প্রতি বছর ১২ নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস হিসেবে পালন করা হয়। এবারের এই দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের এক নতুন যুগ’। এই বিশেষ দিবসের মূল লক্ষ্য হলো ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে নিউমোনিয়ার কারণে হওয়া মৃত্যু রোধ করা। সেই সঙ্গে শিশুদের টিকা প্রদান, সঠিক সময়ে রোগ নির্ণয় এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় নিউমোনিয়া হলো ফুসফুসের প্রদাহজনিত একটি সংক্রমণ। এই রোগটি মূলত ফুসফুসের ছোট ছোট বায়ুথলিগুলোকে আক্রান্ত করে। যখন কেউ নিউমোনিয়ায় আক্রান্ত হন, তখন ফুসফুসের এই বায়ুথলিগুলো তরল পদার্থে পূর্ণ হয়ে যায়। এর ফলে ফুসফুসের স্বাভাবিক অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে প্রতিবছর ৪৫ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হন এবং প্রায় ৪০ লাখ মানুষের মৃত্যু ঘটে।
সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা ছত্রাকের সংক্রমণের কারণে নিউমোনিয়ার সৃষ্টি হয়। এই রোগের কিছু সাধারণ লক্ষণ রয়েছে, যার মধ্যে অন্যতম হলো জ্বর ও অতিরিক্ত ঘাম হওয়া, দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্ট বা বুক ধড়ফড় করা, বুকে ব্যথা অনুভব করা এবং শরীর খুব দুর্বল বোধ করা।
সব বয়সের মানুষই নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে, তবে কিছু নির্দিষ্ট গোষ্ঠী অধিক ঝুঁকিতে থাকে। যেমন— ৫ বছরের কম বয়সী শিশু, ৬৫ বছর বা এর বেশি বয়সী বৃদ্ধ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল।
কিছু বিশেষ লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। যেমন— তীব্র শ্বাসকষ্ট বা বুক ধড়ফড় করা, ঠোঁট বা নখ নীলচে হয়ে যাওয়া, প্রচণ্ড জ্বর ও বুকের ব্যথা এবং বিশেষ করে বয়স্ক ব্যক্তি বা শিশুদের ক্ষেত্রে মানসিক বিভ্রান্তি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
নিউমোনিয়া প্রতিরোধে টিকাদানের ভূমিকা অপরিসীম। নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, হিব এবং মিজেলস ইত্যাদি টিকা এই রোগ প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
চিকিৎসার ক্ষেত্রে সংক্রমণের ধরন অনুযায়ী ওষুধ দেওয়া হয়। ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়া হলে অ্যান্টিবায়োটিক দিতে হবে, ভাইরাসজনিত হলে অ্যান্টিভাইরাল এবং ফাঙ্গাল কারণে হলে অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেওয়া হয়। এছাড়া জ্বরের মাত্রা কমাতে এবং শরীরের ব্যথায় প্যারাসিটামল খাওয়া যেতে পারে।
রোগীর অবস্থা গুরুতর হলে, যেমন— শ্বাসকষ্ট বেশি হলে বা রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে হাসপাতালে ভর্তি হয়ে অক্সিজেন থেরাপি বা নেবুলাইজেশন প্রয়োজন হয়। রোগের তীব্রতা খুব বেশি বেড়ে গেলে কখনো কখনো লাইফ সাপোর্ট প্রয়োজন হতে পারে।
সঠিক টিকাদান, মায়ের বুকের দুধ, পুষ্টিকর খাবার, পরিচ্ছন্ন বাতাস এবং দ্রুত চিকিৎসা—এই পদক্ষেপগুলোর মাধ্যমে শিশুদের নিউমোনিয়াজনিত অধিকাংশ মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। এই বিষয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করেছেন অধ্যাপক ডা. মো. জাকির হোসেন সরকার, যিনি বাংলাদেশ ইন্টারভেনশনাল পালমোনোলজি ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড স্লিপ সোসাইটি (বিপস)-এর সভাপতি।