বাংলাদেশের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজে বড় ধরনের পরিবর্তনের পথে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য আলাদা দল ঘোষণা করেছে প্রোটিয়া দল। সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্ত হিসেবে দুই সংস্করণে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে দুই বাঁহাতি স্পিনারকে। ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন কেশব মহারাজ এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে বিয়র্ন ফরটুইনকে।

গত শুক্রবার (২০ নভেম্বর) ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে। আগামী ১ ডিসেম্বর ওয়ানডে সিরিজের মাধ্যমে শুরু হবে দুই দেশের সাদা বলের লড়াই। এরপর ১০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ।

আন্তর্জাতিক ক্রিকেটের অত্যন্ত ব্যস্ত সূচির কারণে নিয়মিত ক্রিকেটারদের কাজের চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে তারা বর্তমানে বাংলাদেশের সাথে দুটি টেস্ট খেলছে। এছাড়া আগামী মাসেই ইংল্যান্ডের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ তাদের সামনে।

ইংল্যান্ড সিরিজের কথা মাথায় রেখে এইডেন মার্করাম, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের পাশাপাশি রায়ান রিকেলটন ও ম্যাথু ব্রিটজকেও বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া ডান পায়ের পেশিতে চোট পাওয়া নিয়মিত ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা নেই কোনো দলেই। বাভুমার অনুপস্থিতিতেই ওয়ানডে দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন কেশব মহারাজ।

অন্যদিকে, টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হয়েছে বিয়র্ন ফরটুইনকে। এই স্পিনারের জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার পূর্ব অভিজ্ঞতা রয়েছে; গত আগস্টে নামিবিয়া সফরের সময়ও তিনি দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন।

অভিজ্ঞদের অনুপস্থিতিতে এই সিরিজে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন উদীয়মান তরুণ ক্রিকেটার। ডেওয়াল্ড ব্রেভিস, লুহান-দ্রে প্রিটোরিয়াস, ট্রিস্টান স্টাবস, জেরাল্ড কোয়েৎজি ও জর্ডান হারমানকে দুই সংস্করণের দলেই রাখা হয়েছে। এছাড়া ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক কুইন্টন ডি কক।

দক্ষিণ আফ্রিকার জন্য বড় স্বস্তির খবর হলো লুঙ্গি এনগিডির প্রত্যাবর্তন। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন এই পেসার। চোটের কারণে তিনি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি, তবে পুনর্বাসনের শেষ পর্যায়ে দলের সঙ্গেই অনুশীলন করেছেন তিনি।

ওয়ানডে দলে ফিরেছেন আনরিখ নরকিয়াও। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে ফেরার পর এবার ৫০ ওভারের ফরম্যাটে ডাক পেয়েছেন এই গতি তারকা। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার ওয়ানডেতে দেখা যাবে তাঁকে।

দুই পেসারের এই প্রত্যাবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড। বিশেষ করে গত মৌসুমে সাদা বলের ক্রিকেটে এনগিডির পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি। নরকিয়ার ক্ষেত্রেও দীর্ঘ বিরতির পর ওয়ানডে ক্রিকেটে নিজের সামর্থ্য প্রদর্শনের সুযোগ এসেছে বলে মনে করেন প্রোটিয়া কোচ।

উইকেটরক্ষক ব্যাটার সিনেথেম্বা কেশিলে দুই দলেই জায়গা করে নিয়েছেন। ঘরোয়া প্রো-২০ কাপে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। সাত ইনিংসে ১৯৭ দশমিক ৮৫ স্ট্রাইক রেটে ২৭৭ রান করেছেন কেশিলে। এর মধ্যে মাত্র ১৪ বলে একটি ফিফটি রয়েছে, যা দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে দ্রুততম।

দল নির্বাচন প্রসঙ্গে কোচ কনরাড জানিয়েছেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে ব্যস্ত টেস্ট সূচির পর একাধিক ফরম্যাটে খেলা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নতুনদের সুযোগ দিয়ে দলের বিভিন্ন সমন্বয় পরীক্ষা করতে চান তাঁরা।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ঘরের মাঠের সেই আসরের আগে বিকল্প ক্রিকেটারদের পরখ করার সুযোগ হিসেবেই বাংলাদেশ সিরিজকে দেখছেন প্রোটিয়া কোচ।

এদিকে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলেও পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। ডান পায়ের পেশির চোটে ছিটকে যাওয়া বাভুমার পরিবর্তে ডাক পেয়েছেন অলরাউন্ডার সেনুরান মুথুসামি। আগামী সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া ম্যাচে অধিনায়কত্ব করবেন মার্করাম।

জোহানেসবার্গে প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজ শেষে ১, ৪ ও ৭ ডিসেম্বর তিনটি ওয়ানডে খেলবে দুই দল। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরটুইন, জর্ডান হারমান, দুয়ান ইয়ানসেন, নকোবানি মোকোয়েনা, লুহান-দ্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: বিয়র্ন ফরটুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েৎজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারমান, দুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, নকোবানি মোকোয়েনা, নকাবা পিটার, লুহান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।