ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১ জন মেধাবী শিক্ষার্থী ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’-এ ভূষিত হয়েছেন। ২০২৪ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁদের এই সম্মাননা প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই পুরস্কারগুলো তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
প্রয়াত সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষক ছিলেন। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কন্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী।
২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিতারা পারভীন মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতিকে অম্লান রাখতে এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাঁর পরিবারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রবর্তন করা হয়।
এবারের পুরস্কার বিজয়ীদের তালিকায় রয়েছেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাশাহুদ আহমেদ, অর্জিতা সূত্রধর, আকতারুল ইসলাম, তাহমিদুল আলম, নওশীন মুশতারী, সাদিয়া রহমান, সাদিয়া পারভীন, সানজানা জেবিন, ফাহিম হাসান, আলী হাসান ওয়াহিদ এবং অনুষ্কা ব্যানার্জী।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “অধ্যাপক সিতারা পারভীন ছিলেন একজন মেধাবী, আদর্শবান আর পথপ্রদর্শক শিক্ষক। তাঁর চিন্তাচেতনা ছিল অত্যন্ত উন্নত। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তিনি কাজ করেছেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এ ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষার্থীদের এই স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শিক্ষার্থীদের উচিত এই অনুপ্রেরণাকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়া এবং অধ্যাপক সিতারা পারভীনের আদর্শ ও চিন্তাধারাকে স্মরণে রাখা।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “অধ্যাপক সিতারা পারভীনের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্মৃতিচারণা আমাদের অনুপ্রাণিত করেছে। তাঁর বহুত্ববাদী রাষ্ট্রচিন্তা আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।”
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণমাধ্যম পরামর্শক, লেখক ও সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিকের কাজ শুধু সরকারের নীতি তুলে ধরা নয় বরং সেসব নীতি মানুষের জীবনে কী প্রভাব ফেলছে, তাদের ভাবনা ও অভিজ্ঞতা কী—তা তুলে ধরা।”
সাধারণ মানুষের কণ্ঠস্বর সাংবাদিকদের লেখনিতে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন কুররাতুল-আইন-তাহমিনা। অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকরাও অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতিচারণ করেন।