এক সময়ের রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের ত্রাস ভিনিসিয়ুস জুনিয়র এখন নিজেই এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। দুর্দান্ত গতি, চোখধাঁধানো ড্রিবলিং এবং গোল করার অসাধারণ দক্ষতার মাধ্যমে নিজেকে বিশ্বের সেরা ফুটবলারদের কাতারে নিয়ে গিয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে বর্তমানে তিনি ভুগছেন তীব্র গোলখরায়। আগের সেই ধারাবাহিকতা হারিয়েছেন তিনি, যার ফলে শুরুর একাদশে নিজের জায়গা ধরে রাখতে লড়াই করতে হচ্ছে তাকে। কেন এমন পরিস্থিতি তৈরি হলো? এবার সেই প্রশ্নের উত্তর নিজেই দিলেন ভিনিসিয়ুস। তিনি স্বীকার করেছেন যে, বিশ্বকাপের পর তিনি ঠিকমতো প্রস্তুতি নিতে পারেননি। অনুশীলনের ঘাটতির পাশাপাশি চুক্তি নবায়ন এবং দলবদলের চাপ তার পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে।
আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের আগে সোমবার (১৬ নভেম্বর) সিঙ্গাপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের ছন্দ হারানোর কারণ নিয়ে খোলামেলা আলোচনা করেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদের এই তারকা স্বীকার করেন, বিশ্বকাপের হতাশা কাটিয়ে উঠতে গিয়ে নতুন মৌসুমের প্রস্তুতির ক্ষেত্রে তিনি ঘাটতি অনুভব করেছেন।
২০২৬ বিশ্বকাপের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয়। বিশ্বকাপের মতো বড় আসর থেকে এত দ্রুত ছিটকে যাওয়ার ধাক্কা সহজে সামলে উঠতে পারেননি ভিনিসিয়ুস। ফলে ছুটির সময়টা অনুশীলনে ব্যয় না করে তিনি বিশ্রাম এবং পরিবারের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিয়ুস বলেন, “বিশ্বকাপের পর নিজেকে যতটা ভালোভাবে প্রস্তুত করতে পারতাম, ততটা করতে পারিনি। কারণ ব্রাজিলিয়ানদের কাছে বিশ্বকাপের গুরুত্ব অনেক বেশি। এত দ্রুত বিদায় নিতে হবে, সেটি আমরা ভাবিনি।”
প্রস্তুতির অভাব স্বীকার করে তিনি আরও বলেন, “ছুটিতে আনন্দ করেছি, বিশ্রাম নিয়েছি, নিজেকে একটু চাপমুক্ত রেখেছি এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটিয়েছি। ফলে আগের বছরগুলোর তুলনায় অনুশীলন কম করেছি। মৌসুমের শুরুতে সেটির প্রভাব পড়ে থাকতে পারে।”
তবে কেবল অনুশীলনের অভাবই নয়, রিয়াল মাদ্রিদে নিজের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ অনিশ্চয়তাও তাকে মানসিকভাবে প্রভাবিত করেছিল। গত গ্রীষ্মে বেশ কয়েকটি ক্লাব তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনালের আগ্রহ নিয়ে সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা চলে। একই সময়ে রিয়ালের সঙ্গে নতুন চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা চলছিল তার। শেষ পর্যন্ত গত ৬ আগস্ট ২০৩২ সালের জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেন ভিনিসিয়ুস। তবে চুক্তি সম্পন্ন হওয়ার আগের সেই অস্থিরতা তার মনোযোগে প্রভাব ফেলেছিল বলে জানিয়েছেন তিনি।
ভিনিসিয়ুস বলেন, “চুক্তি নবায়নের বিষয়টিও ছিল। গত গ্রীষ্মে অনেক ক্লাব আমাকে নিতে আগ্রহী ছিল। সবকিছু মিলিয়ে প্রচণ্ড চাপে পড়ে গিয়েছিলাম। রিয়াল মাদ্রিদের পরিস্থিতিও আমাকে মানসিকভাবে প্রভাবিত করেছে। তবে মৌসুম এখনো অনেক লম্বা।”
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ১২ ম্যাচে মাত্র একটি গোল করেছেন ভিনিসিয়ুস এবং তিনটি গোল করতে সাহায্য করেছেন সতীর্থদের। কোচ হোসে মরিনহোর অধীনে মাত্র তিনটি ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে খেলার সুযোগ পেয়েছেন তিনি। পরিস্থিতি আরও জটিল হয়েছে আইভরিকোস্টের তরুণ ফরোয়ার্ড ইয়ান দিয়োমান্দের উত্থানের কারণে। নতুন মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই ফুটবলার ভিনিসিয়ুসের পছন্দের বাঁ প্রান্তে জায়গা করে নিয়েছেন, ফলে রিয়ালের আক্রমণভাগে আগের মতো একচ্ছত্র আধিপত্য ধরে রাখতে পারছেন না ব্রাজিলিয়ান তারকা।
এত প্রতিকূলতার মাঝেও আত্মবিশ্বাস হারাননি ভিনিসিয়ুস। আগের মৌসুমের উদাহরণ দিয়ে তিনি মনে করিয়ে দেন যে, মৌসুমের শুরুতে গোলখরায় ভোগা তার জন্য নতুন কিছু নয়। তিনি বলেন, “গত মৌসুমেও ডিসেম্বর পর্যন্ত মাত্র পাঁচটি গোল করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ২০টির বেশি গোল নিয়ে মৌসুম শেষ করেছি। আগের মৌসুমগুলোতেও এমন হয়েছে। আমার মনে হয়, আমি নিজেকে প্রস্তুত করছি, উন্নতি করছি। কারণ মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমি সব সময় ভালো করতে পারি।”
দীর্ঘদিন ধরে একই উচ্চতায় পারফর্ম করার কঠিন চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর উদাহরণ টেনে বলেন, “এত বছর ধরে একই উচ্চতায় পারফর্ম করা খুব কঠিন। আমার মনে হয়, শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো আর মেসিই এত দীর্ঘ সময় ধরে একই ধরনের পরিসংখ্যান ধরে রাখতে পেরেছেন।”
নিজের ভুল স্বীকার করতেও দ্বিধা করেননি তিনি। বলেন, “আমি মানুষ, প্রায়ই ভুল করি। তবে সব সময় নিজেকে উন্নত করার চেষ্টা করি। ফুটবল এবং দৈনন্দিন জীবনকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করছি। আমার বয়স এখনো ২৬, জীবনটাও কিছুটা উপভোগ করতে চাই।”
ক্লাব ফুটবলের পাশাপাশি ব্রাজিল জাতীয় দলের হয়ে নিজের মানসিকতায় পরিবর্তনের কথা জানিয়েছেন ভিনিসিয়ুস। তিনি স্বীকার করেন, আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোকে তিনি যথেষ্ট গুরুত্ব দিতেন না এবং জাতীয় দলে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর আনন্দে অনেক সময় মনোযোগ হারিয়ে ফেলতেন। তবে এখন তিনি বুঝতে পেরেছেন যে, ব্রাজিলের সমর্থকদের কাছে প্রীতি ম্যাচও বিশ্বকাপের ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। তাই জাতীয় দলের জার্সিতে প্রতিটি ম্যাচেই সেরাটা দেওয়ার দায়িত্ব তার রয়েছে বলে মনে করেন তিনি।
ভিনিসিয়ুস বলেন, “আগে জাতীয় দলে আসতাম বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে। অনেক সময় মনোযোগ হারিয়ে ফেলতাম। মনে হতো, এটা তো শুধু প্রীতি ম্যাচ। কিন্তু এখন বুঝেছি, ব্রাজিলের হয়ে প্রীতি ম্যাচও বিশ্বকাপের ম্যাচের মতো। আমাকে মাঠে নেমে গোল করতে হবে, দলকে জেতাতে হবে।”
এই পরিবর্তনের প্রমাণ দিয়েছেন তিনি সর্বশেষ ম্যাচে। গত শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়ুস। যদিও ব্রাজিল ৩-২ গোলে হেরে যায়, তবে রিয়াল মাদ্রিদে গোলখরায় ভোগা এই ফরোয়ার্ডের জন্য জাতীয় দলের হয়ে জোড়া গোল ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় এক উপলক্ষ।
ব্রাজিল দলের অভিজ্ঞ ফুটবলার হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন ভিনিসিয়ুস। তার মতে, এন্দ্রিক ও এস্তেভাওয়ের মতো তরুণদের ওপর সব চাপ না দিয়ে অভিজ্ঞদেরই সামনে এগিয়ে আসতে হবে। বিশ্বকাপের ব্যর্থতার পর নতুন করে দল গড়ার প্রক্রিয়ায় থাকা ব্রাজিলকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির প্রতিও তার পূর্ণ আস্থা রয়েছে। রিয়াল মাদ্রিদে একসঙ্গে কাজ করার সময় ইতালিয়ান এই কোচ তার ক্যারিয়ারে বড় ভূমিকা রেখেছিলেন, তাই জাতীয় দলেও আনচেলত্তির অধীনে নিজের সেরা ছন্দ ফিরে পাওয়ার আশা করছেন তিনি। আপাতত ভিনিসিয়ুসের লক্ষ্য দুটি—ব্রাজিলের জার্সিতে পাওয়া আত্মবিশ্বাস ধরে রাখা এবং রিয়াল মাদ্রিদের হয়ে আবারও নিয়মিত গোল করা।