সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারি, টেলিভিশনের পর্দা কিংবা মুঠোফোনের ছোট স্ক্রিনে রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে দেখে অভ্যস্ত কোটি কোটি মানুষ। কিন্তু কায়রোর একটি অন্ধকার ঘরে সেদিন তাঁকে দেখছিল মাত্র একজন। ১৩ বছর বয়সী এক কিশোর, যার চোখের পলক পড়ছিল না। হঠাৎ পর্দার দৃশ্য বদলে রিয়াল মাদ্রিদের এই তারকা সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আরবিতে বললেন, ‘জাহের, মাহাবা।’ যার অর্থ— হ্যালো জাহের।

সেই মুহূর্তে জাহের স্থির হয়ে ছিল, শুধু তার চোখদুটো বিস্ময়ে আরও বড় হয়ে গেল। লাখ লাখ মানুষ যে ফুটবলারের গোলের পর নাচ দেখে উল্লাসে ফেটে পড়েন, তাঁর একটি শব্দে স্তব্ধ হয়ে গেল কায়রোর সেই ঘরের কিশোরটি।

জাহেরের এই হৃদয়স্পর্শী গল্পটি প্রথম বিশ্বের সামনে এনেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সুদানের রাজধানী খার্তুমের ধ্বংসস্তূপের মাঝে বিবিসির প্রতিনিধিদল প্রথমবার এই চুপচাপ ছেলেটির দেখা পায়। যুদ্ধের ভয়াবহতা যার শৈশবকে তছনছ করে দিয়েছে। ২০২৩ সালে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে শুরু হওয়া সংঘাতের ফলে দেশটির লাখ লাখ শিশুর জীবন ওলটপালট হয়ে গেছে।

এক মর্মান্তিক সকালে মা ও ছেলে পাশাপাশি বসে কাজ করছিলেন। ঠিক তখনই একটি ড্রোনের হামলা হয়। সেই স্মৃতিচারণ করে হাবিবা গত বছর বলেছিলেন, ‘আমি ওর দিকে তাকালাম। ও রক্তাক্ত। চারদিকে শুধু রক্ত।’ সেই ভয়াবহ হামলায় জাহের তার দুটি পা হারায়।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী, সুদানে বর্তমানে ১ কোটি ৭০ লাখের বেশি শিশুর মানবিক সহায়তার প্রয়োজন। সংস্থাটি অন্তত ৪ হাজার ৩০০ শিশুর নিহত বা পঙ্গু হওয়ার তথ্য যাচাই করতে সক্ষম হয়েছে, যদিও ধারণা করা হয় প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। জাহের সেই অসংখ্য ক্ষতিগ্রস্ত শিশুরই একজন।

২০২৪ সালে খার্তুম তখন পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছিল। খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের তীব্র সংকট দেখা দেয়। পালিয়ে যাওয়ার মতো সামর্থ্য ছিল না জাহের ও তার মা হাবিবার। বেঁচে থাকার তাগিিদতে তাঁরা রাস্তায় মসুর ডাল বিক্রি করতেন। সেই দিনেই ড্রোন হামলায় জাহের তার পা দুটো হারায়। হাবিবা সেই মুহূর্তের কথা বর্ণনা করে বলেছিলেন, ‘আমি ওর দিকে তাকালাম। ও রক্তাক্ত। চারদিকে শুধু রক্ত।’

যুদ্ধের আগে ফুটবলই ছিল জাহেরের জীবনের সবকিছু। পা হারানোর পর সে হুইলচেয়ারে ভর করে পাড়ার ধ্বংসস্তূপের ভেতর দিয়ে ঘুরে বেড়াত। চারদিকে পড়ে থাকত পোড়া গাড়ি, পরিত্যক্ত ট্যাংক আর ভেঙে পড়া ঘরবাড়ি। সে কেবল হাঁটুর ওপর ভর দিয়ে ফুটবল খেলার চেষ্টা করত, যাতে সংক্রমণের মারাত্মক ঝুঁকি ছিল। হাবিবার জন্য সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল রাতের শেষে ছেলের ঘুম ভাঙার পর। হাবিবা জানান, ‘সে (জাহের) ঘুম থেকে উঠে জিজ্ঞেস করত, ‘কেন তুমি ওদের আমার পা কেটে ফেলতে দিলে?’ হাবিবা এর উত্তর দিতে পারতেন না। জাহের তখন বলেছিল, ‘আমি যদি দুটো পা পেতাম, তাহলে আগের মতো বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে পারতাম।’

সেই স্বপ্ন তখন অসম্ভব মনে হলেও বিবিসির প্রতিবেদনের মাধ্যমে তা সুদানের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এতে সাড়া দেন বিভিন্ন প্রান্তের মানুষ। তাঁদের মধ্যে একজন ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী সুদানি বংশোদ্ভূত আইনজীবী দেনা লতিফ। তিনি জাহেরের চিকিৎসার জন্য একটি অনলাইন ক্যাম্পেইনের নেতৃত্ব দেন, যার মাধ্যমে ৪৫ হাজার পাউন্ড বা প্রায় ৬০ হাজার ডলার সংগ্রহ করা হয়।

সুদানে উন্নত চিকিৎসা না থাকায় দেশ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পাসপোর্ট এবং জন্মনিবন্ধনের কাগজ যুদ্ধে নষ্ট হয়ে যাওয়ায় প্রক্রিয়াটি ছিল জটিল। দীর্ঘ কয়েক মাসের পরিকল্পনার পর মা-ছেলে কায়রো অভিমুখে বিমানে ওঠেন। সেখানে তাঁদের জন্য একটি ফ্ল্যাট এবং চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট আগে থেকেই ঠিক করা ছিল। বহু বছর পর প্রথমবারের মতো তাঁদের মনে ‘আজ কি খেতে পাবো’ এই প্রশ্নটি আর জাগেনি।

কায়রোতে জাহেরের আরও অস্ত্রোপচার হয় এবং কয়েক মাস ধরে ফিজিওথেরাপি ও কৃত্রিম পায়ে হাঁটার প্রশিক্ষণ চলে। মানসিক ক্ষত সারিয়ে তুলতে মনোবিজ্ঞানীর সহায়তাও নেয় সে। জাহেরের চিকিৎসায় যুক্ত ডা. বিনতেলমুনা এলতায়েব বলেন, ‘ও লাজুক ছিল, কিছুটা বিষণ্ন, মনমরা। ওর মুখে হাসি ফোটানো প্রায় অসম্ভব ছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছেন, ও হাসছে। নিজের ওপর ওর দারুণ আস্থা।’

যে ছেলেটি একসময় নিজেকে গুটিয়ে রাখত, এখন সে আত্মবিশ্বাসী এবং প্রাণচঞ্চল। কৃত্রিম পায়ের ওপর ভর করে সে এখন মাথা উঁচু করে দাঁড়ায়। বিবিসির প্রতিনিধিদলকে সে জানিয়েছিল, তার প্রিয় ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। এই কথাটি রিয়াল মাদ্রিদের তারকার কাছে পৌঁছালে তিনি একটি ব্যক্তিগত ভিডিও বার্তার মাধ্যমে জাহেরকে সমর্থন জানান। কায়রোর বাসায় পরিবারের সবাই সেই ভিডিওটি দেখেন। ব্রাজিলিয়ান তারকা ভিডিওতে বলেন, ‘তোমার গল্প আমি জেনেছি। আমি জানি, গত কয়েক মাস তোমার জন্য কতটা কঠিন ছিল।’

বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ভিনিসিয়ুস কৃষ্ণাঙ্গ মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত। তিনি ভিডিওতে আরও বলেন, ‘তুমি একজন পরিশ্রমী কৃষ্ণাঙ্গ মানুষ। আমি সত্যিই আশা করি, তুমি তোমার নতুন কৃত্রিম পায়ের যথাযথ ব্যবহার করবে, আবার ফুটবল খেলায় ফিরবে এবং সুখ খুঁজে পাবে। এটা তোমার পাওনা।’ এই কথা শুনে জাহেরের মুখে হাসি ফোটে। এরপর ভিনি তাকে আমন্ত্রণ জানান, ‘আমি তোমাকে মাদ্রিদের একটা ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানাতে চাই। আমরা পুরো দিনটা একসঙ্গে কাটাতে পারব।’

আবেগের বশ হয়ে জাহের ঘর থেকে বেরিয়ে গিয়ে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন জার্সি পরে ফিরে আসে। তার স্বপ্ন এখন ভিসা পেয়ে মাদ্রিদে যাওয়া। জাহের বলে, ‘ভিনিসিয়ুসকে বলবেন, আমি তাকে ভালোবাসি। তার কথায় আমি সত্যিই অনেক অনুপ্রাণিত হয়েছি।’

জাহের এখন অনেক হাসিখুশি। ঘোড়ায় চড়া থেকে সাইকেল চালানো— সব কিছুতেই তার প্রবল আগ্রহ। বড় হয়ে সে এখন বিমানের পাইলট হতে চায়। যদিও ফুটবল মাঠে ফেরার জন্য সে এখনো অপেক্ষা করছে। ছেলের আত্মবিশ্বাস ফিরে পেয়ে হাবিবা আনন্দিত হলেও তার মনে ছিল ভবিষ্যৎ ও পড়াশোনা নিয়ে উদ্বেগ। গৃহযুদ্ধে জর্জরিত দেশে সে কীভাবে গ্রহণযোগ্যতা পাবে, তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন।

বর্তমানে খার্তুমে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে এবং শহরের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে ফিরেছে। তবে রাজধানীজুড়ে এখনো ধ্বংসস্তূপ আর লুটতরাজ করা দালানকোঠার চিহ্ন বিদ্যমান। নিরাপত্তা ঝুঁকি এখনো কাটেনি। যুক্তরাষ্ট্র ও আরও ৩০টি পশ্চিমা দেশের এক বিবৃতিতে জানানো হয়েছে, সুদানের ৪১ শতাংশ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছে এবং সেখানে ‘সম্ভাব্য দুর্ভিক্ষ’ হতে পারে। এর মধ্যেই কায়রোর নিরাপদ জীবন ছেড়ে পরিবার ও বন্ধুদের কাছে ফিরে এসেছে জাহের ও হাবিবা। জাহেরের জীবনে এখন নতুন স্বপ্ন— প্রিয় ফুটবলারের সঙ্গে দেখা করা, আবার মাঠে নামা এবং একদিন আকাশে উড়োজাহাজ চালানো।

তবে এই গল্পের শেষ এখানেই নয়। সুদানে এখনো লাখ লাখ শিশু যুদ্ধের ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে। কারও হাতে নেই খেলনা, কারও নেই স্কুল, আর কারও নেই মাঠে ফেরার সুযোগ। জাহের অন্তত নতুন করে হাঁটতে শিখেছে, কিন্তু বাকিরা এখনো সেই সুযোগের অপেক্ষায় প্রহর গুনছে।