গত পাঁচ বছরের হিসেবে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর চালানো বিভিন্ন হামলায় নিরাপত্তা বাহিনীর ৮ সদস্যসহ মোট ৩১৬ জন প্রাণ হারিয়েছেন। এই সময়ে চালানো বিভিন্ন সহিংস ঘটনায় আহত হয়েছেন ৪৯০ জন। প্রাপ্ত তথ্যানুসারে, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ওপর মোট ৩৭২টি হামলার ঘটনা ঘটেছে।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের করা এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য প্রদান করেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতেই এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলের বাঙালি জনগোষ্ঠীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো মোট ১৯৪টি হামলা চালিয়েছে। অন্যদিকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর হামলার ঘটনা ঘটেছে ৮১টি। একই সময়ের মধ্যে ২৯৭টি অপহরণের ঘটনা, ৪৭১টি জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা এবং ৩৭৭টি অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ৯৭টি হামলা চালিয়েছে। এসব সহিংসতায় ৩০৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৩৫ জন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ৮ জন সদস্য নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পার্বত্য তিন জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমন এবং সব সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বহুমুখী আইনগত, প্রশাসনিক ও নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “পার্বত্য অঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সশস্ত্র তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।”

পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা করা হচ্ছে এবং আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।” তিনি আরও জানান, পাহাড়ে চাঁদাবাজি রোধে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে এবং মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তপথে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান রুখতে বিজিবির সীমান্তচৌকিগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে।

পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় ক্যাডার ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম এবং ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।”

এর আগে প্রশ্ন উত্থাপনকালে এস এ জিন্নাহ কবীর বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রায়ই অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে। অবৈধ অস্ত্রধারীরা সেনাবাহিনী ও সাধারণ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে। কখনো কখনো এই তিনটি জেলাকে বিচ্ছিন্ন করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রের কথাও শোনা যাচ্ছে। প্রতিবেশী দেশ থেকে অবৈধ অস্ত্র আসা এবং উসকানির কারণে এসব হামলা হচ্ছে উল্লেখ করে তিনি বাংলাদেশের ভূখণ্ড রক্ষায় বিশেষ কোনো বাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনার পরিকল্পনা আছে কি না, তা জানতে চান। সম্পূরক প্রশ্নে তিনি পার্বত্য চট্টগ্রামসহ দেশের অভ্যন্তরে সাম্প্রতিক বিশৃঙ্খলা, গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং অবৈধ অস্ত্র প্রদর্শনের ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা জানতে চান।

সম্পূরক প্রশ্নে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেন, “পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলো পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের উসকানি ও মদদে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। এসব ঘটনায় অনেকে নিহত ও আহত হয়েছেন। সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে অত্যাধুনিক অস্ত্র রয়েছে, যা সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে নেই বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। সাজেক ভ্যালিসহ পার্বত্য অঞ্চলের পর্যটনশিল্প ধ্বংস এবং পুরো অঞ্চল হাতছাড়া করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব ঘটনা ঘটছে কি না,” তা জানতে চান তিনি।

শফিকুল ইসলাম দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, কোনো একটি গাড়িতে ককটেল বিস্ফোরণ হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যায় না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিরোধীদলীয় নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে। অথচ বিভিন্ন গণমাধ্যমে শত শত গাড়িতে হামলার খবর এসেছে। কতজন মানুষ কিংবা কতটি গাড়ির ওপর হামলা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে বিবেচনা করা হবে, তা জানতে চান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “সাজেক ভ্যালি নিয়ে সংসদ সদস্যের উদ্বেগের সঙ্গে সরকারও একমত। প্রতি পর্যটন মৌসুমের আগে সাজেক ভ্যালিতে দখলদারত্ব বজায় রাখার জন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতারা মিলে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করেছেন। বর্তমানে সেখানে পরিস্থিতি স্থিতিশীল।”

কতজন মানুষ কিংবা কতটি গাড়ির ওপর হামলা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা হবে—প্রশ্নের এ অংশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে বক্তব্য দেওয়ার সময় তিনি বিস্তারিত ব্যাখ্যা দেবেন।