স্থানীয় নির্বাচন নিয়ে বর্তমান পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মনে করছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তাঁর মতে, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে যে পরিবেশ তৈরি করা হচ্ছে, তাতে নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকা সম্ভব নয়। ভয়ভীতি এবং দলভীতির মধ্য দিয়ে পরিচালিত নির্বাচনে প্রকৃত প্রতিফলন আসার সম্ভাবনা নেই বলে তিনি সতর্ক করেন।

আজ শনিবার বেলা ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সামনে এসব কথা বলেন জামায়াতের আমির। সাংগঠনিক সফরের অংশ হিসেবে তিনি মৌলভীবাজারে অবস্থান করছেন।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘স্থানীয় নির্বাচনের আগে আমরা অবশ্যই রাস্তা পরিষ্কার করার চেষ্টা করব। লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) আমরা চাইব। যখন সেই লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা পাব, তখন নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা জনগণের অধিকার নিয়ে লড়তে চাই। আমরা চাই, জনগণ যাকে ভোট দিয়ে পছন্দ করবে, সে–ই ক্ষমতায় যাবে।’

বর্তমান সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন ও পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘দেশে একটার পর একটা অঘটন ঘটতে থাকবে আর আমরা চুপ করে বসে থাকব—ইতিহাস কি আমাদের ক্ষমা করবে? সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন? সরকারের অপকর্ম, অন্যায়–অপরাধের দায় আমরা নেব না।’

নীতি ও আদর্শের প্রশ্নে আপসহীনতার কথা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের কেউ অন্যায় করলেও আমরা ছাড় দিইনি। আমরা নীতির প্রশ্নে কাউকে বড় করে দেখব না, নীতিকে বড় করে দেখব। দুর্নীতিবাজ, চাঁদাবাজ কোনো দলের নয়। দল বিপদে পড়লে এরা আগে পালায়।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, যিনি সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন। তার প্রথম কাজ হচ্ছে নিজের মন্ত্রণালয় দেখাশোনা করা। না তিনি মাদক নিয়ন্ত্রণ করলেন, অস্ত্র নিয়ন্ত্রণ করলেন; না তিনি সমাজে শৃঙ্খলা ফেরাতে পারলেন। রাষ্ট্রের আইনশৃঙ্খলার দৃশ্যমান কোনো উন্নতি নেই।’

সম্প্রতি সমাপ্ত দুর্গাপূজা নিয়ে তাঁর পর্যবেক্ষণ তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, ‘দু–তিন দিন আগে দুর্গাপূজা শেষ হয়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এ দেশে ক্রিয়াশীল সব রাজনৈতিক দল এ ব্যাপারে সতর্ক ছিল। দেশ আমাদের সবার। এখানে মানুষ তার পছন্দমতো ধর্মীয় আচার-অনুষ্ঠান করবে। এতে অন্য কারও বাধা দেওয়া উচিত নয়।’