারণ মানুষের বাসাবাড়ির আশপাশে। এই পরিস্থিতিতে সংস্থাটি জানিয়েছে, কেবল মশকনিধনের ওপর নির্ভর করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর জন্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
আজ বৃহস্পতিবার নগর ভবনে ডিএসসিসি এবং জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। ‘ডেঙ্গুর বর্তমান প্রবণতা, প্রতিরোধ ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে উদ্ভাবনী কৌশল’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সেমিনারে প্রশাসক মো. আবদুস সালাম জানান, নিয়মিত মশকনিধনের পাশাপাশি বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম কার্যকর করার ফলে গত মার্চ ও অক্টোবর মাসের জরিপের তুলনামূলক চিত্রে দেখা গেছে যে, আগে যেসব ওয়ার্ড ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল, সেগুলোর পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বাসাবাড়ির আশপাশে বিপুল পরিমাণ লার্ভা পাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের যেমন ৫০ শতাংশ দায়িত্ব রয়েছে, তেমনি নাগরিকদেরও ৫০ শতাংশ দায়িত্ব পালন করতে হবে। উভয় পক্ষ সচেতন হলেই কেবল ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।”
প্রশাসক আরও বলেন, “ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার, সিটি করপোরেশন, সামাজিক সংগঠন ও নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
তিনি নগরবাসীকে কেবল প্রচারণার ওপর ভরসা না করে বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন এবং এসির পানি জমার স্থানগুলো নিয়মিত পরীক্ষা করার আহ্বান জানান। একই সঙ্গে শহরকে বাসযোগ্য রাখতে বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনকে জনসচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।
প্রতি শনিবার বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান
সেমিনারে উপস্থিত বিশেষজ্ঞরা এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে একটি বিশেষ প্রস্তাব দেন। তারা আহ্বান জানান, প্রতি শনিবার নাগরিকরা যেন নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন।
অনুষ্ঠানে ডেঙ্গুর সাম্প্রতিক প্রবণতা, মশার জীবনচক্র এবং আধুনিক বিজ্ঞানভিত্তিক নিয়ন্ত্রণকৌশল নিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার, আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী শফিউল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার (সিডিসি) জ্যেষ্ঠ কীটতত্ত্ববিদ (পিআরএল) মো. রেজাউল করিম খান।
জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক হামিদা খানমের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। এছাড়া অনুষ্ঠানে ডিএসসিসির সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।