ফুটবলারদের চোখে সানগ্লাস দেখলে সাধারণত মনে হয় এটি কেবল ফ্যাশনের অংশ কিংবা মাঠের বাইরের আভিজাত্যের বহিঃপ্রকাশ। তবে সেই চশমার ভেতরেই যদি লুকিয়ে থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্যামেরা, স্পিকার এবং পারফরম্যান্স বিশ্লেষণের অত্যাধুনিক প্রযুক্তি, তবে তা আর কেবল স্টাইলের মধ্যে সীমাবদ্ধ থাকে না।
ফুটবল মাঠে চশমা ব্যবহারের ইতিহাস খুব বেশি পুরনো নয়। নেদারল্যান্ডসের সাবেক তারকা মিডফিল্ডার এডগার ডেভিডস বিশেষ চশমা পরে খেলতে অভ্যস্ত ছিলেন। ক্রিকেটের দুনিয়ায় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা সানগ্লাস পরে ব্যাটিং করেছেন। এছাড়া ড্যানিয়েল ভেট্টোরি তাঁর পুরো ক্যারিয়ার জুড়েই সাধারণ চশমা ব্যবহার করেছেন। গলফ, সাইক্লিং কিংবা দীর্ঘ দূরত্বের দৌড়ের মতো খেলায় চশমার ব্যবহার দীর্ঘকাল ধরে পরিচিত।
তবে ফুটবলে চশমার বাণিজ্যিক ও প্রযুক্তিগত বিপ্লব ঘটিয়ে এখন নতুন গল্প লিখছে ক্যালিফোর্নিয়া-ভিত্তিক ব্র্যান্ড ওকলে। একসময় স্কিইং বা সার্ফিংয়ের মতো খেলায় পরিচিত থাকলেও, এখন তারা ফুটবলের শীর্ষ তারকা, অভিজাত ক্লাব এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজেদের অবস্থান মজবুত করেছে। এই যাত্রায় সবচেয়ে আলোচিত দুই নাম হলো কিলিয়ান এমবাপ্পে এবং আর্সেনাল ক্লাব।
২০২২ সালে ওকলে কিলিয়ান এমবাপ্পেকে তাদের বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে। ফরাসি এই তারকার সঙ্গে দীর্ঘমেয়াদি ও আকর্ষণীয় এই চুক্তিটি প্রতিষ্ঠানটির জন্য ছিল এক বিশাল বাণিজ্যিক জয়। পরবর্তীতে এমবাপ্পের নামে ‘কাটো’ ও ‘এইচএসটিএন’ নামের দুটি সিগনেচার লাইন বাজারে আনা হয়। চুক্তির সময় এমবাপ্পে বলেছিলেন, “ওকলের মনোভাবের সঙ্গে আমি অনেক দিক থেকেই মিল খুঁজে পাই, তাদের উদ্ভাবনী স্পৃহা এবং ইতিবাচক পরিবর্তন আনার তাগিদ আমাকে টানে। আর অবশ্যই, এই চশমাগুলো দারুণ।”
বর্তমানে এই সম্পর্কের নতুন পর্যায় হিসেবে এসেছে ‘মেটা ভ্যানগার্ড’। মেটার সঙ্গে যৌথভাবে তৈরি এই এআই-সমর্থিত স্মার্ট চশমাটিতে রয়েছে ওকলের বিশেষ প্রিজম লেন্স, ১২ মেগাপিক্সেলের বিল্ট-ইন ক্যামেরা এবং গান শোনা বা কথা বলার জন্য স্পিকার। এটি স্মার্টওয়াচের সঙ্গেও সংযুক্ত করা যায়, যার ফলে অ্যাথলেটের পারফরম্যান্সের বিভিন্ন তথ্য সংরক্ষণ করা সম্ভব হয়।
এই প্রযুক্তি নিয়ে এমবাপ্পে অত্যন্ত রোমাঞ্চিত। ‘ব্রোবাইবেল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রতিযোগিতামূলক অ্যাথলেট হিসেবে নিজের পারফরম্যান্সের উন্নতিতে সাহায্য করে, এমন যেকোনো বাড়তি সুবিধার খোঁজ আমি সব সময়ই রাখি। মেটা ও ওকলে যা তৈরি করেছে তা সত্যিই রোমাঞ্চকর, কারণ এটি অ্যাথলেটদের অনুশীলন এবং প্রযুক্তির সঙ্গে যুক্ত হওয়ার সীমাকে আরও বাড়িয়ে দেয়। এর মূল লক্ষ্য হলো নিজের কাজে মনোযোগ রেখে উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে পারফরম্যান্সের উৎকর্ষ সাধন করা। এ ভাবনাটি আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।”
এমবাপ্পের এই প্রবল আগ্রহের মূল কারণ হলো, এই চশমার মাধ্যমে অনুশীলনের সময় নিজের চোখে দেখা দৃশ্য সরাসরি ধারণ করা যায়, ফলে আলাদা করে ফোন বের করার প্রয়োজন হয় না। এমনকি স্লো মোশনে ড্রিবলিং ও শুটিংয়ের দৃশ্য রেকর্ড করার সুবিধাও এতে রয়েছে। এমবাপ্পে জানান, “আমার কাছে চশমাটির অন্যতম সেরা একটি ফিচার হলো হ্যান্ডস-ফ্রি ক্যামেরা। ফোন বের করার কোনো ঝামেলা ছাড়াই আমি অনুশীলনের সময় নিজের দৃষ্টিভঙ্গি থেকে মুহূর্তগুলো ধারণ করতে পারি। এছাড়া এর একটি ক্যামেরা মোড রয়েছে, যার সাহায্যে আমি ধীরগতিতে (স্লো মোশন) আমার ড্রিবলিং ও অনুশীলনে শুটিং রেকর্ড করতে পারি।”
কেবল দৃশ্য ধারণই নয়, নিজের অনুশীলনের ভুলত্রুটি বিশ্লেষণ করতেও এটি কার্যকর। এমবাপ্পের ভাষায়, “নিজের মুভমেন্ট বা ট্রেনিং সেশনগুলো পেছনে ফিরে দেখা এবং আগে যেসব বিষয় নিজে বিশ্লেষণ করতে পারতাম না, তা নিখুঁতভাবে দেখার এটি দারুণ সুযোগ। মেটা-ওকলি ভ্যানগার্ডের মাধ্যমে আমি আমার শারীরিক নড়াচড়াগুলো পর্যালোচনা করতে পারি, সেটা দৌড় হোক, ড্রিবলিং কিংবা গোল করার শেষ মুহূর্তে শট। এটি আমাকে ছোটখাটো কৌশলগত ভুলগুলো শুধরে নিতে এবং কীভাবে আরও উন্নতি করা সম্ভব, তা সঠিকভাবে বুঝতে সাহায্য করে, যা আমার উন্নতির জন্য সত্যিই ভীষণ কাজে লাগে।”
কল্পনা করা যায়, এমবাপ্পের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে তাঁর অনুশীলন কেমন হয়! বল নিয়ন্ত্রণ থেকে শুরু করে শটের সামান্য ঘাটতি—সবকিছুই এখন নিখুঁতভাবে পর্যালোচনার সুযোগ রয়েছে।
ওকলের এই ফুটবল অভিযানকে আরও বিস্তৃত করেছে আর্সেনালের সঙ্গে তাদের অংশীদারিত্ব। প্রিমিয়ার লিগের এই ক্লাবের সঙ্গে সম্পর্কের সূচনা হয় ‘উই গো এগেইন’ নামের একটি প্রচারমূলক ভিডিওর মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায়, মিডফিল্ডার ডেক্লান রাইস স্মার্ট চশমা পরে উত্তর লন্ডনের রাস্তায় দৌড়াচ্ছেন। ২২ বছর পর লিগ শিরোপা জয়ের পর সমর্থকদের আনন্দঘন ট্রফি প্যারেডের পথ ধরেই তাঁর এই দৌড়। আবেগ ও দীর্ঘ অপেক্ষার এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। ৫ হাজার ৬০০ লাইক পাওয়া একটি টুইটে লেখা হয়েছিল, “হ্যাঁ...আর্সেনালের মিডিয়া টিম সত্যি বলতে হলিউড পর্যায়ের!”
আর্সেনালের চিফ রেভিনিউ অফিসার ওমার শেখ বলেন, “সমর্থকদের কীভাবে সঙ্গে রাখতে পারি, সে বিষয়ে আরও বড় পরিসরে ভাবা হচ্ছে। ওকলে মেটার সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব সেই বড় লক্ষ্যেরই একটি অংশ।”
মেয়েদের ফুটবলেও ওকলের দূত হিসেবে রয়েছেন অ্যালিসিয়া রুশো এবং তিনবারের ব্যালন ডি’অরজয়ী আলেক্সিয়া পুতেয়াস। ফুটবলের বাইরেও তাদের সঙ্গে যুক্ত র্যাপার ট্র্যাভিস স্কট, এনএফএল তারকা প্যাট্রিক মাহোমস, ভারতীয় ক্রিকেটের বিরাট কোহলি এবং দক্ষিণ আফ্রিকার রাগবি তারকা সিয়া কোলিসি।
একসময় ফুটবলে চশমা মানেই ছিল কেবল সুরক্ষার কথা, যা এডগার ডেভিডস ব্যবহার করতেন। এখন সেই চশমায় যুক্ত হয়েছে ক্যামেরা, এআই এবং পারফরম্যান্স অ্যানালাইসিস। আগামী দিনে হয়তো আরও বিস্ময়কর কিছু যোগ হবে, যেখানে ফুটবলারদের চোখ দিয়েই পুরো পৃথিবী ফুটবল খেলা উপভোগ করবে।