১৯৮৭ সালে মাত্র ৫০ শয্যা নিয়ে কার্যক্রম শুরু করেছিল ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল। পরবর্তীতে ১৯৯৭ সালের জুলাই মাসে ১৮টি শিশুশয্যার সংযোজনসহ হাসপাতালের মোট শয্যার সংখ্যা ১০০টিতে উন্নীত করা হয়। এরপর ২০২০ সালের মার্চ মাসে একটি নতুন সাততলা ভবন উদ্বোধন করা হয়, যাতে আরও ১৫০টি শয্যা যুক্ত হয়। এর ফলে হাসপাতালটি মোট ২৫০ শয্যার প্রতিষ্ঠানে পরিণত হয় এবং শিশু ওয়ার্ডের শয্যার সংখ্যা ১৮ থেকে বাড়িয়ে ৪৫ করা হয়।

বর্তমানে এই হাসপাতালে প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ জন শিশু রোগী ভর্তি থাকছেন। তবে সাম্প্রতিক সময়ে তীব্র শীত ও ঠান্ডা বাড়ার ফলে শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। শয্যার তীব্র সংকটের কারণে অধিকাংশ অভিভাবককে তাদের অসুস্থ সন্তানদের নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডের বারান্দায় অথবা মেঝেতে অবস্থান করতে হচ্ছে।

শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে নিউমোনিয়া, ডায়রিয়া এবং বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে এই অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঠাকুরগাঁও সদরের খোচাবাড়ি থেকে ৮ মাস বয়সী মেয়েকে নিয়ে আসা মর্জিনা বেগম তাঁর কষ্টের কথা জানাতে বলেন, “আমার মেয়ের ডায়রিয়া ও পাতলা পায়খানা। গত তিন দিন ধরে কোনো সিট পাইনি, তাই মেঝেতেই কষ্ট করে চিকিৎসা নিতে হচ্ছে। এমনকি একটি সিটেই দুই থেকে তিন শিশুকে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে।”

অন্যদিকে, পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে দেড় বছর বয়সী ছেলে আদনানকে নিয়ে আসা বৃষ্টি আক্তার মেঝেতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন। তিনি বলেন, “দুই দিন ধরে আমার ছেলের নিউমোনিয়া। ডাক্তার এখানে ভর্তি করিয়েছেন। সিট তো দূরের কথা, মেঝেতেও সবাই গাদাগাদি করে আছে। কয়েক দিন ধরে এত ঠান্ডা যে নিচে বসে থাকাও কঠিন, কিন্তু ছেলের অসুস্থতার জন্যই এই কষ্ট সহ্য করতে হচ্ছে।”

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে সন্তানকে নিয়ে আসা ওবায়েদুর রহমান জানান, রংপুর বা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের তুলনায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল কাছে হওয়ায় তিনি তাঁর মেয়েকে এখানে নিয়ে এসেছেন। তিনি বলেন, “কয়েক দিন ধরে মেয়ের ডায়রিয়া। এখানকার চিকিৎসার মান ভালো, তবে শয্যাসংকট রয়েছে। তাই বাধ্য হয়ে মেঝে বা বারান্দায় শিশুদের চিকিৎসা নিতে হচ্ছে।”

শিশু ওয়ার্ডের নার্স হামিদা খাতুন জানান, শীতকালে সাধারণত শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেশি থাকে, তবে গত কয়েক দিনের তীব্র ঠান্ডার কারণে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। বর্তমানে প্রায় তিন শতাধিক শিশু ভর্তি রয়েছেন, যার ফলে হাসপাতালে পা ফেলার জায়গা নেই। তিনি মনে করেন, শয্যার সংখ্যা বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত জনবল নিয়োগ করা জরুরি, অন্যথায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সাজাদুর রহমান শাহিন বলেন, “শিশু ওয়ার্ডটি ৪৫ শয্যায় উন্নীত হলেও সেই তুলনায় জনবল সংকট রয়েছে। সেবার মান আরও বাড়াতে জনবল বাড়ানো প্রয়োজন। তবুও আমরা সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি। বর্তমান পরিস্থিতিতে অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুদের বাইরে কম বের হতে দিতে হবে, শরীর ঘেমে গেলে পরনের কাপড় পরিবর্তন করে দিতে হবে এবং পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। তাহলে শিশুরা কিছুটা হলেও রোগমুক্ত থাকবে।”

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ জানান, শীতের শুরু এবং গরমের শুরুর সময়ে আবহাওয়ার পরিবর্তনের কারণে এখানে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। তিনি বলেন, “এই হাসপাতালে শিশুসেবার মান ভালো হওয়ায় আশপাশের জেলার অনেক অভিভাবক তাদের শিশুদের এখানে নিয়ে আসেন। এ কারণেই এখানে সব সময় শিশু রোগীর চাপ থাকে। আমাদের অভিজ্ঞ শিশু চিকিৎসকেরা রোগীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং শিশু ওয়ার্ডে প্রতি শিফ্টে ৫ জন করে নার্স নিয়মিত সেবা দিচ্ছেন। তবে শয্যার তুলনায় রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ায় অতিরিক্ত রোগীদের গাদাগাদির মধ্যেই চিকিৎসাসেবা দিতে হচ্ছে।”