এক সন্তানকে কবরে শুইয়ে দিয়ে এখন অন্য সন্তানকে বাঁচানোর আকুল অপেক্ষায় দিন কাটাচ্ছেন বাবা মোহাম্মদ কবির। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে তাঁর ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর ওরফে আরবের শয্যাপাশে এখন তাঁর সবটুকু সময় অতিবাহিত হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে চরম প্রতিকূলতার মাঝেও আশা ছাড়তে পারছেন না এই শোকসন্তপ্ত বাবা।

গত বৃহস্পতিবার রাতে ১০ বছর বয়সী নূর মোহাম্মদ আরাফাত শেষবারের মতো বাবার ডাকে সাড়া দিয়েছিল। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) শুয়ে সে জানিয়েছিল, সে ভালো আছে। কিন্তু পরদিন শুক্রবার আর কোনো সাড়া মেলেনি তার। হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিরতরে স্তব্ধ হয়ে যায় আরাফাতের জীবন।

গতকাল সন্ধ্যায় বড় ছেলেকে কবরে রেখে আবারও হাসপাতালে ছুটে আসেন মোহাম্মদ কবির। বড় ছেলের জন্য শোক করার মতো অবকাশটুকুও পাননি তিনি, কারণ তাঁর ১০ মাস বয়সী ছোট ছেলে এখন হাসপাতালের লাইফ সাপোর্টে। ছোট ছেলেটিও একই তিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে।

আজ শনিবার বিকেলে মোহাম্মদ কবিরের সঙ্গে কথা বলার সুযোগ হয়। কথা বলতে গিয়ে বারবার থেমে যাচ্ছিলেন তিনি। কখনো বড় ছেলের মৃত্যুর মুহূর্তগুলো মনে করতে পারছিলেন না, আবার কখনো হাসপাতালে কতদিন ছিলেন সেই হিসাবও গুলিয়ে ফেলছিলেন। একপর্যায়ে তিনি ভেঙে পড়ে বলেন, ‘আমার আসলে খেয়াল আসতেছে না। আমার মাথা ঠিক নাই তো। আমি শেষ হয়ে গেলাম।’

৩১ বছর বয়সী এই বাবার জীবন এখন চরম বিপর্যয়ের মুখে। বড় ছেলের মৃত্যুতে স্ত্রী আমেনা বেগম মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন। তিনি ঘরে বারবার বড় ছেলেকে খুঁজছেন। অন্যদিকে ছোট ছেলেকে নিয়ে হাসপাতালের ছোটাছুটি করছেন কবির। এই কঠিন সময়ে পাশে আছেন তাঁর বৃদ্ধা মা। এর সাথে যুক্ত হয়েছে চিকিৎসার বিপুল ব্যয় এবং ঋণের পাহাড়।

আরাফাত চট্টগ্রাম নগরের হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পড়াশোনায় সে ছিল বেশ মেধাবী। দুই ভাইয়ের মধ্যে আরাফাত ছিল বড়। ছোট ভাই আবু বক্করের বয়স মাত্র ১০ মাস। এই দুই সন্তানকেই কেন্দ্র করে আবর্তিত হতো কবির ও আমেনা বেগমের সংসার।

কবির জানান, প্রায় ১৫–২০ দিন আগে আরাফাতের জ্বর, বমি ও কাশি শুরু হয়। অসুস্থতা বাড়লে তাকে প্রথমে চট্টগ্রামের সাউদার্ন হাসপাতালে নেওয়া হয়, যেখানে দুই দিন চিকিৎসা চলে। এরপর তাকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ইম্পেরিয়াল হাসপাতালে বেশ কয়েক দিন চিকিৎসার পরও আরাফাতের অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং শ্বাসকষ্ট আরও বাড়তে থাকে। চিকিৎসার বিপুল খরচ সামলাতে হিমশিম খেয়ে শেষ পর্যন্ত তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যান কবির। সেখানেও তাকে আইসিইউতে রাখা হয়। বাবার দেওয়া তথ্য অনুযায়ী, হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত আরাফাতের ফুসফুসের পাশাপাশি যকৃতেও জটিলতা দেখা দিয়েছিল।

গত বৃহস্পতিবার রাতে আইসিইউতে থাকা আরাফাতের সঙ্গে শেষ কথা হয় কবিরের। বাবার ডাক শুনে সে শুধু জানিয়েছিল যে সে ভালো আছে। তবে আইসিইউতে বেশিক্ষণ থাকার অনুমতি না থাকায় বেশি কথা বলতে পারেননি তিনি।

পরদিন শুক্রবার সকালে যখন কবির ছেলের জন্য ওষুধ আনতে যান, তখনই সব শেষ হয়ে যায়। চিকিৎসকেরা তাকে দ্রুত হাসপাতালে ফেরার অনুরোধ জানান। কবির সেই মুহূর্তটি স্মরণ করে বলেন, ‘ডাক্তার আমাকে বলছে, ভাই আপনি তাড়াতাড়ি আসেন। ওকে দেখেই নেন। ওর অবস্থা ভালো না। এরপর সব শেষ। একদম শেষ। আর ফিরল না আমার বুকের ধনটা।’

যে সন্তান বৃহস্পতিবার রাতে বাবার ডাকে সাড়া দিয়েছিল, শুক্রবার সন্ধ্যায় তাকেই নগরের মোমেনবাগ আবাসিক এলাকাসংলগ্ন কবরস্থানে দাফন করতে হয় কবিরকে। বাড়ি ফিরে স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার সুযোগ পাননি তিনি, কারণ হাসপাতালে তাঁর আরেকটি সন্তান মৃত্যুর সাথে যুদ্ধ করছে।

বড় ছেলের শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলে আবু বক্করকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কবির। ১০ মাস বয়সী এই শিশুটিও হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত। চার দিন আগে তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কবির জানান, ছোট ছেলেকে হাসপাতালে ভর্তির সময় তার ওজন ছিল মাত্র সাড়ে সাত কেজি। বেশ কয়েক দিন ধরে চিকিৎসা চললেও অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। চিকিৎসকেরা কী বলেছেন, তা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ডাক্তাররা তো বলছে, ওর সম্ভাবনা বেশি একটা নাই। লাইফ সাপোর্টে দিয়ে রাখছে।’

চিকিৎসকদের এমন নেতিবাচক কথা শোনার পরও ছেলের পাশ ছাড়ছেন না কবির। এখন তাঁর সবটুকু আশা ছোট ছেলেকে ঘিরে। এর পাশাপাশি স্ত্রী আমেনা বেগমকে নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় আছেন। বড় ছেলের মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত আমেনা বেগমকে আজ হাসপাতালে আনা হয়নি। তিনি বাসায় আছেন, তবে তাঁর আচরণ এখন অস্বাভাবিক। তিনি বারবার বড় ছেলেকে খুঁজছেন এবং এমনকি ছোট ছেলেকেও ঠিকমতো চিনতে পারছেন না। মাঝেমধ্যেই তিনি সংজ্ঞা হারাচ্ছেন।

মোহাম্মদ কবিরের গ্রামের বাড়ি ময়মনসিংহে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকার ১ নম্বর সড়কের একটি ভাড়া বাসায় থাকেন। একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত কবির জানান, মাসে তাঁর মোট আয় ২০ হাজার টাকা। এর মধ্যে ছয় হাজার টাকা বাসাভাড়া দিয়ে বাকি টাকায় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সংসার চালাতেন।

দুই সন্তান একসঙ্গে অসুস্থ হয়ে পড়ায় তাঁর সংসারের সব হিসাব এলোমেলো হয়ে গেছে। শুধু বড় ছেলে আরাফাতের চিকিৎসায় হাসপাতালেই খরচ হয়েছে আড়াই লাখ টাকার বেশি। কবির বলেন, ‘আমার থেকে কিছু ছিল। তারপর আমার সহকর্মীরা কিছু দিছে। আশপাশের মানুষ আমাকে কিছু দিয়ে হেল্প করছে। এগুলো দিয়া হইছে। আর কিছু ঋণ আছে।’

আত্মীয়দের কাছ থেকেও টাকা ধার করতে হয়েছে তাঁকে। তবে সব মিলিয়ে কত টাকা ঋণ হয়েছে, তার সঠিক হিসাব এখনো জানেন না কবির। সামনে আরও কত টাকা লাগবে, তা নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত।