দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে অন্যান্য মন্ত্রণালয়ের কাজে হস্তক্ষেপ করছেন।

শনিবার (২৪ অক্টোবর) মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, যিনি সব মন্ত্রণালয়ে মাতব্বরি করেন। অথচ তার নিজের মন্ত্রণালয়ের খবর নেই। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খুবই খারাপ।”

রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই মন্ত্রণালয় সঠিকভাবে পরিচালিত হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকে। তবে বর্তমান পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক। তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় সামলাতে ব্যর্থ হয়ে শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ে অযাচিত হস্তক্ষেপ করছেন, যা কোনোভাবেই সুশাসনের বহিঃপ্রকাশ নয়।

দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “দেশে এখন আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। প্রতিদিন খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও দখলবাজি বাড়ছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশ প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার করা হচ্ছে। পুলিশ জনগণের বন্ধু হবে, কোনো দলের লাঠিয়াল হবে না। কিন্তু আমরা এর উল্টো চিত্র দেখছি।”

পাশাপাশি, অতীতে যারা লুটপাট ও চাঁদাবাজির সাথে যুক্ত ছিলেন, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অনেক সুযোগসন্ধানী ব্যক্তি এখন রং বদলে বিভিন্ন রাজনৈতিক দলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেন, তারা কখনোই দেশপ্রেমিক হতে পারেন না এবং তাদের বিচার জনগণের আদালতে হবেই।

দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, “দুর্নীতিবাজ ও চাঁদাবাজেরা কোনো দলের নন। তারা নিজেরা ডোবেন, দলকেও ডোবান। দল বিপদে পড়লে তারা সবার আগে পালিয়ে যান।” এই সুবিধাবাদী গোষ্ঠীর ব্যাপারে সব রাজনৈতিক দলকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, জামায়াতে ইসলামীতে এ ধরনের দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কোনো স্থান নেই এবং তৃণমূল পর্যায় থেকেই এই বার্তা পৌঁছে দিতে চান তিনি।

বিরোধী দল হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনা করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি জানান, দেশের স্বার্থে সরকার ভালো কাজ করলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। বিরোধী দল হিসেবে তাদের লক্ষ্য হলো দেশে একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।

উক্ত মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরের আমির মো. ফখরুল ইসলাম, সিলেট জেলার আমির মাওলানা হাবিবুর রহমানসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।