টেস্ট ক্রিকেটে এক সময় বাংলাদেশের নাম দক্ষিণ আফ্রিকার জন্য খুব বেশি উদ্বেগের কারণ ছিল না। তবে সময়ের সাথে সাথে পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশও নিজেদের অনেক উন্নত করেছে। বিশেষ করে পেস বোলিংয়ের উন্নতি এবং দ্রুতগতির ও বাউন্সি পিচে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসী ব্যাটিং দেখে এবার বেশ সতর্ক হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই সতীর্থদের সতর্ক করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এইডেন মার্করাম। তিনি মনে করেন, বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। মার্করামের মতে, পেস ও বাউন্সের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা এখন আগের চেয়ে অনেক বেশি কার্যকর এবং আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।
আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
মার্করামের দৃষ্টিতে, বাংলাদেশ এখন আগের তুলনায় একটি পরিপূর্ণ টেস্ট দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীর্ঘ সময় ধরে কেবল স্পিন আক্রমণই ছিল বাংলাদেশের মূল শক্তি। তবে বর্তমানে মানসম্পন্ন পেসারদের অন্তর্ভুক্তি দলটির বোলিং আক্রমণকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে সুপার স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্করাম বলেছেন, ‘তারা প্রমাণ করছে, পেস ও বাউন্স সামলানোর মতো ব্যাটসম্যানও তাদের আছে।’
শুধুমাত্র ব্যাটিং নয়, বাংলাদেশের পেস আক্রমণের সক্ষমতারও প্রশংসা করেছেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পারফরম্যান্সকে দলটির সামগ্রিক উন্নতির বড় প্রমাণ হিসেবে দেখছেন তিনি। মার্করাম সতর্ক করে বলেন, ‘আমাদের এই সিরিজের জন্য ২০০ ভাগ প্রস্তুত থাকতে হবে। সিরিজটি সত্যিই কঠিন হবে।’
দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার এই বিষয়ে আরও এক ধাপ এগিয়ে কথা বলেছেন। তাঁর মতে, দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত বাংলাদেশের যত দলের মুখোমুখি হয়েছে, বর্তমান দলটিই হতে পারে তাদের জন্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। হারমার বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশের বিপক্ষে আমরা এখন পর্যন্ত যতবার খেলেছি, এবারের দলটি হবে তাদের মধ্যে সবচেয়ে কঠিন।’
বাংলাদেশের পেসার, স্পিনার এবং ব্যাটিং শক্তির ভূয়সী প্রশংসা করেছেন হারমার। তিনি উল্লেখ করেন, ‘তাদের কয়েকজন বোলার আছে, যারা প্রচণ্ড গতিতে বল করতে পারে।’
একই সুর শোনা গেছে দক্ষিণ আফ্রিকার আরেক স্পিনার কেশব মহারাজের কণ্ঠেও। তাঁর মতে, ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে এখন একটি চমৎকার ভারসাম্য খুঁজে পেয়েছে বাংলাদেশ। অভিজ্ঞ স্পিনারদের পাশাপাশি দলে উঠে আসছেন প্রতিভাবান তরুণ পেসাররা। মহারাজ বলেন, ‘তাদের বেশ কয়েকজন ভালো ফাস্ট বোলার আছে। কয়েকজন তরুণও উঠে আসছে।’ সতীর্থদের সতর্ক করে তিনি বলেন, ‘এমন দলকে আমরা কোনোভাবেই হালকাভাবে নিতে পারি না।’