মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি ও যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যবৃদ্ধি এবং জাহাজভাড়া বেড়ে যাওয়ায় দেশে এলপিজির দাম বেড়েছে। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) এই দাবি করেছে। সংগঠনটির মতে, একটি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের মোট দামের প্রায় ৮০ শতাংশই ব্যয় হয় আমদানি বাবদ। মূলত বিদেশ থেকে গ্যাস ক্রয় এবং তা দেশে পরিবহনের পেছনে এই বিশাল অঙ্কের খরচ হয়।
বুধবার এলপিজির মূল্যবৃদ্ধি সংক্রান্ত এক ব্যাখ্যা প্রদান করে লোয়াব জানায়, সিলিন্ডারের দামের বাকি ২০ শতাংশের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ভ্যাট-কর, সিলিন্ডারে গ্যাস ভরা, স্থানীয় পরিবহন খরচ, মুনাফা এবং পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন। গত এক বছরে বিশ্ববাজারে এলপিজির কাঁচামালের দাম প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়াও দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।
লোয়াবের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যের পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটেছে। এর ফলে অনেক প্রচলিত সরবরাহ চুক্তি বাতিল হয়ে গেছে এবং আমদানিকারকদের বিকল্প উৎস থেকে এলপিজি সংগ্রহ করতে হচ্ছে। বর্তমানে দেশের মোট এলপিজি চাহিদার প্রায় ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্যাস আনতে হয়। এছাড়া যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাসবাহী জাহাজের সংকট তৈরি হওয়ায় জাহাজভাড়া ও অন্যান্য পরিবহন ব্যয় বহুগুণ বেড়ে গিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরামকোর এলপিজির দর, যা সৌদি কন্ট্র্যাক্ট প্রাইস (সিপি) নামে পরিচিত; তা আগে গড়ে টনপ্রতি ৫৫২ ডলার ছিল, যা পরে বেড়ে গড়ে ৬৬৬ ডলারে দাঁড়িয়েছে। চলতি নভেম্বরে তা আরও বেড়ে প্রোপেনের দাম টনপ্রতি ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলারে পৌঁছেছে। ৩৫:৬৫ অনুপাতে এই দুই উপাদানের গড় দাম দাঁড়ায় প্রায় ৭৫৯ ডলার। আর বছরের শুরুতে ফেব্রুয়ারিতে দেশে প্রতি কেজি এলপিজির নির্ধারিত দাম ছিল ১১৩ টাকা, যা নভেম্বরে বেড়ে হয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সা।
ভারতের তুলনায় বাংলাদেশে এলপিজির দাম বেশি হওয়ার কারণও ব্যাখ্যা করেছে আমদানিকারকদের এই সংগঠন। তাদের দাবি, ভারতে বড় জাহাজ সরাসরি বন্দরে ভিড়তে পারে এবং দ্রুত গ্যাস খালাস করা সম্ভব হয়। অন্যদিকে বাংলাদেশে গভীর সমুদ্র থেকে ছোট জাহাজে গ্যাস খালাস করতে হয়, যার ফলে সময় ও ব্যয় উভয়ই বৃদ্ধি পায়। এছাড়া ভারতের চাহিদার প্রায় অর্ধেক এলপিজি দেশেই উৎপাদিত হয়, কিন্তু বাংলাদেশের প্রায় পুরো এলপিজিই আমদানি করতে হয়। ভারতের বাজার বাংলাদেশের চেয়ে প্রায় ২০ গুণ বড় হওয়ায় দেশটি আমদানিতে বাড়তি সুবিধাও পেয়ে থাকে। পাশাপাশি ভারত সরকার এলপিজি খাতে বড় অঙ্কের ভর্তুকি দিলেও বাংলাদেশে এ খাতে সরকারি কোনো ভর্তুকি নেই।
এলপিজির দাম কমিয়ে আনতে কক্সবাজারের মহেশখালীতে সরকারি বা যৌথ উদ্যোগে টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছে লোয়াব। তাদের মতে, এ ধরনের অবকাঠামো গড়ে তোলা গেলে আমদানি ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
বিবৃতিতে লোয়াবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বার বলেন, “সরকার ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্দেশনা অনুযায়ী নির্ধারিত দামে এলপিজি বিক্রি এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সদস্যপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।” একই সঙ্গে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।