সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল। এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার তীব্র সমালোচনা করেছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের পদক্ষেপ ও ভূমিকার কঠোর সমালোচনা করে বক্তব্য পেশ করেন।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এটার দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নাই।’ তিনি উল্লেখ করেন যে, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। পার্বত্য এলাকায় সন্ত্রাস দমনের প্রচেষ্টায় সম্প্রতি একজন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন এবং সাজেক ভ্যালিকে কেন্দ্র করে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা প্রশ্ন তোলেন, ‘এগুলোর শেষ কোথায়?’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অকার্যকারিতার কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল এই মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে।’

বিরোধীদলীয় নেতা আরও জানান, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা চালানো হচ্ছে এবং আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। অন্যদিকে, বিভিন্ন স্থানে বিরোধী দলের কর্মীদের ওপর বিক্ষিপ্ত হামলা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

এর আগে এই বিষয়গুলো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ করেন তিনি। শফিকুর রহমান বলেন, ‘কিন্তু আমরা ক্রমান্বয়ে উদ্বেগজনক হারে তার অবনতি লক্ষ করছি, কোনো উন্নতি আমাদের কাছে ধরা পড়ছে না। এতগুলা ঘটনা ঘটার পর কাকে কোথায় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করল, তার কোনো হদিস আমাদের কাছে নেই। তিন-চারজন মানুষকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিয়েছে, জনগণ ধরে, কিন্তু বাহিনী তো কোথাও কিছু করেনি।’

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শাসনামলে জামায়াতে ইসলামী নিষিদ্ধ না থাকলেও তাদের কার্যালয় তালাবদ্ধ রাখা হয়েছিল এবং তারা ঘর থেকে বের হতে পারেনি। বর্তমানেও এই ধরনের পরিস্থিতি অব্যাহত রয়েছে বলে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কী করছে।

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা তাদের ভূমিকা পালনের পক্ষে বলে জানান শফিকুর রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে কোনো সংকট দেখা দিলে সব দলকে আমন্ত্রণ জানানো হতো, যা সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিত।

বর্তমানে তেমন উদ্যোগ দেখা যাচ্ছে না বলে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ঠিক আছে, একাই করেন। তবে করেন, আমরা সেটা চাই। আর যদি বিরোধী দলের ভূমিকার প্রয়োজন হয়, সেটা বলবেন তো! সেটাও বলা হচ্ছে না।’

তিনি আরও সতর্ক করে বলেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায় নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে, আমরাও বসে থাকব না।’

অন্যদিকে, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে বলেন, দেশে গত দুদিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতা চলছে। তার দাবি, পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালাচ্ছে। বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তিনি জানান, আজ মৌলভীবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর গুপ্ত হামলা চালানো হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশের এই যে পরিস্থিতি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় যে সরকার ব্যর্থ, এটা কিন্তু সাত মাস ধরে আমরা বলে আসছিলাম। বিশেষত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যর্থ, ওনাকে (স্বরাষ্টমন্ত্রী) আমরা সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, দেশের আইনশৃঙ্খলা নিশ্চিতে কিন্তু ততটা তৎপর আমরা দেখি না। ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি দেশে এসে প্রোগ্রাম করে আবার বিদেশে চলে যাচ্ছে।’

এর আগে প্রশ্নোত্তর পর্বে মাছের পোনা নিয়ে দীর্ঘ আলোচনার কথা স্মরণ করিয়ে দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা কই মাছের পোনা নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি এর আগে প্রশ্নোত্তর পর্বে’। সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘এই যে সামগ্রিক পরিস্থিতি, এখানে সরকারের পদক্ষেপ কী, সরকার কী ব্যবস্থা নিচ্ছে, সরকার এই যে আইনশৃঙ্খলায় যে ব্যর্থতা, গোয়েন্দা তৎপরতায় ব্যর্থতা, ভারতের সাথে কূটনৈতিক তৎপরতায় ব্যর্থতা—এ বিষয়ে সরকারের জবাবদিহি আশা করছি।’