ইসরায়েলের নতুন পার্লামেন্ট বা নেসেটের সদস্য গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার দল জানিয়েছে, জোট সরকার গঠন নিয়ে আলোচনার লক্ষ্যে বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে একটি প্রাথমিক বৈঠকের সময় নির্ধারিত করা হয়েছিল। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেসেটে একটি ‘বিভাজনমূলক’ ভাষণ দেওয়ার পর সেই নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে।

দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সরকার গঠনের লক্ষ্যে ইয়াশার দল চারটি নির্দিষ্ট নীতি নির্ধারণ করেছে। সেই নীতিমালার ভিত্তিতে নেসেটের সকল দলের সঙ্গে আন্তরিক ও প্রকৃত আলোচনার আহ্বান জানিয়েছিল ইয়াশার। এরই ধারাবাহিকতায় আইজেনকটের দল এবং লিকুদ পার্টির মধ্যে আগামী বৃহস্পতিবার একটি বৈঠকের সময় চূড়ান্ত করা হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, বিদায়ী প্রধানমন্ত্রীর বিভাজনমূলক ভাষণ এবং নেসেটের শপথ অনুষ্ঠানে তাঁর লজ্জাজনক আচরণের পরিপ্রেক্ষিতে ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকট আগামীকাল লিকুদের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া নির্ধারিত আলোচনা বৈঠকটি বাতিলের নির্দেশ দিয়েছেন।

এদিকে, গত সোমবার বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী দলগুলোর নেতাদের একটি ঐক্যবদ্ধ সরকারের অংশ হতে আহ্বান জানিয়েছিলেন। তবে তাঁর ওই বক্তব্যের পর আলোচনার পথ বন্ধ হওয়ার খবর সামনে আসে। গতকাল মঙ্গলবার নেসেটে নেতানিয়াহুর ভাষণকে গাদি আইজেনকট ‘উদ্ভট, বিভাজনমূলক, বিদ্বেষপূর্ণ ও লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। ওই ভাষণে নেতানিয়াহু ইরানের পারমাণবিক হুমকির কথা উল্লেখ করে একটি জাতীয় ঐক্যের সরকারের প্রয়োজনীয়তার ওপর চাপ সৃষ্টি করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে, সেই হুমকি অবশ্যই ধ্বংস করতে হবে।

ইয়াশারের বিবৃতিতে অভিযোগ করা হয়েছে যে, নেতানিয়াহু আলোচনার পথ বেছে না নিয়ে বরং ইসরায়েলি নাগরিকদের বিভক্ত করার পথকেই বেছে নিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিদায়ী প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় (গতকাল মঙ্গলবার) ইসরায়েলি নাগরিকদের ওপর আক্রমণ করেছেন। যাঁদের আরও প্রমাণ দরকার ছিল, তাঁদের জন্য এটি আরেকটি দুঃখজনক ঘটনা যে নেতানিয়াহু ঐক্য চান না। ইসরায়েলি সমাজে যখন সহনশীলতার ওপর জোর দেওয়া হচ্ছে, তখন নেতানিয়াহু নিজের রাজনৈতিক জীবন টিকিয়ে রাখার পথ বেছে নিয়েছেন। নেতানিয়াহু সব সময় নিজেকেই বেছে নেবেন। যেকোনো মূল্যে।’

অন্যদিকে, বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইয়াশার পার্টি আরবদের সঙ্গে জোট করার চেষ্টা করছে এবং সে কারণেই তারা ঐক্যের আলোচনা বাতিল করছে। লিকুদ দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, নেতানিয়াহু জাতীয় ঐক্য অর্জনে ‘সম্ভাব্য সব চেষ্টা করবেন’ এবং ‘ঐক্য চায়, এমন যেকোনো দলের প্রতিনিধিদের সঙ্গে লিকুদ বসতে রাজি।’

বৈঠক বাতিলের এই ঘোষণার প্রতিক্রিয়ায় লিকুদ পার্টি বিষয়টিকে ‘হেঁয়ালিপূর্ণ’ বলে বর্ণনা করেছে। তাদের দাবি, আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো লিকুদের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করলেও আরব দলগুলোর সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে। লিকুদ আরও উল্লেখ করেছে যে, নেসেটের শপথ অনুষ্ঠানের পরপরই ওই আরব দলগুলো জাতীয় সংগীতের সময় ওয়াকআউট করেছিল।