টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন দক্ষিণ আফ্রিকার পেসার চ্যাড লেকক। মাত্র ছয়টি বলের ব্যবধানে পাঁচজন ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে বিশ্ব ক্রিকেটের বিরল এক তালিকায় নিজের নাম লিখিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বোলার হিসেবে এই অনন্য রেকর্ড গড়লেও, বিশ্বজুড়ে এই কৃতিত্ব অর্জনকারী চতুর্থ বোলার তিনি। এর আগে বাংলাদেশের আল-আমিন হোসেনও একই ধরনের বিরল নজির গড়েছিলেন।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় টাইটানসের বিপক্ষে এই চমক দেখান কোয়াজুলু-নাটাল ইনল্যান্ডের (টাস্কার্স) ২৩ বছর বয়সী অলরাউন্ডার লেকক। পিটারমারিৎসবার্গে অনুষ্ঠিত এই ম্যাচে চার ওভারের বোলিংয়ে মাত্র ২৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন তিনি। তবে ব্যক্তিগত এই দুর্দান্ত সাফল্যের পরও তার দল ২১ রানে পরাজিত হয়েছে।

ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে টাইটানস শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিল। ১৮ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৯৩ রান। ঠিক সেই মুহূর্তেই টাইটানসের ব্যাটিং বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ান লেকক।

১৯তম ওভারে বোলিং করতে নেমে প্রথম বলেই লেউস ডু প্লয়কে বোল্ড করেন তিনি। দ্বিতীয় বলে দায়ান গালিয়েম দুই রান সংগ্রহ করেন। এরপরই শুরু হয় লেককের আসল তাণ্ডব। তৃতীয় বলে গালিয়েমকে ক্যাচ আউট করেন তিনি। এরপরের টানা তিন বলে একে একে আফিওয়ে মনিয়ান্দা, জানকো স্মিট এবং এসোসা আইহেভবাকে বোল্ড করেন এই পেসার। অর্থাৎ, ওভারের শেষ চার বলে চার উইকেট নেওয়ার মাধ্যমে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ইতিহাস গড়েন তিনি।

লেককের এই বিধ্বংসী বোলিংয়ের মুখে শেষ পর্যন্ত ১৯ দশমিক ৫ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে যায় টাইটানস। দলের পক্ষে লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ৩৬ বলে ৮১ রান করেন। এছাড়া সিনেথেম্বা কেশিলে ৪৬ এবং ডেওয়াল্ড ব্রেভিস ৩৩ রান সংগ্রহ করেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার প্রথম নজিরটি গড়েছিলেন বাংলাদেশের আল-আমিন হোসেন। ২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে এই কীর্তি গড়েছিলেন তিনি। সেই ম্যাচে আবাহনীর ইনিংসের শেষ ওভারে পাঁচ উইকেট তুলে নেন আল-আমিন। প্রথম বলে মেহেদী মারুফকে ফেরানোর পর দ্বিতীয় বলে দুই রান দেন তিনি। এরপর টানা চার বলে আরও চার ব্যাটারকে আউট করেন বাংলাদেশের এই পেসার।

এরপর ২০১৯ সালে ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হরিয়ানার বিপক্ষে কর্ণাটকের হয়ে অভিমন্যু মিঠুন একই রেকর্ড করেন। তৃতীয় বোলার হিসেবে ২০২৫ সালের ডিসেম্বরে কম্বোডিয়ার বিপক্ষে এক ওভারে পাঁচ উইকেট নেন ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ঘটনা।

এখন সেই অভিজাত তালিকায় যুক্ত হলেন লেকক। দক্ষিণ আফ্রিকার স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেটের পাশাপাশি টানা চার বলে চার উইকেট নেওয়া প্রথম বোলার তিনি। শুধু তাই নয়, ২৬ রানে ৬ উইকেট নিয়ে প্রতিযোগিতার ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ডও এখন তার দখলে। এর আগে ২০১৪ সালে ২৯ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ডটি গড়েছিলেন বেউরান হেনড্রিকস।

আশ্চর্যের বিষয় হলো, লেকক মূলত একজন ব্যাটার হিসেবেই পরিচিত। এই ম্যাচের আগে ১৫টি টি-টোয়েন্টিতে মাত্র ৯ ওভার বোলিং করে ২ উইকেট পেয়েছিলেন তিনি। অথচ একটি ম্যাচেই তুলে নিলেন ৬ উইকেট।

তবে ব্যক্তিগত রেকর্ডের দিনেও দলের জয় আসেনি। ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান তোলে টাস্কার্স। মাইকেল এরলাঙ্ক ৫৬ রান করেন। লেকক নিজেও ২৫ বলে অপরাজিত ৩১ রান করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি।