বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম সরকারিভাবে বাড়ানোর আগেই তা ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছিল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২ নভেম্বর) রাত ৯টা ১৩ মিনিটে নিজের ফেসবুক পেজে এই বিষয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। উক্ত পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘১২ কেজির সিলিন্ডার প্রতি ২২৩ টাকা দাম বাড়িয়ে গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ২০৬০ টাকা। অথচ বাজারে আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকা করে।’
উল্লেখ্য যে, বাজারে চরম অস্থিরতা বিরাজ করার মধ্যেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় দাম বৃদ্ধির এই প্রজ্ঞাপন জারি করে। বিইআরসি-র জানানো তথ্যানুযায়ী, সোমবার রাত ৮টার পর থেকে নতুন এই মূল্য কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।
একই প্রজ্ঞাপনের মাধ্যমে অটোগ্যাসের দামও বৃদ্ধি করেছে বিইআরসি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ দশমিক ৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১ দশমিক ৯৫ টাকা করা হয়েছে। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের প্রতি লিটারের দাম ছিল ৭৩ দশমিক ০৯ টাকা। এর পাশাপাশি বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে।
এর আগে, গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই এলপিজির বাজার অস্থির হয়ে পড়ে। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দেন। এর ফলে ১৫৮৫ টাকার এলপিজি সিলিন্ডার বিভিন্ন স্থানে ২২০০ থেকে ২৫০০ টাকায় কেনাবেচা হতে শুরু করে।