‘আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, লাইফ সাপোর্টে আছে। শুধু হার্টবিটটা (হৃৎস্পন্দন) আছে তার। ডাক্তাররা কোনো আশা দিতে পারতেছেন না। আজ সকালে ছেলেটাকে দেখাইছে। বুকটা কেঁপে উঠছে ভাই, আমার। এক ছেলেকে কবরে শুইয়ে এসেছি, আরেক ছেলেও যদি চলে যায়, আমি কী নিয়ে থাকব?’
গুমোট বিষণ্ণতায় আচ্ছন্ন কণ্ঠে কথাগুলো বলছিলেন মোহাম্মদ কবির। তাঁর ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। হাম, ডেঙ্গু ও নিউমোনিয়া—একযোগে তিনটি মারাত্মক রোগে আক্রান্ত শিশুটিকে বাঁচিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকেরা। তবে কবিরের জন্য এই লড়াইটি অত্যন্ত করুণ, কারণ মাত্র দুই দিন আগে একই তিন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তাঁর বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত (১০)। গত শুক্রবার সন্ধ্যায় বড় ছেলেকে কবরে শুইয়ে এসেছেন তিনি। এখন ছোট ছেলেটিকে বাঁচানোর জন্য লড়াই করছেন এই দিশেহারা বাবা।
আজ রোববার বেলা ১১টার দিকে হাসপাতালের ভেতরেই মোহাম্মদ কবিরের সঙ্গে কথা হয়। কয়েক দিন ধরে দুই সন্তানের অসুস্থতা, হাসপাতালের ছোটাছুটি, নির্ঘুম রাত আর বড় ছেলেকে হারানোর তীব্র শোক তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। তাঁর কণ্ঠে ফুটে উঠছিল চরম ক্লান্তি। কথা বলছিলেন থেমে থেমে; কখনো শব্দগুলো জড়িয়ে যাচ্ছিল, আবার কখনো দীর্ঘক্ষণ নিশ্চুপ থেকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকছিলেন। প্রতিটি প্রশ্নের উত্তর দিতে গিয়েই যেন তাঁর বুক ফেটে যাচ্ছিল কষ্টে।
কোনোমতে নিজেকে সামলে কবির জানান, গতকাল শনিবার সকালে ছোট ছেলেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজ সকালে চিকিৎসকেরা তাঁকে একবার ছেলেকে দেখার সুযোগ দিয়েছিলেন। সন্তানের আশঙ্কাজনক অবস্থা দেখে নিজেকে আর সামলাতে পারেননি তিনি। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও ছেলেকে বাঁচানো যাবে কি না, সেই বিষয়ে কোনো নিশ্চয়তা বা আশ্বাস পাননি তিনি। কবির আকুতি জানিয়ে বলেন, ‘আমার ছোট ছেলেটার জন্য সবাই দোয়া করেন ভাই। আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। আমার বুকের ধনটা এখন চুপ হয়ে গেছে।’
হাসপাতালে কবিরের সঙ্গে আছেন তাঁর মা। অন্যদিকে, স্ত্রী আমেনা বেগম বর্তমানে বাসায় অবস্থান করছেন। বড় ছেলের অকাল মৃত্যুর পর থেকে তিনি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। কবির জানান, ‘হাসপাতালে আমি আর আমার মা আছি। স্ত্রী বাসায়। ওর শরীরের অবস্থাও ভালো না।’
একদিকে বড় ছেলেকে হারানোর শোক, অন্যদিকে ছোট ছেলের জীবন নিয়ে চরম অনিশ্চয়তা—এর সাথে যুক্ত হয়েছে চিকিৎসার বিপুল আর্থিক চাপ। কবির একটি বেসরকারি প্রতিষ্ঠানে মালামাল ওঠানো-নামানোর কাজ করেন, যেখান থেকে তাঁর মাসিক আয় প্রায় ২০ হাজার টাকা। চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকার এক নম্বর সড়কে একটি ভাড়া বাসায় তাঁরা থাকেন। মাসিক বাসাভাড়া ছয় হাজার টাকা। বাকি টাকা দিয়েই চলত চারজনের সংসার।
ইতিমধ্যে দুই সন্তানের চিকিৎসায় খরচ আড়াই লাখ টাকা ছাড়িয়েছে। নিজের সামান্য সঞ্চয়, সহকর্মীদের দেওয়া সাহায্য এবং আত্মীয়-স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে এই বিপুল অর্থ জোগাড় করেছেন তিনি। কিন্তু এত চেষ্টার পরও বড় ছেলেকে বাঁচাতে পারেননি। এখন ছোট ছেলের চিকিৎসা চলছে, তবে সামনে কী অপেক্ষা করছে তা ভেবে দিশেহারা কবির।
আরাফাত এখন শুধুই স্মৃতি
কবিরের বড় ছেলে আরাফাত চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল ছেলেটি। আরাফাত এবং ১০ মাস বয়সী ছোট ভাই আবু বক্করকে ঘিরেই ছিল বাবা কবির ও মা আমেনা বেগমের পুরো পৃথিবী। কিন্তু মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই সাজানো সংসারটি তছনছ হয়ে গেছে।
কবির জানান, ১৫ থেকে ২০ দিন আগে আরাফাতের জ্বর, বমি ও কাশি শুরু হয়। অসুস্থতা বাড়তে থাকলে তাকে প্রথমে চট্টগ্রামের সাউদার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর তাকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে রাখতে হয়।
ইতিমধ্যে দুই সন্তানের চিকিৎসায় খরচ আড়াই লাখ টাকা ছাড়িয়েছে। নিজের সঞ্চয়, সহকর্মীদের সহযোগিতা ও আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়ে সেই খরচ সামলাচ্ছেন তিনি। কিন্তু এত চেষ্টার পরও বড় ছেলেকে বাঁচাতে পারেননি। এখন ছোট ছেলের চিকিৎসা চলছে। সামনে কী অপেক্ষা করছে, জানেন না কবির।
ইম্পেরিয়াল হাসপাতালে বেশ কয়েক দিন চিকিৎসার পরও আরাফাতের অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং শ্বাসকষ্ট আরও বাড়তে থাকে। চিকিৎসার বিপুল খরচ সামলাতে হিমশিম খেয়ে শেষ পর্যন্ত ছেলেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে আসেন কবির। সেখানেও তাকে আইসিইউতে রাখা হয়। বাবার ভাষ্য অনুযায়ী, হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত আরাফাতের ফুসফুসের পাশাপাশি যকৃতেও জটিলতা দেখা দিয়েছিল।
গত বৃহস্পতিবার রাতেও বাবার ডাকে সাড়া দিয়েছিল আরাফাত। আইসিইউতে শুয়ে বাবাকে জানিয়েছিল, সে ভালো আছে। তবে সেখানে বেশিক্ষণ থাকার অনুমতি ছিল না বলে ছেলের সঙ্গে খুব বেশি কথা বলতে পারেননি কবির। সেটিই ছিল সন্তানের সঙ্গে তাঁর শেষ কথোপকথন।
পরদিন শুক্রবার সকালে আরাফাতের অবস্থার দ্রুত অবনতি হয়। চিকিৎসকেরা কবিরকে দ্রুত হাসপাতালে আসতে বলেন। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি। সেদিন সন্ধ্যায় নগরের মোমেনবাগ এলাকার কবরস্থানে ছেলেকে দাফন করে আসেন কবির।
বড় ছেলের কথা উঠতেই আবারও কান্নায় ভেঙে পড়েন এই বাবা। দুই সন্তানের সঙ্গে কাটানো মুহূর্ত, ছোট্ট ভাড়া বাসায় তাঁদের চারজনের সুখের সংসার—এসব কথা মনে করে চোখের পানি ফেলছিলেন তিনি। কবির বলেন, ‘কাজ শেষে ঘরে ফিরলে দুই সন্তান আমার বুকে এসে পড়ত। কত স্বপ্ন ছিল। কত পরিকল্পনা ছিল। বড় ছেলের মৃত্যুতে সব শেষ হয়ে গেল। আমার ছোট ঘরের প্রতিটি কোনায় দুই সন্তানের স্মৃতি। আমি সে ঘরে ফিরব কী করে। থাকব কী করে।’
কবিরের স্ত্রী আমেনা বেগমের বয়স ২৯ বছর, তিনি একজন গৃহিণী। বড় ছেলের মৃত্যুর সময় তিনি হাসপাতালে ছিলেন, তবে পরে তাঁকে বাসায় রাখা হয়েছে। কবির জানান, ছেলের মৃত্যুতে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন আমেনা। তিনি বারবার বড় ছেলেকে খুঁজছেন, মাঝে মাঝে সংজ্ঞা হারাচ্ছেন এবং পানি ছাড়া মুখে কিছুই তুলছেন না।
বাড়িতে বড় ছেলেকে খুঁজছেন মা, আর হাসপাতাল থেকে ছোট ছেলে সুস্থ হয়ে ফিরবে সেই অপেক্ষায় বাবা। ক্লান্ত ও বিপর্যস্ত মুখে তাঁর শেষ আকুতি ছিল, ‘আমার ছেলেটার জন্য দোয়া চাই ভাই।’